
মেয়েটি রাঁধতে ভালোবাসেন। ভালো রাঁধুনী। তাই তো নায়িকা থেকে একদিন রাঁধুনিও হয়ে গেলেন ছবির সেটে। এক মাস ধরে কুইন ছবির দৃশ্যধারণ চলছিল ফ্রান্সের প্যারিসে। রোজ রোজ পাস্তা আর পিৎজা খেয়ে রীতিমতো প্যারিসের খাবারে অনীহা ধরেছিল কুইন ছবির পুরো টিমের। এমন কঠিন সময় জাদু দেখালেন তিনি। নিজের হাতের রান্নার স্পর্শ দিয়ে মুগ্ধ করলেন কুইন ছবির পুরো ইউনিটকে। আর কজন বলিউড অভিনেত্রী এই কাজটি করতে পারেন বলুন তো?

শুধুই কি তাই! একবার এক ছবিতে নাকি কিছুতেই মেকআপ করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। কে এই দুঃসাহসী কন্যা? তাঁর দুঃসাহস নিয়ে কি পেজ থ্রিতে শুধু একটা গল্প? সামান্য মেদ মাখানো, মন ভোলানো পর্দা ছুঁয়ে থাকা মোহিনী আবেদন কিংবা গ্ল্যামারাস চাহনিতে একটানা দুঃসাহসিক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সবার চোখ ছানাবড়া করে ফেলা কোঁকড়া চুলের সেই মেয়েটির নাম কঙ্গনা রনৌত।
শৈশব থেকেই স্বাধীনচেতা কঙ্গনার বড় হয়ে ওঠা হিমাচলের ছোট শহর মান্ডিতে, হুট করেই মাঝপথে থামিয়ে দেন কলেজের পড়া। মডেল হওয়ার ভূত মাথায় চাপতেই ২০০৩ সালে সোজা চলে আসেন দিল্লিতে। দিল্লিতেই সুযোগ তৈরি হয় মঞ্চে অভিনয়ের। এরপর ২০০৫ সালে আরও বড় কিছু হওয়ার স্বপ্ন নিয়ে কঙ্গনা পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানকার এক ক্যাফেতেই একদিন ধরা পড়েন অনুরাগ বাসুর ক্যামেরায়। এ নির্মাতার গ্যাংস্টার ছবি দিয়েই ২০০৬ সালে বলিউডে অভিষেক ঘটে কঙ্গনার। প্রথম ছবিই সুপারহিট, জোটে ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারটিও। গ্যাংস্টার-এ দুর্দান্ত অভিনয়, দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখা সেই মেয়েটিইফ্যাশন ছবিতে নেতিবাচক চরিত্রে নেশাতুর আবেশে মেতে থেকে ধাঁধিয়ে দিয়েছিলেন দর্শকদের মন। ২০০৮ সালের ফ্যাশন ছবিতে অভিনয় করে তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গত সাত বছরের ফিল্মি ক্যারিয়ারে গ্যাংস্টার, ও লামহে, লাইফ ইন এ মেট্রো, ফ্যাশন, তানু ওয়েডস মানু, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই, শুটআউট অ্যাট ওয়াডালার মতো আলোচিত ও উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন কঙ্গনা। তবে কঙ্গনার ফ্লপ ছবিগুলোর তালিকাও নেহাত কম নয়। তেজ, মিলে না মিলে হাম, নকআউট, নো প্রবলেম ছবিগুলো ফ্লপ।
হূতিকের প্রথম ছবি কহো না পেয়ার হ্যায় যখন মুক্তি পেয়েছিল, তখন কঙ্গনা পড়তেন নবম শ্রেণীতে। সেই ছবি দেখে কঙ্গনা নাকি ভাবতেন, ইশ্ কখনো যদি হূতিকের নায়িকা হতে পারতাম! হূতিকের সঙ্গে অভিনয় করার সেই স্বপ্নটা পূরণ হয় ২০১০ সালে কাইটস ছবিতে। স্বপ্ন সত্যি হলেও বক্স অফিসে সফল হয়নি কাইটস, ঘুড়ি হয়েই আকাশে মিলিয়ে যায়। তবে এবার হূতিকের নায়িকা নয়, খলনায়িকা হয়েই মহা খুশি কঙ্গনা। বলিউডের জনপ্রিয় সুপারহিরো সিরিজ ‘কৃষ’-এর তৃতীয় ছবি কৃষ-থ্রি ইতিমধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ২০০ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে। এ ছবিতে খলনায়িকা হয়েই পর্দায় এসেছেন কঙ্গনা। তবে খলনায়িকা হলে কী হবে, গ্ল্যামারের ছটায় কঙ্গনা নাকি ফিকে করে দিয়েছেন ছবির নায়িকা প্রিয়াঙ্কাকেও! ভিনগ্রহের বাসিন্দা মহাশক্তিধর এক নারী কায়া পৃথিবীর সুপারহিরো কৃষের সঙ্গে নানাভাবে বিরোধে জড়িয়ে পড়লেও সে যেকোনো উপায়ে কৃষকেই একান্ত আপন করে পেতে চায়। তেমনই এক খলনারী কায়া চরিত্রে অভিনয় করেছেন তিনি। কঙ্গনা বলেন, ‘কৃষ থ্রিতে আমি সুপারগার্লের চরিত্রে অভিনয় করেছি, এ রকম চরিত্র মনে মনে আমি অনেক দিন ধরেই করব বলে ভেবে এসেছি। নিঃসন্দেহে এটি আমার অভিনয়জীবনে বেশ এক্সপেরিমেন্ট করার মতো চরিত্র। কায়ার চরিত্রটা আসলে একজন অর্ধেক মানুষ আর অর্ধেক মেশিনের চরিত্র। এ রকম একটা চরিত্রের কোনো রেফারেন্সও আমার কাছে ছিল না, তাই চরিত্রটা বেশ কঠিনই ছিল। কৃষ-থ্রির পর আবার আগামীকালই মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনার রাজ্জো ছবিটি। নতুন পরিচালক বিশ্বাস পাতিলের এ ছবিতে মুম্বাই শহরের এক মুসলিম বাইজি তরুণী রাজ্জোর ভূমিকায় তাঁকে দেখা যাবে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনার আই লাভ নিউ ইয়ার, কুইন, উংলি, রিভলবার রানি ছবিগুলো।
সামনেই এত্ত এত্ত ছবি, তার পরও রান্নার সময়টা কিন্তু ঠিকই বের করে ফেলেন কঙ্গনা। যে ফরাসি খাবারে বিতৃষ্ণা ধরেছিল পুরো ইউনিটের, সেই ফরাসি রান্না শিখতেই কিছুদিন আগে তাই আবারও গিয়েছিলেন প্যারিসে। ফরাসি রান্নার সুখ্যাতির কথা কে না জানে! সেটাও তো শেখা চাই কঙ্গনার, তাই না?
l সাজিদুল হক
ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টাইমস, জিনিউজ অবলম্বনে