৪ মার্চ ঢাকায় শুরু হয়েছে ‘১১তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসবে ৩০টি দেশের প্রায় ২০০টি ছবি দেখানো হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ও সেমিনার হল এবং জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে। কথা হলো এ উৎসবের পরিচালক এন রাশেদ চৌধুরীর সঙ্গে। এই উৎসব প্রথম কবে আয়োজন করা হয়েছিল?প্রথম হয়েছিল ১৯৮৮ সালে। তখন উৎসব কমিটির চেয়ারম্যান ছিলেন আলমগীর কবির। আশির দশকের মাঝামাঝি এফডিসি ঘরানার বাইরে এসে কয়েকজন তরুণ চলচ্চিত্র তৈরির উদ্যোগ নেন। তাঁদের মধ্যে ছিলেন মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেলসহ আরও অনেকে। ১৯৮৬ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম গঠন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীন ধারার চলচ্চিত্রের চর্চা কেমন হচ্ছে, এ ধারাটা কীভাবে ব্যবহার করা হচ্ছে, কেমন চলচ্চিত্র তৈরি হচ্ছে—তখন এসবের সঙ্গে বাংলাদেশের দর্শক ও আগ্রহী নির্মাতাদের পরিচয় করিয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য। এখন এর ব্যাপ্তি অনেক বেড়েছে। এবারের উৎসবের স্লোগান ‘মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ’। এর মধ্য দিয়ে আপনারা কী বোঝাতে চেয়েছেন?আমরা চলচ্চিত্রকে কোনো দৈর্ঘ্য কিংবা ফরম্যাটের বাঁধনে বাঁধতে চাই না। একজন নির্মাতা তাঁর ইচ্ছামতো এই দৈর্ঘ্য নির্বাচন করবেন। নিজের পছন্দমতো ফরম্যাটে চলচ্চিত্র তৈরি করবেন। উৎসবে যে ছবিগুলো এসেছে, এর বিষয়বস্তু কী রকম?আমাদের এই উৎসব প্রতি দুই বছর পর আয়োজন করা হয়। এই দুই বছর সময়ের মধ্যে যে ছবিগুলো তৈরি হয়েছে, সেগুলোকেই আমন্ত্রণ জানানো হয়। এর মধ্য দিয়ে এ সময়ে বিভিন্ন দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ও সাধারণ মানুষের জীবনচিত্র উঠে আসে। পাশাপাশি আধুনিক জীবনের জটিলতা ও যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদসহ নানা বিষয় নিয়ে এখন চলচ্চিত্র তৈরি হচ্ছে। এ ছাড়া থাকছে তথ্যচিত্র ও কল্পকাহিনি। মোটকথা সাম্প্রতিক পুরো সময়টা এসব চলচ্চিত্রের মধ্য দিয়ে ধরা পড়ে।বাংলাদেশে স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন ধারার চলচ্চিত্রের কী খবর?দেখুন, ইরানে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিবছর স্বাধীন ধারার সহস্রাধিক ছবি তৈরি হয়। অন্য সব দেশের কথা বাদই দিচ্ছি, ভারত ও পাকিস্তান সরকার নির্দিষ্টসংখ্যক ছবি তৈরির ব্যাপারে আর্থিক সহযোগিতা দিচ্ছে; কিন্তু আমাদের এখানে তা হয় না। সরকারকে তার কাজের স্বার্থে অনেক কিছুকেই অগ্রাধিকার দিতে হয়। চলচ্চিত্র একটা বড় মাধ্যম। আমাদের এই ধারার নির্মাতারা দেশের জন্য অনেক সুনাম বয়ে আনছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ধারার চিত্রটা একেবারেই পাল্টে যাবে।বিনোদন প্রতিবেদক