এখন বন জোভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলবোর্ড শীর্ষ ১০ রক অ্যালবামের তালিকায় চোখ রাখতেই বোঝা গেল ‘বন জোভি’ দলটি এখনো হারিয়ে যায়নি। তারা তাদের দ্বাদশ অ্যালবাম হোয়াট অ্যাবাউট নাউ নিয়ে ফিরে এসেই বিলবোর্ড শীর্ষ ১০ রক অ্যালবামের চলতি সপ্তাহের শীর্ষস্থান দখল করে আছে। তাই তাদের নিয়ে কিছু না লিখলেই নয়। ২০ বছর আগে ১৯৮৩ সালে আমেরিকার নিউ জার্সির সায়েরেভিলেতে তাদের যাত্রা শুরু হয়। দলটির নামকরণ হয় এর মূল গায়ক জন বন জোভির নামে। ১৯৮০ সালের কোনো একসময়ে ডেভিড ব্রায়ানের সঙ্গে তাঁর প্রথম গানের দল ‘রেজ’ নিয়ে দেখা করেন। তারপর তাঁরা সবাই মিলে ‘আটলান্টিক সিটি এক্সপ্রেস ওয়ে’ নামে আরেকটি দল গঠন করেন তিনি। পরবর্তী সময় কৈশোর না পেরোতেই জন বন জোভি আরেকটি দল ‘জন বন জিয়োভি অ্যান্ড দ্য ওয়াইল্ড ওয়ানস’ গঠন করেন। এই দল নিয়ে তিনি বেশ কিছু কনসার্টে অংশ নেন। তবে কোনো গানের দল নিয়েই তিনি খুব একটা আশাব্যঞ্জক কিছু করতে পারছিলেন না। এভাবে বছর খানেক পার করে তিনি এককভাবেই প্রথমে কিছু গান রেকর্ড করেন। ১৯৮২ সালের পর তাঁর ‘রানওয়ে’ গানটি একটি রেডিওতে বাজানোর জন্য পছন্দ করা হয়। এর পরই ১৯৮৩ সালে জন বন জোভি তাঁর সঙ্গে ডেভিট ব্রায়ান, অ্যালেক জন সাচ, টিকো টরেস ও ডেভ স্যাবোকে নিয়ে ‘বন জোভি’ নামের কালজয়ী রক গানের এ দলের সূচনা করেন।পরবর্তী সময় অবশ্য কয়েকজন সদস্য বদলের মধ্য দিয়ে তাঁরা গেছেন। ডেভ স্যাবোর স্থলে আসেন রিচি সামবোরা এবং অ্যালেক জন সাচের জায়গায় আসেন হিঙ্গ ম্যাকডোনাল্ড। ১৯৮৬ সালে বন জোভি বিশ্বজোড়া খ্যাতির মুখ দেখা শুরু করে তাদের তৃতীয় অ্যালবাম স্লিপারি হোয়েন ওয়েট-এর মধ্য দিয়ে। তাদের চতুর্থ অ্যালবাম নিউ জার্সিও সমান সাফল্যের মুখ দেখে। ১৯৮৬ থেকে ১৯৯৫ সালের মধ্যে বন জোভির ১৩টি গান ইউএস শীর্ষ ৪০ গানের তালিকায় ছিল, যার মধ্যে চারটি ছিল প্রথম স্থান দখল করা গান। পরবর্তী সময়ও তারা দারুণ সফল দল হিসেবে এগিয়ে গেছে। ২০০০ সালে ‘ইটস মাই লাইক’ গানটি নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গেও তাদের ভালোমতো পরিচয় করাতে সক্ষম হয়।তাদের ২০০৭ সালের অ্যালবাম লস্ট হাইওয়ে বিলবোর্ড শীর্ষ ২০০-এর মধ্যে প্রথম স্থান দখল করে নেয়। তাদের ২০০৯ সালের অ্যালবাম দ্য সার্কেলও ঠিক একইভাবে বিলবোর্ড শীর্ষ ২০০-এর মধ্যে প্রথম স্থানে ছিল। তাদের সর্বশেষ অ্যালবাম হোয়াট অ্যাবাউট নাউ-এর বেলায়ও সমান সাফল্যের মুখ তারা দেখছে। এখন পর্যন্ত তারা ১২টি স্টুডিও অ্যালবাম বের করেছে। তারা সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় রক গানের দল। তাদের অসংখ্য গান আছে, যেগুলো রক গানের ইতিহাসে অমর হয়ে থাকবে। তাদের অ্যালবাম সারা বিশ্বে ১৩০ মিলিয়ন কপির ওপর বিক্রি হয়েছে। ৫০টি দেশের দুই হাজার ৭০০ কনসার্টে অংশ নিয়েছে দলটি। তাদের ভক্তসংখ্যা ৩৫ মিলিয়নের ওপর।কালজয়ী এ দল হার্ড রক, পপ রক, হেয়ার মেটাল, গ্ল্যাম মেটাল ও হেভি মেটাল ধারার গান করে আসছে। যাঁরা এখনো তাদের নতুন অ্যালবামটি শোনেননি, তাঁরা অবশ্যই শুনবেন। বন জোভি-ভক্তদের জন্য বছরটি বেশ আনন্দের।একনজরে বন জোভির অ্যালবাম বন জোভি (১৯৮৪)  ৭৮০০০ ফারেনহাইট (১৯৮৫) স্লিপারি হোয়েন ওয়েট (১৯৮৬)  নিউ জার্সি (১৯৮৮)  কিপ দ্য ফেইথ (১৯৯২) দিজ ডেইজ (১৯৯৫) ক্রাশ (২০০০) বাউন্স (২০০২)  হ্যাভ এ নাইস ডে (২০০৫)  লস্ট হাইওয়ে (১০০৭)  দ্য সার্কেল (২০০৯)  হোয়াট অ্যাবাউট নাউ (২০১৩)বন জোভির সদস্যরা জন বন জোভি (লিড ভোকালস, রিদম গিটার) ১৯৮৩ থেকে বর্তমান ডেভিড ব্রায়ান (কি-বোর্ডস) ১৯৮৩ থেকে বর্তমান টিকো টরেস (ড্রামস) ১৯৮৩ থেকে বর্তমান রিচি সামবোরা (গিটার) ১৯৮৩ থেকে বর্তমান বন জোভির বেজিস্ট হিসেবে ১৯৯৪ সাল থেকে হিউগ ম্যাক ডোনাল্ড থাকলেও তিনি স্থায়ী সদস্য নন মনোয়ারুল হক