এখন শুধু চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিঝুম রুবিনা , ছবি: খালেদ সরকার
নিঝুম রুবিনা , ছবি: খালেদ সরকার

‘চলচ্চিত্র এখন মনেপ্রাণে গেঁথে গেছে। বড় পর্দায় নিজেকে একটা জায়গায় নিতে চাই, ভালো অভিনেত্রী হতে চাই।’ বললেন নিঝুম। চলচ্চিত্রে নিঝুম রুবিনা নামেই পরিচিত। এরই মধ্যে তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। দুটি ছবির শুটিং চলছে। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশি ভালোবাসা যায় না। সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করে প্রথম ছবিতেই প্রশংসা পান নিঝুম।
চলচ্চিত্রে কাজের প্রস্তুতি প্রসঙ্গে নিঝুম বলেন, ‘চলচ্চিত্রে জায়গা করে নিতে যা যা দরকার, সবই করছি। নিয়মিতই নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছি। সময় পেলেই বিভিন্ন ভাষার ছবি দেখি।’
২০১২ সালের ঘটনা। স্বপ্নেও ভাবেননি চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। মামার আগ্রহে একটি প্রযোজনা প্রতিষ্ঠানে যান। নিঝুম বলেন, ‘অনিচ্ছা সত্ত্বেও ওই প্রযোজনা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। তাঁরা কিস্তির জ্বালা নামে একটি ছবি বানাবেন। আমাকে দেখেই পরিচালক নূর মোহাম্মদ মনি ছবিতে কাজ করার প্রস্তাব দেন।’
ওই বছর শেষ দিকে ছবিটির কাজ শুরু হয়। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ২০১৩ সালে মাঝামাঝি। কিন্তু ছবিটি এখনো মুক্তি পায়নি। নিঝুম বলেন, ‘এ ব্যাপারে পরিচালক আর প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভালো বলতে পারবেন।’
প্রথম ছবি নিয়ে হোঁচট খেলেও দ্বিতীয় ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ওই সময় জাকির হোসেন রাজুর এর বেশি ভালোবাসা যায় না ছবিতে অভিনয়ের সুযোগ পান নিঝুম। ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়।
নিঝুম বলেন, ‘ছবিটি ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ঢাকায় সব কটি প্রেক্ষাগৃহেই আমি গিয়েছি। দর্শকের সাড়া দেখে মুগ্ধ হয়েছি।’
এরপর ওই বছর এটিএন মাল্টিমিডিয়ার অনেক সাধনার পর ছবিতে কাজের সুযোগ হয়। আবুল কালাম আজাদ পরিচালিত ছবিটি গত বছর মুক্তি পায়। মো. আসলামের ভালেবাসা ডটকম ছবিটি সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে। শুটিং চলছে ফেরদৌসের বিপরীতে মিনহাজ অভির মেঘকন্যা ও শিপনের বিপরীতে রাহুল রওশনের জান রে ছবির।
নিঝুম জানান, ছবি দুটি নিয়ে তিনি খুব আশাবাদী। দুটি ছবিই তাঁর কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে।
চলচ্চিত্রে আসার আগে ২০০৮ সালে নিঝুম বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এখনো তাঁর কয়েকটি বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে। মাঝে চন্দ্রমল্লিকার বনে আর এনকাউন্টার নামে দুটি নাটকে অভিনয় করেন নিঝুম।
বছর দেড়েক হলো সিদ্ধান্ত পাল্টেছেন। নাটক নয়, এখন শুধু চলচ্চিত্র নিয়ে থাকতে চান নিঝুম। তিনি বলেন, ‘এখন আমার সব ভাবনা বড় পর্দাকে ঘিরে। তবে ভালো প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে কাজ করব।’
নিঝুম এখন মিরপুর আইডিয়াল বিশ্ববিদ্যালয় কলেজে সমাজকর্মে স্নাতক চূড়ান্ত পর্বে পড়াশোনা করছেন।