একুশের প্রথম কবিতার কবির জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯০তম জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানের বক্তারা
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯০তম জন্মদিন উদ্‌যাপন অনুষ্ঠানের বক্তারা

‘মাহবুব উল আলম চৌধুরীর কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। ভাষা আন্দোলনের প্রথম কবিতার পাশাপাশি “সীমান্ত” পত্রিকার স্মরণীয় কিছু সংখ্যার জন্যও তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন। নানান সাংগঠনিক যুক্ততার মাধ্যমে তিনি নিজেকে বিস্তৃত করেছেন গণমানুষের মাঝে। সংস্কৃতিকে তিনি সমাজ-পরিবর্তনের হাতিয়ার হিসেবে গণ্য করেছেন।’

ভাষা আন্দোলনের প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯০তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
বৃহস্পতিবার বিকেলে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আলোচনায় অংশগ্রহণ করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং নিশাত জাহান রানা। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
শিল্পী ফাহমিদা খাতুনের কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ রবীন্দ্রসংগীতের মূর্ছনায় শুরু হয় অনুষ্ঠান। ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এরপর মাহবুব উল আলম চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে নিশাত জাহান রানা নির্মিত ‘একুশের প্রথম কবিতার কবি’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।
স্বাগত ভাষণে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘চট্টগ্রামকেন্দ্রিক প্রগতিশীল শিল্পসাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তিনি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি জোরদারে ভূমিকা রেখেছেন। ভাষা আন্দোলনের প্রথম কবিতার এই কবির প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।’
আলোচকেরা বলেন, মাহবুব উল আলম চৌধুরীকে স্মরণের মধ্য দিয়ে বাংলা একাডেমি এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দায়িত্ব পালন করেছেন। মাহবুব উল আলম চৌধুরী শুধু ভাষা আন্দোলনের প্রথম কবিতার কবি নন, একই সঙ্গে আমাদের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বলতম মানুষও ছিলেন। চট্টগ্রাম থেকে ‘সীমান্ত’ পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা, ফ্যাসিবাদ, শোষণ, আগ্রাসন ও পশ্চাৎপদ বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন তারুণ্যের প্রথম প্রভাতেই। তারুণ্যের সঙ্গে তাঁর নিবিড় যুক্ততা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী সাঈদা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অধ্যাপক শফি আহমেদ, কবি কাজী রোজী, নূহ–উল–আলম লেনিন, অধ্যাপক এ বি এম হোসেন, অধ্যাপক এ এন রাশেদা, কবি কাজী মদিনা, দিল মনোয়ারা মনু, কবি নাসির আহমেদ এবং মাহবুব উল আলম চৌধুরীর পত্নী রওশন আরা রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শাহাদাত হোসেন।