এখন অনেক প্রতিযোগী গানটি গাইছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিলা জাফর
শাকিলা জাফর

বাংলাদেশ বেতারের পর বিটিভিতে অন্তর্ভুক্ত হন শাকিলা জাফর। সবাইকে যখন অডিশন দিয়ে এ ধাপ পার হতে হয়, তখন শাকিলাকে ওই পথ মাড়াতেই হয়নি। একেবারে সরাসরি শিল্পীর তালিকায় নাম চলে আসে। এরপর প্রথম গেয়েছেন শাস্ত্রীয় সংগীত। সঙ্গে আরও একটি গান। কিন্তু দানে দানে তিন দানেই যেন মিলে গেল।
মাহফুজুর হাসান মাহফুজের কথায় গাইলেন ‘ওগো মেঘ তুমি ঝড় এনে দাও’। প্রচারিত হলো বিটিভিতে। ব্যস, এরপর যেন প্রশংসার লহরি ছুটল। গানের গায়কি তো বটেই, ক্যামেরায় উপস্থিতিসহ সবকিছুর প্রশংসা মিলে ঢের। সঙ্গে বাড়তি প্রশংসা জুটল শাড়ির!
এর কারণটাই আগে জানতে চাওয়া হলো। ‘এই গানটা আমার সংগীতজীবনের জন্য টার্নিং পয়েন্ট। এটা ছিল, পরিপূর্ণ প্যাকেজ। গানের ভিডিও রেকর্ডিং শেষে সবাই খুব প্রশংসা করছিলেন। তবে আমার বিশ্বাস হয়নি। মনে হয়েছে, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাই এমন প্রশংসা করছেন। তবে মজার ব্যাপার হলো, সেদিন তাঁরা আমার শাড়ি নিয়েও প্রশংসা করেছিলেন। সাদা মিশেলে শাড়িটি পরেছিলাম। আর আমি এমনিতেই অফ হোয়াইট রঙের কাপড় পরতে পছন্দ করি। সেদিন সে রকমই ছিল। বিশেষ কিছু নয়। ১৯৮৩ সালে বিটিভির সংগীতানুষ্ঠানে এটি প্রথম প্রচার হয়েছিল।’
ওহ্, আরও একটি বিষয়ে প্রশংসা হয়েছিল; গানটির অসাধারণ সুরের। এর সুর তৈরি করেন সংগীত পরিচালক শেখ সাদী খান।
শাকিলা বললেন, ‘শেখ সাদী খান এমন একজন সংগীত পরিচালক, যিনি সারগাম নিয়ে খেলতে পারেন। তিনি সুরকে যেমন বোঝেন, তেমনি শিল্পীকেও। তাঁর সঙ্গে গান করা তো অন্য রকম এক অভিজ্ঞতা। আর গানটি শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর তিনি। গান শেষে তিনিও বলেছিলেন, এটি ভালো হয়েছে। তবে বিষয়টি ধীরে ধীরে পরে বুঝতে পারি।’
স্মৃতি হাতড়ে গান রেকর্ডিংয়ের পূর্ব মুহূর্তের কথাও বললেন, ‘গানটি রেকর্ডিংয়ের আগে টানা তিন দিন অনুশীলন করেছি। তখন তো একবারেই রেকর্ড করতে হতো, তাই সবাই খুব সতর্ক থাকতেন। আগের দিনগুলোর অনুশীলন রেকর্ডিংয়ের সময় কাজে এসেছিল।’
মজার বিষয় হলো, বাংলাদেশের গানের বেশির ভাগ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এই গানটি গাওয়া হয়। অনেক প্রতিযোগীই গানটি গাইতে পছন্দ করেন। আর মঞ্চে শাকিলা গাইতে উঠলে ভক্তরা এখনো গানটির জন্য আবদার করেন। আর শাকিলা হাসিমুখে সেই আবদার পূরণ করেন।