উত্তরাঞ্চলে মেলা মানেই সেখানে যাত্রাপালা থাকতে হবে। এমন একটি ধারা বয়ে আসছে অনেক বছর আগে থেকে। ইদানীং ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় যাত্রাপালার রেওয়াজ চালু হয়েছে। যাত্রার সঙ্গে নিবিড় সম্পর্ক রথযাত্রার। রথযাত্রার দিন থেকে যাত্রাপালার আনুষ্ঠানিকতা শুরু হয়। এবার ঈদ আর রথযাত্রা একই দিনে হওয়ায় যাত্রাপালা পেয়েছে ভিন্ন মাত্রা। রাজশাহীর বাঘা মেলায় চৈতালী অপেরা, জেলা সদরের নওয়াপাড়া বাস টার্মিনালে ভোলানাথ যাত্রা সম্প্রদায় ‘ঈদ আনন্দ মেলা’য় যাত্রার প্রদর্শনী করেছে। চাঁপাইনবাবগঞ্জের ‘মহারাজপুর আনন্দ মেলা’য় আছে আনন্দ অপেরা।
জানা গেছে, আগের তুলনায় এই তিন দলের যাত্রাপালায় অনেকটা স্বচ্ছতা এসেছে। নান্দনিক অভিনয়গুণে প্রথম রাত থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে।
ভোলানাথের মালিক মৌসুমী পারভীন, আনন্দের মালিক মোশাররফ হোসেন ও চৈতালীর সংগঠক স্বপন পান্ডের সঙ্গে আলাপ করে জানা গেছে, মনোমুগ্ধকর নৃত্যগীত আর নজরকাড়া অভিনয় দিয়ে তাঁরা দর্শক টানতে চান। অতীতের মতো গড্ডলিকাপ্রবাহে গা ভাসাতে চান না। পুরোনো পালার সঙ্গে তাঁরা এখন দেশীয় পালাকারের নতুন নতুন পালা রাখছেন।