এখন শুধু সন্তানের অপেক্ষায় ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুন মুনিরা ন্যান্সি
নাজমুন মুনিরা ন্যান্সি

রেকর্ডিং, স্টেজ শো এমনকি অ্যালবামের সব কাজ বন্ধ রেখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এখন তাঁর অপেক্ষা শুধু অনাগত সন্তানের জন্য।
ময়মনসিংহের শ্বশুরবাড়িতে রয়েছেন ন্যান্সি। সেখানেই অধীর আগ্রহে দ্বিতীয় সন্তানের মুখ দেখার অপেক্ষা করছেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
চিকিত্সকের  নির্দেশনা অনুযায়ী সব কাজকর্ম করছেন তিনি।
প্রথম আলো ডটকমকে ন্যান্সি বলেন, ‘চিকিত্সক আমাকে জানিয়েছেন জানুয়ারি মাসের শেষ দিকে আমার সন্তান পৃথিবীতে আসবে। এরই মধ্যে শারীরিক অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। এই শরীর নিয়ে শো কিংবা রেকর্ডিং কোনোকিছু  করতে ইচ্ছে করছে না। তা ছাড়া চিকিত্সকও আমাকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। তাই সব ধরনের কাজকর্ম বাদ দিয়ে অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছি।’
আগামী বছরের মার্চ মাস থেকে আবারও কাজে নিয়মিত হতে পারবেন বলে আশা করছেন শিল্পী ন্যান্সি। সবার কাছে অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন তিনি।
ন্যান্সি জানান, তিনি সর্বশেষ অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ছবিটিতে ন্যান্সির গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন সন্ধি। এ ছাড়া সম্প্রতি একটি মিশ্র গানের অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলচ্চিত্রের গানের মধ্য দিয়ে ন্যান্সি প্রথম আলোচনায় আসেন। ২০০৬ সালে পেশাদারিভাবে গানের জগতে নাম লেখালেও ন্যান্সির প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয় ২০০৯ সালে। তিন বছর বিরতির পর ২০১২ সালে প্রকাশিত হয় ন্যান্সির দ্বিতীয় একক অ্যালবাম ‘রঙ’। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘প্রজাপতি’ ছবির গানে কণ্ঠ দেওয়ার জন্য ন্যান্সি সেরা সংগীতশিল্পীর পুরস্কার অর্জন করেন।