এখন দেশেই নাচ নিয়ে কাজ করবেন অন্বেষা
দিনাজপুরের মেয়ে অন্বেষা আহমেদ ভারত ও যুক্তরাজ্যে নৃত্যকলার ওপর উচ্চতর পড়াশোনা করেছেন। নতুন কিছু করার প্রত্যাশা নিয়ে দেশে এসেছেন তিনি। লন্ডনে তিনি গড়েছিলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অন্বেষা কোম্পানি। এখন তাঁর এই প্রতিষ্ঠান লন্ডনের পাশাপাশি কাজ করবে ঢাকায়ও। এখান থেকে অন্বেষা নতুন নতুন নৃত্য প্রযোজনা উপহার দেবেন দর্শকদের। এ উপলক্ষে গত সোমবার দুপুরে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে অন্বেষা নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।অন্বেষা আহমেদ বলেন, ‘জীবনের দৈনন্দিন কথাগুলোই ফুটে উঠতে পারে নাচের ভেতর দিয়ে। নাচ দিয়েই খুলে দেওয়া যেতে পারে মানুষের বন্ধ চোখ।’অন্বেষা আহমেদ তাঁর কোম্পানির মাধ্যমে বাংলাদেশে নতুন কিছু উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে প্রান্তিক ও ছিন্নমূল শিশুদের মধ্যে নৃত্যের ভাষা সম্পর্কে ধারণা দেওয়া, মুক্ত নাচের স্কুল প্রতিষ্ঠা, থিয়েটার ও টিভি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সমকালীন বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা ইত্যাদি। এ ছাড়া তিনি অসুস্থদের জন্য ড্যান্স থেরাপি চালুর কথাও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ইউরোপে জনপ্রিয় হওয়া অন্বেষা আহমেদের আ মাইন্ডস জার্নি ইন সার্চ অব ডেসটিনির অংশবিশেষ দেখানো হয়।