একেই বলে মেয়েপ্রীতি
আচার-আচরণে বেশ শান্ত স্বভাবের হিসেবেই পরিচিতি আছে এককালের ড্রিমগার্ল হেমামালিনীর। কিন্তু যখন রাগেন তখন যে কারও রক্ষা নেই, এটা জানেন শুধু পরিবারের সদস্যরা। হেমার সেই রাগের বহিঃপ্রকাশটা দেখলেন বলিউড পরিচালক ময়ূর পুরি। হেমামালিনীর প্রযোজনায় নির্মিত টেল মি ও খুদা নামের ছবিটি পরিচালনা করছিলেন তিনি। ছবিটিতে অভিনয় করছেন হেমামালিনীর মেয়ে এশা দেওল। প্রযোজকের কথা না মেনে ছবিতে এশার চরিত্রের গুরুত্ব কমানো হচ্ছিল। আর তা বুঝতে পেরে ময়ূর পুরির ওপর খেপে যান হেমামালিনী। ময়ূরও শেষে টের পেলেন শান্ত হেমা কতটা খেপেছেন। এশার প্রতি বৈরী আচরণের জন্য ময়ূর পুরিকে ছবি থেকে বাদ দিয়েছেন হেমা।জানা গেছে , হেমা নিজের কাঁধেই পরিচালনার দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছেন, ৩০ দিনের মধ্যে ছবির বাকি দৃশ্যগুলো ধারণের কাজ শেষ হবে। লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থান, গোয়া, মুম্বাই ও তুরস্ক। উল্লেখ্য, বলিউডে অভিনেতা, চিত্রনাট্যকার, গল্পকার, গীতিকার ও সহযোগী পরিচালক হিসেবে ভালোই পরিচিতি রয়েছে ময়ূর পুরির । সহকারী পরিচালক হিসেবে তিনি ২০০৪ সালে নির্মিত ব্লকবাস্টার সিনেমা ধুমে কাজ করেন। এ প্রথম পরিচালক হিসেবে কাজ করছিলেন টেল মি ও খুদা ছবিতে। আর প্রথম সিনেমাতে কাজ করতে গিয়ে ঘটল বিপত্তি।