এখনকার ঈদ শুধুই ভালোবাসার
ঈদের আগে প্রথম আলোর অনলাইন বিভাগে এসেছিলেন অভিনয়শিল্পী অনন্ত। সে সময় ঈদের স্মৃতিসহ নানা বিষয়ে অনেক কথা বলেছিলেন তিনি। এ আলাপচারিতার সূত্রধর মোর্শেদ নোমান

মাকে মনে পড়ে
‘ছোটবেলায় মাকে হারানোর কারণে আমার ঈদ ছিল কষ্টের। প্রতিবছর ঈদেই আমি কাঁদতাম। কিন্তু আমার এখনকার ঈদে তেমন কোনো কষ্ট নেই। আছে শুধুই ভালোবাসা। এখনকার ঈদ শুধুই ভালোবাসার।’—এভাবেই ঈদ নিয়ে নিজের অনুভূতির কথা জানাচ্ছিলেন হালের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল।
মা-হীন শৈশবে মায়ের অভাবটিই কষ্ট দিয়েছে অনন্তকে। যৌবনে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন বল্গাহীনভাবে। ব্যবসা করতে এসে সামাজিকতার দিকটাকে গুরুত্ব দিয়েছেন। অবশ্য এতিম শিশুদের দুঃখ ভোলাতে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন। আর এখন ভক্ত ও এতিম শিশুদের সঙ্গে চমৎকার সময় কাটান বলে জানান অনন্ত।
মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারান অনন্ত। ঈদের দিন অন্য মায়েরা যখন তাঁদের সন্তানদের সাজিয়ে দিচ্ছেন, তখন চোখে কান্নার জল কোনো বাধাই মানত না অনন্তর। অনন্ত বলেন, ‘প্রতিটি ঈদেই আমি কাঁদতাম। সহ্য করতে না পারলে দরজা বন্ধ করে বসে থাকতাম।’
মনে পড়ে ভাইকেও
অনন্তকে এ অবস্থা থেকে বের করে আনন্দে মাতাতে চাইতেন তাঁর বড় ভাই। বড় ভাইয়ের স্নেহ-ভালোবাসা আর মমত্ব তাঁকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে বলে মনে করেন তিনি। বললেন, ‘বাবা ছিলেন প্রচণ্ড ব্যস্ত। এ ভাইটি আমাকে বাবার স্নেহ আর মায়ের আদর দিয়ে বড় করেছেন। দুর্ভাগ্যজনক বিষয়টি হলো, এ ভাইটিও ২০০৮ সালে আমাকে ছেড়ে গেছেন।’ বলতে বলতে চোখের কোণে পানি জমে ওঠে চিত্রনায়ক অনন্তের চোখে।
ছোটবেলার পর বন্ধুদের নিয়ে ঘোরার সময়টুকুতে নির্মল আনন্দ উপভোগ করার চেষ্টা করেছেন অনন্ত। এ ক্ষেত্রেও বড় ভাইয়ের অবদান যথেষ্ট।
অতঃপর ভক্তদের সঙ্গে
তবে নিজের ঈদ আনন্দের সবচেয়ে মধুর সময় হিসেবে গত কয়েকটি বছরকে চিহ্নিত করেন অনন্ত জলিল। জানালেন, ২০১২ সাল থেকে প্রতিটি ঈদই তিনি তাঁর ভক্তদের সঙ্গেই কাটান। ঈদের দিন তাঁর বাড়ির দরজা ভক্তদের জন্য খোলা থাকে। অনন্ত বলেন,‘আমার ভক্তরা এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন। সারা বছর দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও এ সময় আমি দেশের বাইরে যাই না। ভক্তদের মতো আমিও তাঁদের অপেক্ষায় থাকি।’
ভক্তদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঈদের দিনে সিনেমা হলে ছবি দেখতে যান বলেও জানালেন অনন্ত।
অনন্তর ঈদ বিনোদনের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো এতিমদের সঙ্গে সময় কাটানো। ১০ বছর ধরে তিনটি এতিমখানা পরিচালনা করছেন অনন্ত। সম্প্রতি আরেকটি এতিমখানা যুক্ত হয়েছে তাঁর সামাজিক কর্মকাণ্ডে।