একটি নাটক অভিনেতা-অভিনেত্রীদের একটি করে চরিত্র। এটাই স্বাভাবিক। ঢাকার মঞ্চে বেশির ভাগ নাটকই তাই। তবে কোনো কোনো নাটকে প্রয়োজনে একই শিল্পী দুটি চরিত্র করেন বা কখনো তারও বেশি। থিয়েটারওয়ালা রিপারটরি দলের শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকে ঋতু সাত্তার তিন-তিনটি চরিত্রে অভিনয় করছেন। কখনো একজন করপোরেট কর্মকর্তা, যিনি সারা দুনিয়ার ব্যবসা-বাণিজ্য দেখভাল করছেন। কখনো মধ্যবিত্ত পরিবারের একজন স্ত্রী, যিনি সংসারধর্ম নিয়েই ব্যস্ত। আবার কখনো একজন উদ্যোক্তা, যিনি একজন নাগরিক জীবনের আধুনিক নারী। শুধুই চেনেন টাকা। চিন্তা, কীভাবে টাকা আসবে। এমন তিনটি চরিত্রই করছেন তিনি। তবে চরিত্রগুলো ধারাবাহিকভাবে একটি থেকে আরেকটিতে ঢুকে যায়। এক ঋতু সাত্তার একটির পর একটি মিলে তিন চরিত্র করছেন, সমস্যা হয় না? ‘এটি এক ঘণ্টার নাটক। এক চরিত্র থেকে আরেকটি চরিত্রে যেতে মাঝখানে সময় খুবই কম। তবে খুব একটা সমস্যা হয় না। যখন যে চরিত্রে ঢুকে যাচ্ছি, কস্টিউমও তেমন হয়ে যাচ্ছে। মোট কথা, পুরো আউটলুকটা চরিত্রের সঙ্গে খাপ খেয়ে করা হচ্ছে। ফলে নিজের ভেতরটাও চরিত্রের সঙ্গে মিশে যাচ্ছে। তাই নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে পারছি।’ বললেন তিনি। শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকটি শাহযাদ ফিরদাউসের উপন্যাস শাইলক ও তার বাণিজ্য বিস্তার অবলম্বনে লিখেছেন হাসান শাহরিয়ার। এর নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকটি ঢাকার মঞ্চে নিয়মিতই মঞ্চায়িত হচ্ছে।