একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হচ্ছে
সিরাজগঞ্জ জেলার চালা ও বেলকুচি থানায় মোট সাতটি প্রেক্ষাগৃহ ছিল। ঢাকার আগে এখানে ছবি মুক্তি পেত।একেকটি সিনেমা হল থেকে প্রযোজকেরা একটি প্রিন্টের জন্য পেতেন চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত।এখন সেখানে মাত্র তিনটি প্রেক্ষাগৃহ চালু রয়েছে।বগুড়া জেলার সদর থানায় পাঁচটি প্রেক্ষাগৃহ ছিল। প্রযোজকেরা ছবি মুক্তি দিয়েই ফলাফল জানার জন্য বগুড়ার দিকে তাকিয়ে থাকতেন।এখানকার ফলাফল দেখেই পরের সপ্তাহে ছবির দাম বাড়কে কি না তাও নির্ধারণ হতো। এখন বগুড়াতে মাত্র দুটি প্রেক্ষাগৃহ চালু রয়েছে।শুধু সিরাজগঞ্জ বা বগুড়ায় এমন দৃশ্য নয়। প্রত্যেক জেলা শহরেই একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে।দেশের দক্ষিণ অংশের জেলার অনেক স্থানে প্রেক্ষাগৃহ নেই বললেই চলে। যশোরের মণিহার প্রেক্ষাগৃহটির জীবনপ্রদীপ যেকোনো সময় নিবে যেতে পারে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিনের দেওয়া তথ্যমতে, দেশে এখন প্রেক্ষাগৃহের সংখ্যা রয়েছ ৬২০টি। গত বছরও এই সংখ্যা ছিল ৭২৫টি। এতগুলো প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার কারণ কী?এমন প্রশ্নের উত্তরে মিয়া আলাউদ্দিন বলেন, ‘মূলত সিনেমার স্বল্পতা এর জন্য দায়ী। আমরা সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই প্রদর্শক সমিতি থেকে অনেক উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এই হলগুলো বাঁচানো যাচ্ছে না। কারণ, সিনেমা হলের প্রাণ হচ্ছে ছবি আর দর্শক। বছরের অর্ধেক সময় পার হয়ে যাচ্ছে অথচ এখন পর্যন্ত মাত্র ১২টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে আছে অপেক্ষা, গেরিলা, আমার বন্ধু রাশেদ-এর মতো ছবি। ১২টি ছবির মধ্যে ব্যবসায়িকভাবে কয়টি ছবি সফল হয়েছে, তা নিয়ে নাহয় না-ই বললাম। এভাবে কি সিনেমা হল বাঁচানো যাবে?’জানা গেছে, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর এই জেলাগুলোয় এখনো একাধিক প্রেক্ষাগৃহ রয়েছে। কিন্তু প্রদর্শক সমিতিতে অনেক প্রেক্ষাগৃহের মালিক জানিয়েছেন, সিনেমার মন্দা বাজার এবং ছবির স্বল্পতা না কাটিয়ে উঠলে প্রেক্ষাগৃহ ধরে রাখা তাঁদের পক্ষে সম্ভব হবে না। একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন চলচ্চিত্র প্রযোজক ও শিল্পীরাও। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘সিনেমা হল বন্ধ করে দিয়ে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। কিন্তু আমরা আশা করব যে সেই বহুতল ভবনে একটি প্রেক্ষাগৃহ তৈরি করবেন সিনেমা হল মালিকেরা। কারণ, সিনেমা হলই যদি বন্ধ হয়ে যায়, তবে সিনেমা প্রদর্শন করার জায়গা তো আর থাকবে না।’তবে প্রেক্ষাগৃহের মালিকেরা বলছেন, ‘দেশীয় চলচ্চিত্র দিয়ে এই মুহূর্তে সিনেমা হল বাঁচিয়ে রাখা সম্ভব নয়। কারণ, ঘরে বসে স্যাটেলাইট চ্যানেলে ভারতীয় ছবিগুলো দেখছে আমাদের দর্শকেরা। কিন্তু আমরা প্রেক্ষাগৃহে তা প্রদর্শন করতে পারছি না। এ কারণে প্রেক্ষাগৃহে দর্শকও কমে গেছে।’জানা গেছে, ভারতীয় তিনটি বাংলা ছবিকে দেশে আমদানির অনুমতি দিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্দেশ দিয়েছেন। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বললেন, ‘এই তিনটি ছবির সেন্সর পাওয়ার পর আমরা প্রেক্ষাগৃহগুলোয় ছবি প্রদর্শন করব। এরপর আরও নয়টি ছবি বিমানবন্দরে চলে এসেছে। এগুলোর ব্যাপারে আদালতের নির্দেশনা রয়েছে। আশা করছি, এভাবেই ছবির স্বল্পতা কাটিয়ে উঠতে পারব আমরা। তা না হলে সিনেমা হল থাকবে না এ দেশে।’