এখন তিনি নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা কবির, ছবি: খালেদ সরকার
বিপাশা কবির, ছবি: খালেদ সরকার

নাম বিপাশা কবির। ঢাকার চলচ্চিত্রে ‘আইটেম কন্যা’ হিসেবেই পরিচিত। কিন্তু বিপাশা এবার ছবির নায়িকা। ছবির নাম গুন্ডামি। পরিচালক সাইমন তারিক। কাল ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিতে আরও আছেন শাহ রিয়াজ।
৫ মার্চ বিকেলে প্রথম আলোর কার্যালয়ে কথা হলো বিপাশা কবিরের সঙ্গে। জানালেন, চলচ্চিত্রে নায়িকা হবেন, এমন স্বপ্ন অনেক দিন থেকে দেখেছেন। এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার পালা। একদিকে যেমন মনে আনন্দ হচ্ছে, অন্যদিকে ভয়ও লাগছে। তবে নিজের কাজ নিয়ে আশাবাদী তিনি।
বললেন, ‘এর আগে দর্শকদের কাছে আইটেম গার্ল হয়ে যেভাবে পৌঁছাতে পেরেছি, আশা করছি নায়িকা হিসেবেও গ্রহণ করবেন তাঁরা।’
আইটেম কন্যা থেকে নায়িকা হওয়ার সুযোগ হলো কীভাবে? বিপাশা জানান, এর আগে আলী ফিল্মস থেকে নিষ্পাপ মুন্না আর স্বপ্ন যে তুই ছবিতে আইটেম গানের সঙ্গে নেচেছিলেন তিনি। পরিচয়টা তখন থেকেই। সেই পরিচয়ের কারণে এবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরবর্তী ছবি গুন্ডামিতে নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন।
বললেন, ‘আইটেম গানের সঙ্গে শুধু নাচলেই হয় না, গানের একটা গল্প থাকে। সেই গল্পটি নাচের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হয়। চোখ, মুখ ও শরীরের ভঙ্গিটা এখানে খুব গুরুত্বপূর্ণ। গানের সঙ্গে দর্শক সেভাবেই আমাকে পেয়েছেন। ফলে নায়িকা হওয়ার সম্ভাবনাও তখনই তৈরি হয়েছে।’
বিপাশা জানান, গুন্ডামি ছবিতে নায়িকা হিসেবে চুক্তির পর টানা প্রায় নয় মাস অপেক্ষা করতে হয়েছে।
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ছিলেন সেরা ষোলোতে। এরপর ছোট পর্দায় কাজ শুরু করেন। চলচ্চিত্রে নায়িকা হওয়ার স্বপ্ন দেখার শুরুতেই হোঁচট। জাজ মাল্টিমিডিয়া থেকে তৈরি হচ্ছে ভালোবাসার রং। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ তাঁকে জানান, ভালোবাসার রং ছবিতে একটি অন্য রকম গান আছে। ওই গানে বিপাশাকে একটু আলাদা করে উপস্থাপন করা হবে। রাজি হন বিপাশা।
প্রথম ছবিতেই আইটেম কন্যা হিসেবে বাজিমাত বিপাশার। ভালোবাসার রং মুক্তির পর অনেক প্রযোজক, পরিচালক আইটেম গানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেন। একসময় কাজটি বিপাশার কাছেও ভালো লাগে। একে একে ৪০টি ছবিতে আইটেম কন্যা হিসেবে কাজ করেছেন। এর মধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২৫টি ছবি।
এবার নায়িকা হওয়ার স্বপ্ন পূরণের পালা। গুন্ডামি মুক্তির আগেই আরও তিনটি ছবিতে নায়িকা হয়েছেন বিপাশা। সাইমন তারিকের ক্রাইম রোড, শাহেদ চৌধুরীর আড়াল আর সোহেল বাবুর বাজে ছেলে-দ্য লোফার।
এদিকে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি তালাশ-এ নায়িকা হচ্ছেন বিপাশা। ছবির নায়ক ওম। পরিচালনা করবেন সৈকত নাসির। ছবিটি নিয়ে দারুণ খুশি বিপাশা। বললেন, ‘এবার আমি বড় বাজেটের ছবিতে কাজ করব।’
নায়িকা হলেও আইটেম গানে কাজ করার ব্যাপারে কোনো আপত্তি নেই বিপাশার। বললেন, ‘এর মধ্যে ১২টি নতুন ছবির আইটেম গানে কাজ করার প্রস্তাব পেয়েছি। এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চাচ্ছি না। সময়ই বলে দেবে।’