এটিএন বাংলায় আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ঝুলন্ত বাবুরা। লিখেছেন অয়ন চৌধুরী, পরিচালনা করেছেন কবির বাবু। এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। কথা হলো তাঁর সঙ্গে।‘ঝুলন্ত বাবুরা’ নাটকে আপনার চরিত্রটি কী রকম?আমি গ্রামে মাইক ভাড়া দিই। বিভিন্ন অনুষ্ঠানে নিজেই মাইক নিয়ে যাই। সুযোগ বুঝে একটু বক্তৃতাও দেওয়ার চেষ্টা করি। এভাবে বক্তৃতা দিতে দিতে একসময় আমি নেতা হয়ে যাই। বাস্তবে কীভাবে অনেকেই নেতা হয়, তার কিছু উদাহরণ আমার চরিত্রের মধ্য দিয়ে দেখানো হয়েছে।এবার আপনার অন্য খবর বলুন।সব একই রকম খবর, নাটক করছি। সবাই ঈদ উদ্যাপন করবেন আগস্ট মাসে। আমরা কিন্তু এখনই ঈদের আনন্দ উপভোগ করছি। মানে প্রায় প্রতিদিনই ঈদের কাজ করছি। আর ঈদ শব্দটা এত বেশি শুনতে হচ্ছে, বলতে হচ্ছে যে মনে হচ্ছে, এখনই ঈদ।ঈদে আপনার অভিনীত একটু অন্য রকম কিছু নাটকের কথা জানতে চাইছি।আশরাফুল চন্চল এবার ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার’ পেয়েছেন। ওর একটা কাজ করেছি, নাম আব্দুল মান্নাফ ফিরে আসার পর। এখানে আমি ‘আব্দুল মান্নাফ’। ২০ বছর আগে নিখোঁজ হয়েছিলাম। হঠাৎ একদিন আমি ফিরে আসি। এখন শিমুল সরকারের একটা ছয় পর্বের নাটকের কাজ করছি কেরানীগঞ্জে। আরটিভিতে যাবে। নামটা চূড়ান্ত হয়নি। ঈদে গ্রামে যাত্রা হবে। তা নিয়ে গ্রামজুড়ে সাজ সাজ রব।এবার আপনার গানের কথা বলুন।হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা ছবিটি শিগগির মুক্তি পাবে। এই ছবিতে পাঁচটি গান গেয়েছি। সব কটিই লোকধাঁচের গান। এ ছাড়া এবার ঈদের জন্য একটি মিশ্র অ্যালবামে গান গেয়েছি। এখানে আরও গান গেয়েছেন বারী সিদ্দিকী, চন্দনা মজুমদারসহ দুয়েকজন। অ্যালবামটি তৈরি করছেন দেলোয়ার আরজুদা শরফ।