একেই বলে অভিনেতা!
‘হান্স লান্ডা’র চেয়ে ভালো কোনো চরিত্র আমি এর আগে লিখেছি বলে মনে হয় না। আর ক্রিস্টফের মতো জুতসই কোনো অভিনেতা না পেলে আমি ইনগ্লোরিয়াস বাস্টার্ডস তৈরির কাজে হাতই দিতাম না — কুয়েনটিন ট্যারেন্টিনো, মার্কিন চিত্রপরিচালক অস্কার মৌসুমের একটি অতি স্বাভাবিক ঘটনা ‘আগাম সংকেত’। ‘কার হাতে যাচ্ছে অস্কার?’ ‘কে করবেন বাজিমাত?’ এ জাতীয় চটকদার শিরোনাম দিয়ে চূড়ান্ত দিনক্ষণের আগেই বড়সড় একটা শোরগোল ফেলে দেওয়ার চেষ্টা চলে। এবারের ৮২ নম্বর অস্কার আসরেও এর অন্যথা হয়নি। কিন্তু এই আগাম উত্তেজনা তৈরির চেষ্টা প্রায় ভণ্ডুল করে দিয়েছিলেন একজন। ক্রিস্টফ ওয়াল্টজ তাঁর নাম। সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অন্য প্রতিদ্বন্দ্বী তাঁর ছিল ঠিকই। তার পরও ক্রিস্টফকে অস্কার বঞ্চিত করাটা হবে মর্মান্তিক এক দুর্ঘটনা। এ কথা বুঝে নেওয়ার জন্য দুঁদে সমালোচক হওয়ার দরকার ছিল না। বাস্তবে গেল বছরে ক্রিস্টফের জয়যাত্রার বউনি হয়েছিল ফ্রান্সের কান থেকে। কান উত্সবে পেয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার। ইউরোপ বিজয় শেষে ক্রিস্টফ পা রাখেন আমেরিকায়। সেখানেও থামেনি বিজয়রথ। বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। সবখানেই উড়ল ক্রিস্টফের বিজয়ের পতাকা। বাদ গেল না অস্টিন, বোস্টন, ফ্লোরিডা কিংবা লাসভেগাসের সমালোচকদের দেওয়া পুরস্কারও। তারপর এল দ্বিতীয় অস্কার হিসেবে খ্যাত গোল্ডেন গ্লোব। আবারও যথারীতি ক্রিস্টফের জয়। তো অস্কারেও যে একই কাণ্ড ঘটবে সে আর বিচিত্র কী বলুন? ভদ্রলোকের জন্ম অস্ট্রিয়ার ভিয়েনায়। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। চার ছেলেমেয়ের পিতা ক্রিস্টফ এখন বসত করেন লন্ডন আর বার্লিন দু জায়গাতেই। বাপ-দাদা সবাই কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলেন মঞ্চের সঙ্গে। ক্রিস্টফও হেঁটেছিলেন পূর্বপুরুষদের দেখানো পথেই। নাম লিখিয়েছিলেন, নিউইয়র্কের একটি থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। অভিনয়ের শুরুটা মঞ্চ দিয়েই। তারপর টেলিভিশন। প্রথম ছবি ফায়ার অ্যান্ড সোর্ড। ২০০০ সালে টিভির জন্য নিজেই বানালেন ছবি। ২০০৯ সালে এল জীবনের মাহেন্দ্রক্ষণ। কর্নেল হান্স লান্ডা ওরফে জু হান্টার নামের সেই চরিত্রে অভিনয়ের মওকা। জার্মান, ফরাসি, ইংরেজি তিন ভাষাতেই সমান দক্ষতা তাঁর। আর অভিনয় প্রতিভা? স্বয়ং ট্যারেন্টিনোর মনে ধরার পর আর কিছু বলার অপেক্ষা রাখে না। ঘটনা বাস্তবেও ঘটল তা-ই। ট্যারেন্টিনোর কল্পনার সেই ভয়ংকর নিষ্ঠুর অথচ আশ্চর্য ঠান্ডা মেজাজ আর তীক্ষ্ন বুদ্ধিধর কর্নেল হান্স লান্ডা মন্ত্রমুগ্ধ করল দর্শকদের। বিশেষ কায়দায় গ্লাসভর্তি দুধের গ্লাসে চুমুক দেওয়া, জায়গামতো তিন ভাষায় কথার তুবড়ি ছোটানো থেকে শুরু করে রসিয়ে রসিয়ে শিকারের যন্ত্রণা উপভোগ—সবখানেই ক্রিস্টফ দুর্দান্ত দ্যুতিময়। তাঁর সেই দ্যুতির পাশে রীতিমতো ম্রিয়মাণ ব্র্যাড পিট আর বাকি সবাই। ভালো অভিনয় কাকে বলে দেখতে চান? ইনগ্লোরিয়াস বাস্টার্ডস দেখুন। ক্রিস্টফ ওয়াল্টজকে দেখুন। ইকবাল হোসাইন চৌধুরী