এক্স-ফ্যাক্টর ইন্ডিয়া
সত্তরের কোঠায় বয়স। ঘোলাটে হয়ে এসেছে চোখের দৃষ্টি। বিদায় নিয়েছে কয়েক জোড়া দাঁত। কমতির দিকে মাথার চুল। কিন্তু এই বয়সেও কারতার সিং যাদব নতুন করে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখছেন জীবনের অতৃপ্ত স্বপ্ন পূরণের। ছেলেবেলায় চেয়েছিলেন, বড় হয়ে সংগীতশিল্পী হবেন। কিন্তু পরিবার উৎসাহ দেয়নি। চাকরি থেকে অবসর নিয়ে এই শেষবেলায় জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখলেন, প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। আর তাই এই ৬৩ বছর বয়সে তিনি নামলেন জীবনের নতুন যুদ্ধে। কয়েক লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে এগিয়ে চলেছেন আগ্রার এই ‘তরুণ’। ‘এক্স-ফ্যাক্টর ইন্ডিয়া’র সেরা ১২-তে সুযোগ পেয়েছিলেন জাজগুরু শ্রেয়া ঘোষালের এক প্রতিযোগী শেষ পর্যন্ত সরে দাঁড়ানোয়। কিন্তু এই সুযোগ পাওয়া যে কোনো আনুকূল্য নয়, নয় শ্রেয়ার আবেগময় কোনো সিদ্ধান্ত, সেটি প্রমাণ করে দিয়ে আর সবার মতো মঞ্চ মাতিয়ে উঠে এসেছেন সেরা আটে। আরেক জাজগুরু সঞ্জয় লীলা বানসালি আসন থেকে উঠে গিয়ে বিনম্র কণ্ঠে বলেছেন, ‘কারতারজি, আপনার গানের গলা তাজমহলের মতোই সুন্দর।’শুধু ভারতের সেরা কিছু প্রতিভা নয়, এক্স-ফ্যাক্টর তার প্রথম সিজনেই এমন কিছু জীবনের গল্পও তুলে এনেছে। আর এ কারণেই জনপ্রিয়তার দিক দিয়ে এই রিয়েলিটি শো ছাপিয়ে গেছে বাকি সব প্রতিষ্ঠিত অনুষ্ঠানকে। টিআরপির গ্রাফ শুধুই ঊর্ধ্বমুখী। অথচ এক্স-ফ্যাক্টরের জন্য প্রতিষ্ঠা পাওয়াটা ছিল সত্যিই বিরাট এক চ্যালেঞ্জ। কারণ, ভারতের শত শত টিভি চ্যানেলে সংগীতপ্রতিভা অন্বেষণের অনুষ্ঠানও হচ্ছে এন্তার। বিচারক হিসেবে কাজ করছেন বলিউডের নামকরা তারকারা। এর মধ্যে আলাদা স্বাদ দেওয়া ছিল জরুরি। এর আগে ‘ইন্ডিয়ান আইডল’ দেখেছে ভারতীয় দর্শক। সেই একই চ্যানেল সনিতেই প্রচারিত হচ্ছে ‘এক্স-ফ্যাক্টর ইন্ডিয়া’। যুক্তরাজ্যের বিখ্যাত এক্স-ফ্যাক্টরের হুবহু ভারতীয় অনুকরণ বটে, কিন্তু এই অনুষ্ঠান অনেক বেশি মানবিক। তিন বিচারকের কারও মধ্যে প্রতিযোগীদের প্রতি আচরণে বিচারকসুলভ অহম একদম নেই। বরং মিশে আছে বন্ধুতা, দরদ। গত মে মাস থেকে টিভিতে সম্প্রচার শুরু হলেও অডিশনের নিবন্ধন শুরু হয়েছিল জানুয়ারি থেকে। আহমেদাবাদ, কলকাতা, দিল্লি, লক্ষৌ, ইন্দোর এবং সবশেষে মুম্বাই শহরে হয়েছে অডিশন। ছয়টি বড় শহর থেকে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে তিনটি গ্রুপে ১২৪ জন নির্বাচিত হন। এরপর তাঁদের মধ্য থেকে তিন ধাপে নির্বাচন করা হয় আটজন প্রতিযোগী এবং চারটি গ্রুপ। ১৬ থেকে ২৪ বছর বয়সীদের গুরু হিসেবে দায়িত্ব নেন সনু নিগম। ২৫-ঊর্ধ্ব বয়সীদের গুরু হিসেবে দায়িত্ব নেন শ্রেয়া। আর চারটি গ্রুপের দায়িত্ব নেন বানসালি।এরই মধ্যে তিন জাজগুরুর মধ্যে সনু হারিয়েছেন দুজনকে, শ্রেয়া আর বানসালি হারিয়েছেন একজন করে। এখন লড়াইয়ের মঞ্চে আছেন সনুর দল থেকে সাহিতি, সীমা ঝা; শ্রেয়ার দল থেকে কারতার সিং, অমিত যাদব, গীত সাগর; বানসালির দল থেকে নির্মিতি, সাজদা সিস্টার্স আর দিওয়ানা গ্রুপ।স্বাভাবিকভাবেই এক্স-ফ্যাক্টরের সম্ভাব্য চ্যাম্পিয়নদের সামনে আছে লোভনীয় সব হাতছানি। জিতলে ৫০ লাখ রুপি অর্থ পুরস্কার, টাটা মানজা কার, সনির সঙ্গে এক কোটি রুপি সমমূল্যের চুক্তি, যে চুক্তির মধ্যে আছে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া একটি অ্যালবাম। এখানেই শেষ নয়, বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরের ছবি দিয়ে বলিউডে অভিষেক হবে ‘এক্স-ফ্যাক্টর’ চ্যাম্পিয়নের। আনন্দ প্রতিবেদকসূত্র: ওয়েবসাইট