এখনই অবসরে যাচ্ছেন না জুডি ডেঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেম জুডি ডেঞ্চ
ডেম জুডি ডেঞ্চ
আপাতত অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেই জানালেন অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্র, মঞ্চ ও টিভি অভিনেত্রী ডেম জুডি ডেঞ্চ।

এ প্রসঙ্গে ‘জেমস বন্ড’খ্যাত ৭৮ বছর বয়সী এ তারকার ভাষ্য, ‘অভিনয় পেশাটাকে আমি অনেক বেশি উপভোগ করি। এ জন্য আপাতত অভিনয় থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলি এক্সপ্রেস।

জুডি ডেঞ্চ আরও বলেন, ‘নিজের ইচ্ছা অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ বেশির ভাগ মানুষেরই হয় না। মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষ হয়তো এ সুযোগ পায়। আমি সেই ২ শতাংশ মানুষের মধ্যে একজন হওয়ায় নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি।’

বন্ড সিরিজের মোট সাতটি ছবিতে ‘এম’ চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ। গত বছর মুক্তি পাওয়া ‘স্কাইফল’ ছবির গল্পে নাটকীয় পরিবর্তন আনা হয়। ‘এম’ চরিত্রটির মৃত্যু ঘটানো হয়।

এ প্রসঙ্গে জুডি জানিয়েছিলেন, ‘ছবির শুটিং শুরুর আগেই বিষয়টি জানতে পেরেছিলাম। কিন্তু তা ফাঁস না করার অনুরোধ জানানো হয়েছিল আমাকে। অপ্রত্যাশিত খবরটি শুনে প্রচণ্ড কষ্ট পেলেও তা প্রকাশ না করে বহুদিন ভেতরে চেপে রেখেছি। বিষয়টি বন্ধুবান্ধব, পরিবারের সদস্য কিংবা অন্য কাউকে জানতে দিইনি। এটা আমার জন্য মোটেও সহজ ছিল না।’

নভেম্বরে মুক্তি পাচ্ছে জুডি ডেঞ্চ অভিনীত ব্রিটিশ ছবি ‘ফিলোমেনা’। স্টিফেন ফিয়ারস পরিচালিত ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন জুডি। ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা স্টিভ কুগান।

এদিকে সম্প্রতি ‘পিটার অ্যান্ড অ্যালিস’ মঞ্চ নাটকের কাজ শেষ করেছেন জুডি। লন্ডনে ১২ সপ্তাহ ধরে নাটকটির প্রদর্শনীতে অংশ নিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। এজন্য আট সপ্তাহ কাজ থেকে ছুটি নিয়েছেন বর্ষীয়ান এ অভিনয়শিল্পী।