এখনো প্রেম করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ করিম। অভিনয় করছেন ছোট পর্দা ও বড় পর্দায়। জনপ্রিয়তার দিক থেকে নিজের সমসাময়িক শিল্পীদের তুলনায় এগিয়ে আছেন। পাঠক, তিনি আপনার প্রশ্নের মুখোমুখি হয়েছেন। ‘পাঠকের প্রশ্ন তারকার উত্তর’ বিভাগে এবারের অতিথি তিনি। ফেসবুক পেজ, ই-মেইল আর ডাকযোগে পাঠকদের পাঠানো অসংখ্য প্রশ্নের মধ্য থেকে নির্বাচিত কিছু প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
মোশাররফ করিম। ছবি: আনন্দ
মোশাররফ করিম। ছবি: আনন্দ

ঝাল নাকি পান, কোনটা খেতে বেশি মজা?
খন্দকার হুমায়রা
* কোনোটাই না। তবে একটা গানের কথা মনে পড়ছে, ‘ঘুমাইয়া পড়লা বন্ধু, পান খাইলা না’। এই গানে যে পানের কথা বলা হয়েছে, সেই পান কিন্তু অনেক মজার।
অভিনেতা না হলে আপনি নেতা হতেন?
মেহেদী হাসান
* একদম না। সম্ভবত শিক্ষক হতাম।
আপনি প্রেম করেছিলেন?
মোবারক হোসেন
* করেছিলাম মানে কি, এখনো তো করছি!
ফেসবুকে মিমে (ফটো কমেন্ট) আপনার ছবি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনার কাছে তা কেমন লাগে?
তৌফিক বাবু
* দারুণ! ছবির অভিব্যক্তির সঙ্গে শতভাগ মিলে যায়, এমন চমৎকার চমৎকার সংলাপ জুড়ে দেওয়া হচ্ছে। যাঁরা এই কাজটি করছেন, তাঁদের যথেষ্ট সৃজনশীল বলে মনে হয়।
আপনার স্ত্রীকে দেখলাম এক মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে। কিন্তু তাঁকে ঘিরে ওখানে কারও মাঝেই কোনো আগ্রহ ছিল না।
রাফিউল শাহ আকন্দ
* সেটা আমার জন্য ভালো খবর। তবে জুঁই কিন্তু টিভিতে এখন অনেক কাজ করছে। আর ওর কাজগুলোও ভালো হচ্ছে। আশা করি, সেদিন খুব দূরে নয়, যেদিন ওকে নিয়েও সবার মাঝে আগ্রহ তৈরি হবে।
নায়ক আর ব্যক্তি মোশাররফ করিমের মধ্যে মিল কোথায়?
মুনিরা ইয়াসমীন
* দুটোই দুটোতে একাকার।
আপনি কি কখনো কোনো কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন?
মোজাম্মেল
* হ্যাঁ, ঢাকাতেই। সেটা অনেক আগের কথা।
আপনাদের কি প্রেমের বিয়ে?
রিফাত ইমরান

* প্রথমে প্রেম করেছি। তবে বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে।

ভক্তরা আপনাকে অনেক ভালোবাসে। এই ভালোবাসা দিয়ে চানাচুর, বিস্কুট পাওয়া যায় না। তাহলে এই ভালোবাসা পেয়ে এত খুশি হন কেন?
এ আর মহিউদ্দীন
* ভালোবাসা ছাড়া আর আছে কী?

নাটকে আপনি আবেগে কেঁদেছেন। গরমের সময় আবেগে আপনার কী হয়?
মো. আল আমিন হোসাইন
* গরমের সময় সারা শরীর দিয়ে কাঁদি।

আপনার এত আবেগ কেন?
মো. আবু হোসেন
* এটা কিন্তু আমারও প্রশ্ন।

প্রথম কবে প্রেমে পড়েছেন?
নিয়াজ শাওন
* আমার তারিখ মনে থাকে না।