এখনো অনুতপ্ত ক্রিস্টেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসনকে প্রায় হারাতেই বসেছিলেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। ভুল স্বীকার করে বারবার ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত প্রেমিকের ক্ষমা পেলেও এখনো নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ২২ বছর বয়সী ক্রিস্টেন। ক্রিস্টেনের কাছের এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে ‘ইউএস’ ম্যাগাজিন জানিয়েছে, প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণার পর থেকেই তীব্র অপরাধবোধে ভুগছেন ক্রিস্টেন। প্যাটিনসন তাঁকে ক্ষমা করে দিলেও তিনি কিছুতেই সেই অপরাধবোধ মন থেকে মুছে ফেলতে পারছেন না। এখনো নিদারুণ অনুতপ্ত ক্রিস্টেন। ক্রিস্টেনের ওই বন্ধু বলেন, ‘ক্রিস্টেন খুব ভালো করেই জানেন, তিনি যা করেছেন তা কখনোই ভুলতে পারবেন না প্যাটিনসন। উদারতা আর তীব্র ভালোবাসা থেকে তিনি ক্রিস্টেনকে ক্ষমা করলেও তাঁদের প্রেমে বিশ্বাস বা আস্থার ভিতটা অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। ক্রিস্টেন মনে করছেন, প্যাটিনসনের কাছে তাঁর প্রেমের অগ্নিপরীক্ষা এখনো শেষ হয়নি।’ ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টোয়াইলাইট’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন প্যাটিনসন ও ক্রিস্টেন। সেই থেকে তাঁরা প্রেমের তরী বাইছেন। মাঝে এই জুটির জীবনে ঝড় তুলেছিল নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর ও ছবি ফাঁস হওয়ার বিষয়টি।