এখন মাশিয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার আমাকে একটা জায়গা তৈরি করে দিয়েছে, যার ওপর দাঁড়িয়েই আমি আজ মিডিয়ার একাধিক মাধ্যমে নিজেকে তুলে ধরতে পেরেছি। এখানেই ভালো করে নিজের স্থান তৈরি করে নিতে চাই।’ কথাগুলো বলছিলেন যিনি, তিনি মাশিয়াত। মাশিয়াত রহমান। নাটক, বিজ্ঞাপন কিংবা উপস্থাপনা—সবখানেই তাঁর সরব উপস্থিতি। সেই যে ২০১১ সালে সালাহউদ্দিন লাভলুর তৃতীয় পুরুষ নাটক দিয়ে যাত্রা শুরু, এরপর আর থামতে হয়নি তাঁকে।কী বলেন মাশিয়াত? ‘যেহেতু কাজ করব বলেই এই অঙ্গনে আসা, তাই শুরু থেকে আত্মবিশ্বাস নিয়েই কাজ করে আসছি। ফলে দিন দিন কাজের মানটা বাড়াতে পেরেছি।’আর আত্মবিশ্বাস ছিল বলেই ছোটবেলায়, স্কুলে পড়ার সময় মডেলিং করার স্বপ্ন দেখা শুরু। সেই স্বপ্ন এসে ধরা দিল, যখন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। স্বপ্ন দেখার এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে কীভাবে এ রাজ্যে প্রবেশ করলেন—জানিয়ে দিলেন মাশিয়াত।তিন্নির ‘বাংলালিংক’, নোবেলের ‘তোমার জন্য মরতে পারি’ বিজ্ঞাপনগুলো দারুণ লাগত তাঁর কাছে। এই ভালো লাগা থেকেই মিডিয়ায় নিজেকে তৈরির ইচ্ছাশক্তি তৈরি হয় তাঁর। ২০১০ সালে এসে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হয়ে যায় মাশিয়াতের।এরপরের ঘটনা মাশিয়াতের নিজের মুখ থেকেই শুনি—‘এই প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে টিকে যাই। এরপর শুরু হয় তিন মাসের ক্যাম্প। ক্যাম্পের প্রতিটি দিন ছিল আমার কাছে চ্যালেঞ্জের মতো। তবে নিজের আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হতে ক্যাম্পের দিনগুলো বড় ভূমিকা রেখেছে। এ জন্য প্রশিক্ষক আজরা মাহমুদের কাছে আমি কৃতজ্ঞ। ক্যাম্পে থাকার সময় যতবারই প্রতিযোগিতার ধাপগুলো পার হচ্ছিলাম, ততবার আত্মশক্তিটা বেড়ে গিয়েছিল।’এরপর চূড়ান্ত পর্বে এসে ঘটে গেল নতুন ইতিহাস। শীর্ষ দশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করলেন মাশিয়াত। মাথায় পুরস্কারের মুকুট পরার সঙ্গে সঙ্গে নতুন মাত্রা যোগ হলো তাঁর প্রথম জীবনে। শুরু হলো যেন দ্বিতীয় জীবন!ওই বছরই নাটকে অভিনয়ের ডাক এল। সালাহউদ্দিন লাভলুর তৃতীয় পুরুষ নাটকে প্রথম অভিনয় করলেন। তবে প্রথম নাটকের ভাষা তাঁর কাজে বাগড়া দিয়ে বসল। নাটকটি ছিল গ্রামীণ পটভূমিতে। পাবনা অঞ্চলের ভাষা। ‘নাটকের সংলাপে আঞ্চলিক ভাষাটা একটু সমস্যাই হচ্ছিল। তবে আমার সহশিল্পী চঞ্চল চৌধুরী খুবই সহযোগিতা করেছেন। তাই আমি কাজটি ভালোভাবে শেষ করতে পেরেছি। নাটকটি প্রচারিত হওয়ার পর প্রচুর প্রশংসা পেয়েছি।’প্রথম নাটকেই বাজিমাত! এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এ কে নাহিদ আহমেদের পুণ্য আমার দেশের মাটি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চাঁদের নিজের কোনো আলো নেই, সকাল আহমেদের টার্মিনাল, ইফতেখার আহমেদ ফাহমির ফুঁ-সহ একাধিক নাটকে অভিনয় করেন।বর্তমান সময়ে এসে ব্যস্ততার পাল্লা আরও ভারী হয়েছে। সেই ব্যস্ততা জানতেই তাঁর কাছে যাই। প্রশ্ন রাখি, কী নিয়ে এই ব্যস্ততা? তিনি বলে চলেন, ‘ধারাবাহিক, এক ঘণ্টা মিলে এখন একাধিক নাটকে অভিনয় করছি। ধারাবাহিকগুলোর মধ্যে ভেতর বাহির, অচেনা প্রতিবিম্ব, সাত কন্যা, জলকণা, পা রেখেছি যৌবনে, বৈরী বাতাস, চুপ আদালত চলছে এবং এক ঘণ্টার নাটকের মধ্যে আছে রিস্কা, তোমার জন্য, পাশের জানালা প্রভৃতি।’শুধু নাটকেই নয়, বিজ্ঞাপন কিংবা উপস্থাপনাতেও তিনি কম যান না। এরই মধ্যে দেশ টিভির জন্য উপস্থাপনা করছেন পেপসি চেঞ্জ দ্য গেম, স্টাইল অ্যান্ড ফ্যাশন, এনটিভিতে করছেন মিউজিক জ্যাম, চ্যানেল টুয়েন্টিফোরের জন্য করছেন মেইড ইন বাংলাদেশ। তিনি মডেল হয়েছেন সানসিল্ক, প্রাণ সানি অরেঞ্জের বিজ্ঞাপনে।নাটক, বিজ্ঞাপন কিংবা উপস্থাপনা—তিন মাধ্যমেই নিজেকে তুলে ধরেছেন। মাশিয়াত বলেন, ‘তিন মাধ্যমে তিন রকম মাশিয়াতকে দেখছেন দর্শক এবং প্রতিটি জায়গাতেই দর্শককে আমার সর্বোচ্চ চেষ্টাটাই দেখাতে চাই। তবে অভিনয়ের কথা একটু আলাদা করেই ভাবি। চরিত্রের রকমভেদে এখানে নিজেকে প্রতিনিয়ত ভাঙা যায়, গড়া যায়।’