এখনও ক্রুজের ফাঁদে কেটি হোমস!
‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেও পুরোপুরি মুক্ত জীবনের স্বাদ নিতে পারছেন না কেটি হোমস। কেটি মনে করছেন, টম ক্রুজের ফাঁদে আটকে আছেন তিনি। বিচ্ছেদের পর থেকে কেটির কাছেই আছে ক্রুজ-কেটির একমাত্র মেয়ে সুরি। এজন্য প্রায় সময়ই তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন ক্রুজ। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোবিজস্পাই জানিয়েছে, সুরির কারণে ক্রুজের সঙ্গে যোগাযোগ পুরোপুরি ছিন্ন করতে পারছেন না কেটি। ভালো লাগুক বা না লাগুক, ক্রুজের সংস্পর্শে থাকতে হচ্ছে তাঁকে। এজন্য একাকী জীবনের স্বাধীনতা তিনি পুরোপুরি উপভোগ করতে পারছেন না। ক্রুজের সঙ্গে যোগাযোগ থাকায় পুরোনো দিনের ভালো কিংবা মন্দ নানা স্মৃতি প্রায়ই ভেসে উঠছে কেটির মনের পর্দায়। এটা একরকম মানসিক অত্যাচারের পর্যায়ে পৌঁছে গেছে। এজন্য তিনি নিদারুণ অস্বস্তিতে ভুগছেন। ছুটির দিন কিংবা বিশেষ দিনগুলোতে সুরিকে খুশি করার প্রতিযোগিতায় রীতিমতো একধরনের যুদ্ধই শুরু হয় ক্রুজ এবং কেটির মধ্যে। বড়দিন বা এ ধরনের উত্সবে সুরিকে কী উপহার দেবেন বা কোথায় বেড়াতে নিয়ে যাবেন তা নিয়ে তটস্থ থাকতে হয় কেটিকে। তাঁর সব সময় মনে হয়, এই বুঝি সুরিকে খুশি করার ক্ষেত্রে তাঁকে ছাপিয়ে গেলেন ক্রুজ!