এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘অগ্নিরথ’। নাটকটি যৌথভাবে লিখেছেন রাজিবুল ইসলাম ও নাজনীন চুমকি। পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম। নাটকটিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?বাসায়ই আছি। একটু পর বারডেম হাসপাতালে যাব। কোন সমস্যা হচ্ছে?আমার ঘাড়ে একটা টিউমার হয়েছিল। গত ২৯ মে বারডেম হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওটা বাদ দেওয়া হয়েছে। চিকিৎসক আমাকে পাঁচ দিন একেবারেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি। ওই রিপোর্টগুলো নিয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করতে যাব।নাটকের কাজ কবে থেকে শুরু করবেন?এখন খুব ভালো আছি। আশা করছি, আগামী সপ্তাহের মাঝামাঝি আবার নাটকের কাজ শুরু করতে পারব।‘অগ্নিরথ’ নাটকে আপনি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করছেন। এই ব্যাপারটা আপনার কাছে কেমন মনে হয়েছে?এটা তো নাটকের গল্প। এমন ঘটনা কিন্তু অনেক পরিবারেই ঘটছে। কয়টা খবর আর জানাজানি হয়। কিন্তু এটা যে কতটা খারাপ কাজ, কতটা ঘৃণ্য, তা নাট্যকার এবং পরিচালক এই ঘটনার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। এ ব্যাপারে দর্শকদের বোধটাকে জাগানোর চেষ্টা করছেন। আমিও চাই, নারী নির্যাতন প্রতিরোধের ব্যাপারে দর্শকদের মধ্যে সচেতনতা তৈরি হোক।দেশ টিভির ‘খোঁয়াড়’ নাটকে আপনি একেবারেই অস্বাভাবিক একজন ব্যক্তি। এ নাটকটি নিয়ে কিছু বলুন।আমরা যখন এই নাটকে কাজ করেছি, তখন ছিল প্রচণ্ড গরম। পুরো কাজটা এতটাই উপভোগ করেছি যে, গরমের কথা ভুলেই গিয়েছিলাম। আগে গ্রামে কারও গরু-ছাগল অন্যের কোনো ক্ষতি করলে শাস্তি হিসেবে সেই গরু কিংবা ছাগলকে খোঁয়াড়ে এনে আটকে রাখা হতো। নাটকে আমার বাবা একটি খোঁয়াড়ের মালিক। ইউনিয়ন পরিষদ থেকে নিলামের মাধ্যমে এই খোঁয়াড়ের মালিক হতে হয়। আমার অসুস্থতার জন্য সবাই বাবার খোঁয়াড়কেই দায়ী করে। এটা নাকি অভিশাপ।