চ্যানেল আইতে আজ রাত সাড়ে ১১টায় দেখানো হবে ধারাবাহিক নাটক চন্দ্রমগ্ন। বিপাশা হায়াতের লেখা নাটকটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এ নাটকে তিনি অভিনয়ও করছেন। কথা হলো তাঁর সঙ্গে।‘চন্দ্রমগ্ন’ ধারাবাহিকটির কাজ করতে কতটা সময় লেগেছে?দ্রুততম সময়ের মধ্যে পুরো কাজটা করতে হয়েছে। এর পেছনে কিছু কারণও আছে। এখন সবকিছুর খরচ অসম্ভব বেড়ে গেছে, কিন্তু নাটকের মূল্যমান কমেছে। আর টিভি চ্যানেলগুলো সব নাটকের ক্ষেত্রেই যে ধরনের চুক্তি করে, তা একপেশে। নাটক তৈরির সময় তাই অনেক দিক বিবেচনা করতে হয়। বিপাশা যত যত্ন নিয়ে নাটকটা লিখেছে, নানা দিকে আপস করতে গিয়ে সেভাবে কাজটা তৈরি করা সম্ভব হয়নি। তার পরও দর্শকদের একটা ভালো মানের নাটক উপহার দেওয়ার চেষ্টা করেছি।এটা আপনার কততম ধারাবাহিক?এ পর্যন্ত টিভিতে দেখানো হয়েছে আমার পরিচালনায় তোমার বসন্ত দিনে, অরণ্যের সুখদুঃখ, শঙ্খবাস, জ্যোৎস্নাকাল ও জলপরি। সে হিসাবে চন্দ্রমগ্ন আমার ষষ্ঠ ধারাবাহিক। এই নাটকে যেমন প্রেম আছে, তেমনি আছে বিরহ। আর এর দৃশ্যায়নে একটা কবিতা খুঁজে পাওয়া যাবে। বলতে পারেন, চাওয়া-পাওয়ার এক কাব্যিক উপস্থাপনা রয়েছে এখানে।নাটকের নাম ‘চন্দ্রমগ্ন’ কেন?নাটকের সবকিছুর মধ্যেই একটা রহস্য আছে। যেমন, নাটকের নায়িকা মালতীকে সহজেই চেনা যায় না; কোথাও যেন সে নিজেকে লুকিয়ে রেখেছে। চিরন্তন নারী চরিত্রগুলো যেমন রহস্যে ঘেরা থাকে, ঠিক তেমনই। তাকে ঘিরে থাকা রহস্যই নাটকের গল্পে আকর্ষণীয় মোড় এনে দেয়। কাহিনির বাঁকে বাঁকে আসে নায়ক মিলন। গল্পটি এগিয়ে যায় পরিণতির দিকে।নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকে দর্শক আমাকে ভালো ও গোবেচারা মানুষ হিসেবেই বেশি দেখে। কিন্তু এই নাটকে আমি একেবারেই উল্টো চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের মধ্যে রয়েছে হাস্যরস ও খলরূপ। বলতে পারেন, একেবারে অন্য রূপে।চলচ্চিত্রে অভিনয়ের কী খবর?কাজী মোর্শেদের সরকারি অনুদানের একই বৃন্তে ছবিতে অভিনয় করব। এখানে এক ক্ষয়িষ্ণু জমিদারবাড়িতে আশ্রিত আমি। আজ (শনিবার) থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে ছবিটির শুটিং শুরু হচ্ছে। এরপর কাজ হবে ধনবাড়ির জমিদারবাড়িতে।