একে গাইবেন অন্যের গান
আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও অর্ণব—প্রত্যেকেই জনপ্রিয় সংগীতশিল্পী। তিনজনেরই রয়েছে জনপ্রিয় সব গান। কিন্তু এ তিন শিল্পী যদি একে অন্যের গানগুলো নিজেদের কণ্ঠে ধারণ করেন, তাহলে শুনতে কেমন লাগবে? ব্যাপারটি বিরল হলেও তা দর্শক-শ্রোতাদের মনকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। এ বিরল ব্যাপারটিই ঘটতে যাচ্ছে ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। সেদিন আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও অর্ণব পালা করে গাইবেন একে অপরের গান। তাঁদের জনপ্রিয় তিন ব্যান্ড দল—এলআরবি, দলছুট ও ফ্রেন্ডস বিভিন্ন গান দিয়ে মাত করবেন উপস্থিত দর্শকদের।‘কিউবি জাংশান-হোয়্যার এভরিথিং জয়েন ইন’ শিরোনামের এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটির প্রস্তুতি হিসেবে গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। এতে অনুষ্ঠানটির আয়োজক কর্তৃপক্ষ ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশিকুর রহমান ও অনুষ্ঠানের তিন শিল্পী—আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও অর্ণব। কিউবি থেকে জানানো হয়, প্রাথমিকভাবে এ অনুষ্ঠান ক্ষুদ্র পরিসরে শুরু হলেও ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে আয়োজন করা হবে। কিউবি মনে করে, এ অনুষ্ঠানটির মধ্য দিয়ে সংগীতপ্রিয় মানুষ এ তিন শিল্পীর গান নিয়ে উন্মাদনায় মেতে উঠতে পারবে।অনুষ্ঠানটি সম্পর্কে আইয়ুব বাচ্চু বলেন, ‘এটা চমত্কার একটি উদ্যোগ। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অডিও শিল্পটি যেভাবে ধ্বংস হয়ে গেছে, তাতে করপোরেট হাউসগুলো এগিয়ে না এলে লাইভ শোর সংস্কৃতিটাও চিরতরে বন্ধ হয়ে যেত।’বাপ্পা মজুমদার বলেন, ‘এর আগে আমরা তিনজনই একই অনুষ্ঠানে একসঙ্গে গান গাইলেও এ প্রথমবারের মতো একে অন্যের গান কণ্ঠে ধারণ করব। আসলে বুঝতে পারছি না কী হবে। আমার মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে অনুষ্ঠানটি নিয়ে।’ তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে ২২ ডিসেম্বর এক মহড়ায় অংশ নেব আমরা।’অর্ণব বলেন, ‘বাপ্পা দার সঙ্গে এর আগেও কাজ করেছি। তবে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ এ প্রথম।’ তিনি বলেন, ‘সংগীত হচ্ছে ফুটবল খেলার মতো। একা একা এখানে কাজ করা সম্ভব নয়। এ দুই শিল্পীর সঙ্গে কাজ করে নিজেকে আরও উন্নত করতে পারব।’ তিনি কিউবিকে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।