৮ থেকে ১৬—জীবনের এই আটটি বছর কলকাতায় কাটিয়েছেন বিপাশা বসু। বাঙালি হওয়ার কারণেই হোক আর পূর্বপুরুষের ভিটেমাটির টানেই হোক, এখনো প্রায়ই চুপিসারে প্রিয় শহর কলকাতায় চলে যান বিপাশা। তিনি বলেন, ‘ইচ্ছে হলেই উড়াল দিই কলকাতায়, বোরকা পড়ে শহরের অলিগলিতে ছুটে বেড়াই।’ বিখ্যাত হওয়ার জন্য বিপাশা অভিনয়ে এসেছিলেন। আর যখন বিখ্যাত হলেন, নিজেকে আড়াল করাকেই সবচেয়ে নিরাপদ মনে করছেন। ব্যক্তি বিপাশার সব সুখ-দুঃখ, হাসি-কান্নাও আড়াল হয়ে যায় চড়া মেকআপের অন্তরালে। জন আব্রাহামের সঙ্গে নয় বছরের সম্পর্ক ভেঙে গেছে প্রায় দুই বছর হলো। সদা হাস্যোজ্জ্বল বিপাশাকে দেখলে মনে হবে, ক্ষত শুকিয়ে গেছে। তিনি এখন স্বাধীন, মুক্ত। কিন্তু না, দেহের বয়স যতই বাড়ুক, মন ভেঙে যাওয়ার কষ্ট সবাইকেই বয়ে বেড়াতে হয়। বিপাশা হয়তো কারও করুণা চান না, কারও কাঁধে মাথা রেখে কাঁদতে চান না—তাঁর কান্না হয় নীরবে, সবার অলক্ষ্যে। কেন জন-বিপাশা আলাদা হয়ে গেলেন, আজও অনেকের কাছে তা বিস্ময়। জনের পরনারীতে আসক্ত হওয়াটাই মূল কারণ—বিপাশা অবশ্য একবার এ রকম ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু জন এসব বিবৃতি এক তুড়িতেই উড়িয়ে দেন। ‘বিপাশা’ সম্পর্কে একটি শব্দ ব্যয় করতেও নারাজ তিনি। এ ব্যাপারে অবশ্য বিপাশা বলেন, ‘পৃথিবীতে সবাই আমাকে পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। ৫০ জন হয়তো পছন্দ করবেন, ৫০ জন করবেন না। আমি আমার মূল্যবান সময় তাঁদের জন্য খরচা করতে যাই, যাঁরা আমাকে পছন্দ করেন। আমাকে অপছন্দ করা বাকি ৫০ জন দুর্ভাগা; তাঁদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই।’ব্যক্তিজীবনে এখন তিনি ‘সিঙ্গেল’, এমনটি জানালেও বিপাশা নাকি ব্রিটিশ অভিনেতা জশ হার্নেট, রানা ডগ্গুবতি ও শহীদ কাপুরের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন, এমন খবরও শোনা গেছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কম বয়সী, সুদর্শন পুরুষদের সঙ্গে আমার নাম যুক্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি। তবে দুঃখের ব্যাপার হলো, যে তিনজনের নাম বলা হলো, সেই তিনজনেরই প্রেমিকা আছে! হা হা হা!’কেমন মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী তিনি? বঙ্গকন্যা বলেন, ‘সুঠামদেহী, স্বাস্থ্যসচেতন পুরুষ না হলেও চলবে। আমি তাকে সুঠামদেহী করে ফেলব। হা হা হা! ঠান্ডা মাথার, আত্মবিশ্বাসী একজন পুরুষকে আমার জীবনে চাই। অনেক পুরুষ নিজেদের আত্মবিশ্বাসী মনে করলেও আদতে তারা তা নয়। মেয়েদের এক ধাপ পিছিয়ে রাখতেই তারা পছন্দ করে। আমি এমন এক পুরুষকে চাই, যে মাঝেমধ্যে আমার অর্জন নিয়েও গর্ব করবে। অনেক ক্ষেত্রে আমাকে এগিয়ে নিজে পিছিয়ে যাবে। এতে সে তো ছোট হবেই না, বরং আমার চোখে পৃথিবীর সবচেয়ে বড় মনের মানুষ হিসেবে জায়গা করে নেবে। এমন আত্মবিশ্বাসী পুরুষ কি এই পৃথিবীতে আছে? আমি সন্দিহান। তবে হ্যাঁ, আমার সঙ্গীকে আমার চেয়েও সফল হতে হবে। অসামঞ্জস্য সম্পর্ক কখনো সফল হতে পারে না—আমার অভিজ্ঞতা থেকে বললাম।’৩৪ পেরিয়ে ৩৫-এ পা দিলেও ব্যক্তিজীবনে বিপাশা এখনো থিতু হতে চাইছেন না। বরং অভিনয় নিয়ে দ্বিগুণ ব্যস্ত হয়ে ব্যক্তিজীবনের অমাবস্যাকে পূর্ণিমার আলোয় ভরে তুলতে চাইছেন। আগামী ২২ মার্চ মুক্তি পাবে বিপাশা অভিনীত সুপারন্যাচারাল হরর ছবি আত্মা। এর আগেও তিনটি ভৌতিক ছবিতে কাজ করেছেন তিনি। যার মধ্যে আছে ক্যারিয়ারের সেরা হিট ছবি রাজ থ্রি। তবে রাজ থ্রিতে খল চরিত্রে অভিনয় করলেও আত্মায় একজন সিঙ্গেল মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। তিনি বলেন, ‘আমার ১৩ বছরের ক্যারিয়ারে প্রায় ৫৫টির মতো ছবিতে অভিনয় করেছি। অনেক ছবি করেছি অর্থের জন্য। সেসব ছবি যখন টিভিতে দেখি, নিজেরই লজ্জা করে। যে কটি ছবি আমাকে নিয়ে গর্ব করতে শেখায়, আত্মা তার একটি। রাজ থ্রি, আত্মা ও পাঙ্খ—এসব ছবিতে কাজ করার সময় সেটেই অনেকবার ভেঙে পড়েছিলাম। অঝোর ধারায় কেঁদেছি। একসময় ছিলাম মডেল। অভিনয়ের প্রশিক্ষণ নিইনি কোথাও। এসব ছবিই আমাকে অভিনেত্রী হিসেবে এগিয়ে নিয়ে গেছে অনেক দূর।’ রুম্মান রশীদ খানস্টারডাস্ট, ইন্ডিয়া টুডে, হিন্দুস্থান টাইমস, ফিল্মফেয়ার, রেডিফ ডট কম অবলম্বনে