বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ উত্তমকুমার। কাল ৩ সেপ্টেম্বর তাঁর ৮৪তম জন্মজয়ন্তী। উত্তমকুমার স্মরণে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জুটি উত্তম-সুচিত্রা অভিনীত কয়েকটি ছবির কিছু তথ্য নিয়ে এই লেখা।সাগরিকাউত্তমকুমারের মৃত্যুর ৩০ বছর এবং ছবিটি মুক্তির অর্ধশত বছরেরও বেশি সময় পরও সাগরিকা ছবিটির প্রতি দর্শকের আগ্রহ ফুরায়নি। উত্তমের ঠোঁটে হেমন্তই বেশি মানানসই, এটা তত দিনে প্রতিষ্ঠিত। সেই হিসেবে প্রযোজকের ইচ্ছা, ছবির ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে’ গানটি হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়াবেন। কিন্তু সংগীত পরিচালক রবীন চট্টোপাধ্যায়ের চাই শ্যামল মিত্রকে। এ নিয়ে দুজনের মধ্যে খানিকটা তর্ক হয়। একপর্যায়ে রবীন চট্টোপাধ্যায় বললেন, ‘তাহলে হেমন্ত বাবুকেই নিন। আর আমাকে বাদ দিন।’ শেষ পর্যন্ত অবশ্য সংগীত পরিচালকেরই জয় হয়। রেকর্ডিংয়ের দিন সকাল থেকেই হাজির ছিলেন উত্তমকুমার। চোখেমুখে দুশ্চিন্তার ছাপ। এই প্রথম শ্যামল মিত্রের কণ্ঠে ঠোঁট মেলাবেন উত্তমকুমার। যা-ই হোক, শেষ পর্যন্ত ছবি সুপারহিট, সঙ্গে গানটিও। প্রযোজক রবীন চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন, ‘আপনি শ্যামল বাবুকে দিয়ে গাওয়ানোর জন্য এমন করছিলেন কেন বলুন তো?’ জবাবে রবীন চট্টোপাধ্যায় বলেন, ওই গানের মধ্যে এমন কিছু জায়গা ছিল, যেগুলো শ্যামল ছাড়া হতো না।হারানো সুর১৯৫৭ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ ছবির পরিচালক অজয় কর। জেমস হিলটনের ইংরেজি উপন্যাস র্যানডম হারভেস্ট-এর কাহিনি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেন নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেন উত্তমকুমার।কলকাতার মুভিটোন স্টুডিওর ফ্লোরে এ ছবির বিলাসবহুল সেট পড়েছিল। হারানো সুর-এর পাশাপাশি ওই সময় উত্তমকুমার আরও একটি ছবির শুটিং করছিলেন, মানু সেনের হারজিৎ। একবার দুটি ছবিরই শুটিং পড়ল একই সময়ে। মানু সেন উত্তমকে বললেন, ‘আজকের দিনটি যদি তুমি আমাদের দাও, তাহলে আমার ছবি বাঁচে।’ এদিকে হারানো সুর নিজের টাকার ছবি, উপরন্তু সুচিত্রা সেনের মহার্ঘ ডেট। উত্তমকে অনেক বোঝালেন অজয় কর। কিন্তু উত্তম অনড়, ‘এটা তো আমাদের নিজেদের ছবি, যত বিপদই আসুক, মাথা পেতে নিতেই হবে।’ সত্যি উত্তম কথা রেখেছিলেন।সপ্তপদীতারাশঙ্করের উপন্যাস সপ্তপদী। উত্তমকুমার পড়লেন, মুগ্ধ হলেন এবং সেই সঙ্গে সিদ্ধান্ত নিলেন, এর গল্প অবলম্বনে সিনেমা নির্মাণ করবেন। পরিচালনার দায়িত্ব দিলেন অজয় করকে। পরিবেশক অসিত চৌধুরী। রিনা ব্রাউনের ভূমিকায় নেওয়া হলো সুচিত্রা সেনকে। আর কৃষ্ণেন্দু তিনি নিজেই। যথাসময়ে ছবির শুটিং শুরু হলো। কাজ বেশ কিছুটা এগিয়েও গেল, কিন্তু তারপর বাধল ঝামেলা। বছরখানেকের ওপর কাজ বন্ধ রইল। মোটা টাকার দায় অসিত চৌধুরীর ওপর। এদিকে ছবির কাজ শেষ না হলে টাকা ফেরত আসা সম্ভব নয়। শেষ পর্যন্ত উত্তম নিজেই উদ্যোগী হয়ে সুচিত্রাকে সঙ্গে নিয়ে কাজ শুরু করলেন। অসিত চৌধুরীকে শুধু লগ্নির টাকা নয়, লাভও দিয়েছিলেন। এই ছবিতে উত্তমকুমার বিএফজেএর বিচারে সেরা নায়কের পুরস্কার পেয়েছিলেন।ইন্দ্রানীছবির ‘নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়’ গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এ গানটি উত্তমের খুব প্রিয় ছিল। বাড়িতে ছোট-বড় প্রায় সব জলসায় উত্তমের গানের তালিকায় এই গান থাকতই। এই গান তৈরির পেছনের গল্পটা এ রকম—তিন-চার দিন ধরে মহড়া হলো। গানটা গলায় ভালোমতোই বসে গেল হেমন্তের। ওই কদিন হেমন্ত আর ছবির সংগীত পরিচালক নচিকেতা ঘোষ একসঙ্গেই ছিলেন। রাতে খাওয়া শেষে নচিকেতা বললেন, ‘এবার শুয়ে পড়া যাক। বিশ্রাম না নিলে গানটা মাটি হয়ে যাবে।’ হেমন্ত বললেন, ‘ঠিকই বলেছেন। বিশ্রাম দরকার। তো, আপনি শুয়ে পড়ুন, আমার এত সকাল সকাল ঘুম আসবে না। একটু বাইরে থেকে ঘুরে আসি।’ সকালে নচিকেতা ঘোষ ঘুম থেকে উঠে দেখেন হেমন্ত নেই। আর বিছানাটাও একেবারে পরিপাটি। বাথরুমে শব্দ পাওয়া গেল। হেমন্ত বের হয়ে বললেন, ‘চলুন, বের হওয়া যাক।’ গান রেকর্ড হয়ে গেল। সবাই একসঙ্গে স্টুডিও থেকে ফিরলেন। পৌঁছেই হেমন্ত বললেন, ‘এক কাজ করা যাক, আপনারা সবাই বেড়িয়ে আসুন। ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিই।’ অর্থাৎ নচিকেতাকে ফাঁকি দিয়ে হেমন্ত সারা রাত এক জলসায় গেয়ে এসে তারপর ‘নীড় ছোট ক্ষতি নেই’ গানটি রেকর্ড করেছিলেন! আশরাফুল হক, ওয়েবসাইট অবলম্বনে