এখন আমাদের সম্পর্ক নেই : সাবিলা নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিলা নূর, ছবি: আনন্দ
সাবিলা নূর, ছবি: আনন্দ

আমার সামনে যে বসে আছে, তার বসার ভঙ্গি হঠাৎই আমার কাছে কার্টুন মনে হলো।
বললাম, তুমি তো কার্টুনের মতো। আর আগেই বেশি কিউট ছিলে।
নিশ্চিত ছেলেটি চমকে উঠবে। হয়তো হয়েছেও তা-ই। কিন্তু আগে কখনো তাকে দেখিনি। হুট করে এভাবে তাকে বলা। তবে আমাদের শুরুটা এভাবেই। সেদিন আর কোনো কথা হয়নি। কারণ, সে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না।
প্রায় আড়াই বছর আগের ঘটনা। তার নাম উল্লেখ না করাই ভালো। এরপর নিয়মিত যোগাযোগ। বলা যায়, এরপর থেকেই আমার জীবন প্রায় বদলে যায়। তার সঙ্গে সারা দিন কথা হয়। জীবনের নানা কিছু তার সঙ্গেই ভাগাভাগি। সে এমন কিছু কাজ করত, যা খুব উপভোগ করতাম। যদিও বেশির ভাগই ছিল বিরক্তিকর, কিন্তু আমার ভালো লাগত। আমার জীবনে অনেক কিছুই তার কাছ থেকে পেয়েছি। হয়তো সেও।
কিন্তু হঠাৎ ছন্দপতন। এখন আর আমাদের সম্পর্ক নেই। সে আমার আশপাশেই আছে। কিন্তু কোনো আলাপ হয় না। সে-ই আমার প্রথম প্রেম। বলতে পারেন, সে-ই আমার শেষ!
অনুলিখন: আলম বিশ্বাস