এখনই বিয়ে নয়: সাইফ
কারিনা কাপুরের সঙ্গে বিয়ে নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন সাইফ আলী খান। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে সাইফ বলেন, ‘এজেন্ট বিনোদ’ ছবির কাজ শেষে বিয়ের ব্যাপারে কথা বলবেন। এর আগে নয়। আগামী বছরের ১০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। এর পর পরই বিয়ের ব্যাপারে ঘোষণা দেবেন তাঁরা। কারণ হিসেবে সাইফ বলেন, ‘বিয়ে-শাদি নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়। লোকে এ নিয়ে গল্প ফাঁদতে পছন্দ করে। এতে অন্য সব কাজ ভেস্তে যায়। আমি তেমন কিছু চাই না। আগে ছবিটা মুক্তি পেতে দিন। তারপর বিয়ের আলাপ করা যাবে।’ আরেক প্রশ্নের জবাবে বেবোর (কারিনা) প্রশংসা করেন সাইফ। বলেন, ‘বেবো সৌভাগ্যবান অভিনেত্রী—কথাটা ঠিক নয়। বরং সে তার কাজের ক্ষেত্রে অসাধারণ। আমি যাদের সঙ্গে এ পর্যন্ত কাজ করেছি, তাদের মধ্যে বেবোই সেরা। ওকে বলা যেতে পারে, অভিনেতাদের “লাকি মাস্কট”। কারণ, বক্স অফিসে এখন হিট ছবি মানেই কারিনা।’ এনডিটিভি।