একুশের গ্রন্থমেলা মঞ্চের অনুষ্ঠান
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রতিদিনই একাডেমী চত্বরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মাসব্যাপী ধারাবাহিক এ আয়োজনে বাংলা একাডেমী এবার ‘রবীন্দ্রনাথ’কে মূল বিষয় করেছে। গতকাল শনিবার ছিল মেলার পঞ্চম দিন। বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে আয়োজিত ‘সভ্যতার সংকট ও সংঘর্ষ: রবীন্দ্রনাথ ও হান্টিংটন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সংগীতজ্ঞ অধ্যাপক করুণাময় গোস্বামী। আলোচনায় অংশ নেন গবেষক ও অনুবাদক ফজলুল আলম, অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা এবং প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ। সভাপতিত্ব করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।প্রবন্ধকার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছেন যে লোভবৃত্তিকে কায়েম করার জন্য নতুন নতুন আর্থসামাজিক তত্ত্বের অবতারণা করা হচ্ছে, যার সঙ্গে মানুষের মঙ্গলের কোনো সম্পর্ক নেই। যে দেশ বা পরিস্থিতিতেই জন্ম হোক, তিনি মানুষই; রবীন্দ্রনাথের ভাষায় তিনি বিশ্বমানব। বিশ্বমানবকে অবহেলা করে ক্ষুদ্র মানবকে নিয়ে যদি মাতামাতি করা হয়, তাহলে তা দিয়ে বিশ্বহিত হতে পারে না। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্যোপাধ্যায়, রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী সাদি মুহাম্মদ।