একুশের অনুষ্ঠানমালায় ঢাকা থিয়েটারের নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখানে এসে মনে হচ্ছে, সংস্কৃতি চর্চায় আমরা বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে আছি। এমন খোলা আকাশের নিচে এক মঞ্চে গান, নাচ, আবৃত্তি আর নাটকের সমাহার! ভাবতেও ভালো লাগে।’ শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান দেখার অনুভূতি এভাবেই জানাচ্ছিলেন জাকির হোসেন।রাজধানীর ওয়ারীর বাসিন্দা জাকির-জ্যোৎ স্না দম্পতি গতকাল প্রথমে গিয়েছিলেন বইমেলায়। সেখান থেকে যান শহীদ মিনার এলাকায়। তাঁদের মতো অনেকেই গতকাল শুক্রবার বইমেলার পাট চুকিয়ে শহীদ মিনারে যান একুশের নানা আয়োজন উপভোগ করতে।‘ভালো থাক বাংলাভাষা/ ভালো থাক আগামীর আশা’ স্লোগান নিয়ে আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালার গতকাল ছিল একাদশ দিন। উদ্বোধনী দিনের মতো গতকালও এ মঞ্চে ছিল বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল ছিল ঢাকা থিয়েটারের নতুন পথনাটক জিয়ন্তকাল-এর উদ্বোধনী প্রদর্শনী। ঢাকা থিয়েটারের নতুন এই নাটকের বিষয়বস্তু মুক্তিযুদ্ধ। এটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন ওয়াসিম আহমেদ ও সামিউন জাহান।নাটকে এখন পর্যন্ত রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রশ্নে এ প্রজন্মের একটি বড় অংশের নানা বিভাজন ও বিভ্রান্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। জাতির পূর্বসূরিদের আত্মত্যাগ ও যন্ত্রণার খণ্ডচিত্র রয়েছে এতে। নাটকের শেষে আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের ছায়াশরীরের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো হয়েছে। এটি ঢাকা থিয়েটারের ৩৪তম প্রযোজনা।এ ছাড়া গতকালের অনুষ্ঠানে দলীয় গান পরিবেশন করে সত্যেন সেন শিল্পী সংস্থা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম। দলীয় আবৃত্তি পরিবেশন করে চারুবাক ও রৌদ্রকরোটি। নৃত্য পরিবেশন করে নৃত্যম।