এনটিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক চৌধুরী ভিলা। লিখেছেন মশিউল আলম, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নাটকটিতে অভিনয় করছেন রিচি। কথা হলো তাঁর সঙ্গে। শুনলাম ‘চৌধুরী ভিলা’ নাটকে আপনি নাকি কাজের মেয়ের চরিত্রে অভিনয় করছেন?হ্যাঁ, কয়েক দিন ধরেই আমাকে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। গোড়ার দিকে আমার নিজের মনেও প্রশ্নটি তৈরি হয়েছিল—কাজের মেয়ের চরিত্র! কিন্তু স্ক্রিপ্টটা পড়ার পর আমার মনে হলো, পুরো নাটকে চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ভিলেন ভিলেন ভাব আছে। আমি তো অন্য রকম কিছু চরিত্রে কাজ করেছি, এই নাটকের ‘লাইলী’ও সে রকমই একটি। অভিনয় করার যথেষ্ট সুযোগ পাচ্ছি এখানে।‘লাইলী’ চরিত্রে অভিনয় করে কেমন লাগছে?অনেক বেশি কথা বলতে হয়। অনেক সংলাপ। পরীক্ষার মতো করে মুখস্থ করতে হয়। সংলাপগুলো খুবই চমৎকার, তাই নিজের থেকে কিছু বলার প্রয়োজন হয় না। কিছুদিন আগে শুটিংয়ের সময় দারুণ মজা হয়েছিল—নাটকের দৃশ্যে ভূতের ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। আর তা দেখে তানিয়া আপু আমার মুখের ওপর পুরো গ্লাস পানি ঢেলে দিয়েছিলেন। একবার নয়, তিনবার। তা কিন্তু স্ক্রিপ্টে ছিল না।যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর আপনার প্রথম ধারাবাহিক ‘চৌধুরী ভিলা’?চৌধুরী ভিলা নাটকটির প্রচার তো শুরু হলো। এ ছাড়া আরও দুটি ধারাবাহিক করেছি—রাজিবুল ইসলামের একটি মাকড়সা ও ধ্রুপদী কাহিনি এবং ফয়সাল রাজিবের পূর্বা। নাটক ছাড়া আর কিছু করছেন?না, গত দুই বছর তো কোনো কাজই করতে পারিনি। আমার ছেলে প্রথমের বয়স এখন ১৯ মাস। এর মধ্যে আমি আবার অনেক দিন যুক্তরাষ্ট্রে থেকে এসেছি। আমার ওজন বেড়ে গিয়েছিল। দেশে ফেরার পর ১১ কেজি ওজন কমিয়েছি। অন্য কিছু নয়, এখন নাটকেই পুরোটা সময় দিচ্ছি।