এখনো ঘোর ভাঙে না তোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে শিল্পীদের সমবেত সংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো
ছায়ানটে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে শিল্পীদের সমবেত সংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো

নিজের ছাত্রকে, পুত্রকে বলতে হয়—মানুষ হয়ে ওঠো। লাউডগাকে বলতে হয় না, তুমি লাউডগা হয়ে ওঠো। মানুষকে পরম যত্নে যিনি মানুষ হওয়ার সরণিতে তুলে দেন, তিনি রবীন্দ্রনাথ।
ছায়ানট সংস্কৃতি-ভবনে গতকাল শুক্রবার বিকেলে চলছিল রবীন্দ্রনাথকে নিয়ে সুবচন ‘রবিরশ্মি’। কথা বলছিলেন, সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস।
মূল মিলনায়তনে তখন পা ফেলার জায়গা নেই। ক্লাস শেষ করে বেহালা কাঁধে এক বালিকা এসে সেখানে জায়গা করে নেয়। থামানো যাচ্ছিল না রবীন্দ্রপ্রেমীদের প্রবেশ। গাড়ি রাখার জায়গাতেও পাওয়া গেল ঢাকা জেলার প্রতিযোগী সুদীপ সরকারকে। রেওয়াজ করছেন।
গতকাল সেখানে শুরু হয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৪তম বার্ষিক সম্মেলন। ‘এখনো ঘোর ভাঙে না তোর’ বোধন সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর স্বাগত ভাষণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ, সভাপতির ভাষণ দেন সন্জীদা খাতুন। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী অধ্যাপক অনুপম সেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিষদের শত শত শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক হাজির হয়েছেন এই সম্মেলনে। সকালে উদ্বোধনের পর থেকেই শুরু হয় সংগীতানুষ্ঠান। তিন দিনের এই আয়োজনে আজ ও আগামীকাল সন্ধ্যায়ও থাকবে আবৃত্তি, পাঠ, নাচ।
দ্বিতীয় দিনের অধিবেশনে আজ বিকেল চারটায় সেমিনারে প্রবন্ধ পড়বেন আবুল মোমেন। বিষয়, ‘রাষ্ট্র ও ধর্ম: রবীন্দ্রভাবনা ও বর্তমান বাস্তবতা’। সভাপতিত্ব করবেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সন্জীদা খাতুন। আলোচনায় অংশ নেবেন সারওয়ার আলী ও মফিদুল হক।
গতকাল দুপুরে কিশোর বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকে থাকবে সাধারণ বিভাগের চূড়ান্ত প্রতিযোগিতা। রবীন্দ্র পদক দেওয়া হবে রোববার বিকেলের সমাপনী অধিবেশনে। এবার রবীন্দ্র পদকে ভূষিত হচ্ছেন প্রবীণ শিল্পী সুধীন দাশ এবং নিসর্গবিদ দ্বিজেন শর্মা।