এখনই জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুর। হাতিরপুলের কোনো এক রাস্তা। চীনা মুঠোফোনে ‘সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না’ গানটি শুনছে কোনো এক পথশিশু। পাশ দিয়ে যাওয়ার সময় টি-শার্টের ওপর গামছা ঝোলানো একজন এগিয়ে এলেন। জিজ্ঞাসা করলেন, কার গান এটি। পথশিশুর উত্তর, ‘জয় নামে একজনের। গানডা ভালো না, ভাই?’ বলেই উত্তরের প্রত্যাশা না করে এবং টি-শার্ট পরা লোকটিকে রীতিমতো পাত্তা না দিয়ে গটগট করে চলে গেল। ততক্ষণে টি-শার্ট পরা ব্যক্তির মুখ ভরা বিস্ময় মাখানো হাসি। তাঁর গানও তাহলে লোকে এত আগ্রহ করে শোনে!‘সত্যি বলছি’ গানটি সত্যিকারভাবেই একজনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ছেলেটির পুরো নাম জয় শাহরিয়ার।গানের সঙ্গে জয় শাহরিয়ার এর সখ্য ছোটবেলা থেকে। চার বছর বয়স থেকে তিনি গান করতেন সূর্যমুখী শিশু-কিশোর সংগঠনে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা তাঁর মা। ‘বাড়িতে বড় বোন গান শিখতেন। কিছুদিন তাঁর পাশে বসে গান শিখেছি। এ ছাড়া দোলনচাপা প্রতিষ্ঠানে ওস্তাদ সোহরাব হোসেন এবং এম এ মান্নানের কাছে নজরুলসংগীতও শেখা হয়েছে। তবে পপ বা রক গানের প্রতি আকর্ষণ জন্মায় নব্বইয়ের দশকে বাংলাদেশের ব্যান্ডগুলোর গান শুনে। ওই সময়টা ছিল বাংলাদেশের ব্যান্ড ইতিহাসের স্বর্ণযুগ। সেটার প্রভাবেই হয়তো নবম শ্রেণীতে পড়ার সময় থেকে বন্ধুরা মিলে জ্যাম করা শুরু করলাম। এসএসসি পরীক্ষার পর নির্ঝর নামের একটি ব্যান্ডও গড়ে তুলি।’ বলছিলেন জয়। ২০০৬ সালে বাজারে আসে নির্ঝরের প্রথম অ্যালবাম স্বপ্নঘুড়ি। এর মধ্যে চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া। ব্যান্ডের বাইরে প্রথম ক্যানভাস নামের একটি অ্যালবামে গান করেন। সম্প্রতি বের হয়েছে নির্ঝরের দ্বিতীয় অ্যালবাম বৃষ্টিশহর।নিজেই গান লেখেন, সুর করেন। গানও গান তিনি। ২০০৯ সালে প্রকাশিত হয় জয় শাহরিয়ারের প্রথম একক অ্যালবাম সত্যি বলছি। বিশেষ করে, ‘সত্যি বলছি’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এই গানের পেছনের গল্পটা জানতে চাই। জয়ের উত্তর, ‘এটি আসলে জীবনের গল্প। নিজের জীবনের সঙ্গে মেলাতে পেরেছে অনেকে। মনে হয়েছে, এই গানে কোথাও না কোথাও তার জীবনের কথা লুকিয়ে আছে। তাই এটিই আমার জীবনের টার্নিং পয়েন্ট।’ গত ঈদের আগে অগ্নিবীণা বাজারে এনেছে জয় শাহরিয়ারের দ্বিতীয় একক অ্যালবাম এখনই। অ্যালবামে জয় তাঁর ভাবগুরু এরিক ক্ল্যাপটনের ‘ওয়ান্ডারফুল টুনাইট’ ছাড়া বাকি গানগুলো লিখেছেন ও সুর করেছেন নিজেই। জয়ের প্রিয় শিল্পী কারা? ‘অনেকের গান ভালো লাগে। তবে তিনজন মানুষের কথা বলব—এরিক ক্ল্যাপটন, অঞ্জন দত্ত ও বাপ্পা মজুমদার। বলেন জয়।গানের মানুষজয় শাহরিয়ার আবার একজন ডিজাইনার ও উদ্যোক্তা। বন্ধুরা মিলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ঢাকার আজিজ সুপার মার্কেটে স্বপ্নবাজ নামের ফ্যাশন হাউস চালু করেন।জয় আরও বলেন, ‘আমার স্বপ্ন ছিল আমি গাইব, আমার সঙ্গে মানুষ গাইবে। সেটি পূরণ হয়েছে। স্বপ্ন নিয়ে বেঁচে আছি। এই স্বপ্নের মধ্যে যেন কোনো বাধা না আসে। যা করছি, সব তারই অংশ। দুই বোনের এক ভাই আমি। আমার আজ যা হয়েছে, এর পেছনে পরিবারের অনেক সহযোগিতা ছিল।’নিজে অন্যদের কাছে কতটা জনপ্রিয়, সেটি তিনি ভালোভাবেই উপলব্ধি করেছেন। তাইতো তাঁকে চিনতে পেরে একজন ভক্ত বাসে উঠে তাঁর বাসভাড়াটাও দিয়ে দেন। এমন ভালোবাসাই তো একজন শিল্পীর জীবনের সার্থকতা। গান করার মূল রসদ এই শ্রোতা-দর্শকদের কাছ থেকেই পান জয়। সত্যি বলা জয়।