এক্স-মেন: অ্যাপোক্যালিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক্স-মেন সিরিজের নতুন ছবি অ্যাপোক্যালিপস-এর একটি দৃশ্য
এক্স-মেন সিরিজের নতুন ছবি অ্যাপোক্যালিপস-এর একটি দৃশ্য

এক্স-মেনের মহাজগতে অ্যাপোক্যালিপস ছিলেন প্রথম ও সবচেয়ে শক্তিধর আবির্ভাব। সভ্যতার শুরু থেকে তাঁকে দেবতা হিসেবে পূজা করা হতো। অন্যদের সমন্বিত শক্তি তাঁর মধ্যে সঞ্চিত ছিল। ফলে তিনি হয়ে ওঠেন অমর, অপরাজেয়। কয়েক হাজার বছরের নিদ্রা থেকে জেগে ওঠার পর জগতের পরিস্থিতি দেখে বিভ্রম কাটল তাঁর। গড়ে তুললেন মিউট্যান্ট নামে পরিচিত শক্তিধরদের নিয়ে এক বাহিনী। এই দলে ছিলেন হৃদয়হীন ম্যাগনেটো (মাইকেল ফ্যাসবেন্ডার), যাঁর কাজ মানবজাতিকে ধ্বংস করে পৃথিবীতে নিজের অধীন একজন নতুন নেতা তৈরি করা। বিনাশের শঙ্কায় মানবজাতির ভাগ্য যখন দোদুল্যমান, তখন র্যা ভেন (জেনিফার লরেন্স) তরুণ এক্স-মেন বাহিনীর নেতৃত্বে এলেন। প্রফেসর এক্সের (জেমস ম্যাকঅ্যাভয়) সহায়তায় তাঁরা নিজেদের জন্য সবচেয়ে বড় বিপদটি রুথে দেবেন। আর মানবজাতিকে বাঁচাবেন সম্পূর্ণ বিনাশের হাত থেকে।
এই কাহিনি এক্স-মেন সিরিজের নতুন ছবি অ্যাপোক্যালিপস-এর। মিউট্যান্টদের মানবসমাজ থেকে বিতাড়ন নয়, তাদের সঙ্গে সহাবস্থান চান প্রফেসর এক্স। কিন্তু তাঁর ইচ্ছেকে ছাপিয়ে যায় ম্যাগনেটোর প্রতিশোধ স্পৃহা। তাই তৈরি হয় যুদ্ধ-বিগ্রহের পরিস্থিতি। বিশ্বের নেতৃত্বে পালাবদলের সম্ভাবনা দেখা দেয়। এ লড়াইয়ের শেষ দৃশ্য নেই, নেই কোনো বিপুল বিস্ফোরণও, আছে শুধু দুই দলের পরাক্রম। আর তাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছানোর লড়াই।
ব্রায়ান সিঙ্গারের পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন সোফি টার্নার, অলিভিয়া মান, রোজ বার্ন এভান পিটার্স প্রমুখ। গত শতকের আশির দশকের জনপ্রিয় এক্স-মেন কমিকসের জনপ্রিয় চরিত্র অ্যাপোক্যালিপস। সিরিজের এবারের ছবিটির চিত্রনাট্যকার সাইমন কিনবার্গ বলেন, প্রথম সারির তারকা অভিনয়শিল্পীদের পাশাপাশি কাহিনির মূল সূত্র অটুট রাখার কারণেও ছবিটি দর্শক টানতে পারবে।
ছবির খলনায়ক অ্যাপোক্যালিপসকে মানুষজন আগে থেকেই চেনে। ডেজ অব ফিউচার পাস্ট (২০১৪) ছবিতেও তিনি ছিলেন। অ্যাপোক্যালিপস হচ্ছে এক্স-মেন সিরিজের নবম ছবি। এর বড় তারকা হাঙ্গার গেমস ছবির অভিনেত্রী জেনিফার লরেন্স। এক্স-মেন সিরিজে এটাই সম্ভবত তাঁর শেষ উপস্থিতি।
সুপারহিরোদের নিয়ে ছবি তৈরি ছবির প্রচলন বেশ পুরোনো। হলিউডে এখন এ রকম ছবির দুটি ধারা: প্রথমটি অন্ধকার জগত বিষয়ে পৃথিবীর অন্তিম লড়াই নিয়ে ছবি। দ্বিতীয়টি যুদ্ধহীন ইতিবাচক বিষয়ের। বলতে গেলে প্রায় প্রতি মাসেই একটা না একটা সুপারহিরোনির্ভর চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এক্স-মেন: অ্যাপোক্যালিপস হচ্ছে প্রথম ধারাভুক্ত, মানে তমসাচ্ছন্ন লড়াইয়ের গল্প। হরর ছবির দর্শকেরাও এটি পছন্দ করতে পারেন। গল্পটা পুরোনো হলেও ত্রিমাত্রিক বা থ্রিডি প্রযুক্তির এই ছায়াছবিতে ভিজ্যুয়াল ইফেক্টসের উপস্থাপন বৈচিত্র্যময়। ম্যাকঅ্যাভয় ও ফ্যাসবেন্ডারের অভিনয়ও দুর্দান্ত। তাঁদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছেন তরুণ প্রজন্মের লরেন্স, টার্নাররা। কাল ২৭ মে ঢাকার মাল্টিপ্লেক্সসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পাচ্ছে ছবিটি।
প্রফেসর এক্সের চরিত্রে অভিনয় করেছেন ম্যাকঅ্যাভয়। তিনি বলেন, একসময় হয়তো লোকে সুপারহিরোদের নিয়ে তৈরি ছবি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু এখনো তো তাঁরা এমন ছবি পছন্দ করেন। আর কল্পিত এক্স-মেনের মহাজগতে চরিত্র এত বেশি যে সেগুলো অন্বেষণ করে আরও বহু দূর পর্যন্ত যাওয়া যেত।
আশিস আচার্য
মুভি ইনসাইডার, ইনডিপেনডেন্ট ও রয়টার্স অবলম্বনে