ভিনদেশি তরুণীদের খোঁপায় যেন তারার ফুল গুঁজে দিচ্ছেন রূপ কারিগরেরা। লবিতে দাঁড়িয়েই স্পষ্ট দেখা যাচ্ছে তা। সাজকক্ষের শেষ মুহূর্তের তোড়জোড় অভ্যর্থনা পথেই বড় পর্দায় দেখে নিচ্ছেন অতিথিরা। কিন্তু এই বিদেশিনীদের নয়, চোখ খুঁজছে কোনো এক বঙ্গললনাকে। কিশোর, তরুণ, মাঝবয়সী থেকে শুরু ৬০ ছুঁয়ে যাওয়া মানুষটির হৃৎস্পন্দন পর্যন্ত বলছে, ‘সে মঞ্চে এসে কালো এলোকেশ দোলালেই এই সন্ধ্যার যেন মান রক্ষা হয়!’ সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের জন্য এমন উদ্গ্রীব মুহূর্ত নিয়েই শুরু হয় গতকালের সন্ধ্যাটা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে গতকাল র্যা ম্পে হাঁটার জন্য সুদূর ভারত থেকে উড়ে এসেছিলেন সুস্মিতা সেন। র্যা ম্প আয়োজনটির নাম ছিল ‘ট্রেসেমে ফ্যাশন শো’। আমন্ত্রণপত্র বলছিল, সন্ধ্যা সাতটা থেকেই জমে উঠবে আয়োজন। কিন্তু রাজধানীর যানজট থেকে বলিউড সুন্দরী সুস্মিতাও রক্ষা পাননি। তাই আয়োজক ইউনিলিভার বাংলাদেশ তাদের মহাযজ্ঞ শুরু করে নির্দিষ্ট সময়ের খানিক পরে। তবে তাতেও কারও আগ্রহে ছেদ পড়েনি।
তিনি এলেন ঘড়ির কাঁটা যখন ঠিক ৭টা ৪৫-এ পৌঁছাল। এসেই ঢুকে পড়লেন তাঁর একান্ত সাজঘরে। সেখানে হেয়ার স্টাইলিস্ট ড্যানিয়েল বয়ার ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। সাজঘরের দরজা ক্ষণে ক্ষণেই খুলে যাচ্ছিল, আর তখনই একটু-আধটু করে দেখা মিলছিল সেই সুন্দরীর, যিনি প্রথম ভারতীয় ও বাঙালি হিসেবে জিতেছিলেন বিশ্বসুন্দরীর মুকুট। ১৯৯৪ সালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কলম্বিয়া ও গ্রিসের সুন্দরীদের হারিয়ে জিতেছিলেন সেরার মুকুট। রাত নয়টায় হঠাৎ খুলে গেল ‘সুশ’-এর সাজঘরের দরজা। বেরিয়ে এলেন বিশ্বজয়ী সেই বঙ্গললনা। দুই সন্তানের জননী সুস্মিতা। আসছে নভেম্বরে জীবনের ৪০তম বছর শুরু হবে তাঁর। কিন্তু তাঁর উচ্ছ্বাস দেখলে কে বলবে তা? খানিক সময়ের জন্য বেরিয়েছিলেন কিন্তু কথা বলেননি নিজের চেনা গণ্ডির বাইরের কারও সঙ্গে। শুধু পাশে থাকা তাঁর ব্যক্তিগত ব্যবস্থাপককে বললেন, ‘তোমার জিনিয়াস বরটা কোথায়?’ সুস্মিতার মুখের বাংলা বুলিতেই বোঝা গেল তাঁর বাঙালিয়ানা। চার ঋতুর চার রকম সাজ নিয়ে মডেলরা উঠেছিলেন মঞ্চে। প্রথমে গ্রীষ্ম, এরপর শরৎ, শীত; আর সবশেষ বসন্ত। প্রতিটি ঋতুর প্রতিনিধিত্ব করেন একজন করে তারকা শো স্টপার। তাঁদের মধ্যে ছিলেন মৌ, মিম ও মেহ্জাবীন। সবশেষে বসন্তের রঙিন সাজে মঞ্চে ওঠেন একঝাঁক মডেল। লাল পোশাকের বসন্তকন্যাদের দলের শো স্টপার সুস্মিতা। নিখিল শান্তনুর লাল পোশাক পরেছিলেন তিনি। তাঁর চুল সাজিয়েছিলেন ভারত থেকে আসা তারকা হেয়ার স্টাইলিস্ট ড্যানিয়েল বয়ার।

ঠিক রাত ১০টা বেজে ৮ মিনিটে দর্শকেরা পেলেন সুস্মিতার দেখা। প্রাণবন্ত হাসি নিয়ে তিনি উঠলেন মঞ্চে। তাঁর দত্তক নেওয়া বড় মেয়ে রেনের বয়স ১৬। কিন্তু মা সুস্মিতা তো সেই ষোড়শী মেয়েকেও হার মানিয়ে দেন। র্যা ম্পে সুস্মিতা এখনো তাঁর মিস ইউনিভার্সের সময়কার মতোই তরুণ। শুধু চলন নয়; চাহনি, হাসি, হাত নাড়িয়ে দর্শক উন্মাদনা বাড়িয়ে দেওয়ার কৌশল—সবই তাঁর নখদর্পণে। প্রথমবার একাই মঞ্চে এলেন। এরপর সঙ্গে নিয়ে এলেন হেয়ার স্টাইলিস্ট বয়ারকে। তখনই শুরু হলো প্রশ্ন-উত্তর পর্ব। সঞ্চালক প্রশ্ন করলেন, ‘কেমন লাগছে বাংলাদেশে এসে?’ সহজ জবাব তাঁর, ‘যেমন লাগে নিজের বাড়ি এসে!’ এরপর বাংলাতেই বাংলাদেশ নিয়ে নিজের স্মৃতির কথা বলে গেলেন অনবরত। জানালেন, ২১ বছর আগে বিশ্বসুন্দরীর খেতাব জিতে লস অ্যাঞ্জেলেসে গেলে, সেখানকার ভিনদেশি মাটিতে বাংলাদেশিরা কেমন করে তাঁকে ঘর থেকে দূরে যাওয়ার দুঃখ কাটিয়ে দিয়েছিল। এরপর বাংলায় ‘ওগো বিদেশিনী’র দুটো লাইনও বলেন। এরপর প্রস্থান করেন মঞ্চ থেকে। তবে যাওয়ার আগে বলে যান, ‘আমার মা আমাকে বলেছেন, টিটুন, তুই যখন র্যা ম্পে হাঁটবি, তখন দুর্গার শক্তি নিয়ে হাঁটবি।’ তাই মায়ের কথা রেখেই সেই শক্তিতে মঞ্চ অধিকার করে বেরিয়ে গেলেন তিনি।