‘এখনো অপেক্ষায় কত কবিতা, কত নাটক, কত গল্প। করোটির ভেতরে শব্দের কী অবিরাম গুঞ্জন। কলমের গর্ভে এখনো তো আমার রক্ত অফুরান। দৃষ্টিভূমিতে এই দেশ ও এই মানুষেরই দীর্ঘ ছায়া লয়ে আমি আমার লেখার টেবিলে।’ কথাগুলো কবিতার মতোই শোনাল। গত শুক্রবার সৈয়দ শামসুল হকের আশিতম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘর ও জাতীয় কবিতা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ‘দৃষ্টিভূমিতে দীর্ঘছায়া’ শিরোনামে আপন উপলব্ধির ভাষণে লেখক এ কথাগুলো বলেন।
আজ সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজনটি হয়েছিল ২৫ ডিসেম্বর। জাতীয় জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণের এ আয়োজনে কবিকে উৎসর্গ করে ‘অনুরাগের পত্র’ শীর্ষক সম্মাননাপত্র পাঠ করেন কবি রবিউল হুসাইন। শুভেচ্ছা বক্তব্য দেন কবি রফিক আজাদ ও হাবীবুল্লাহ সিরাজী। সভাপতিত্ব করেন কবিতা পরিষদের সভাপতি কবি মুহম্মদ সামাদ। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
হাসান আরিফের নির্দেশনায় শ্রুতিঘরের শিল্পীরা আবৃত্তি করেন সৈয়দ হকের দীর্ঘ কবিতা ‘আকবরের জন্য কান্না’। নজরুলের ‘আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান’ গেয়ে শোনান শারমীন সাথী ইসলাম আর মহিউজ্জমান চৌধুরী শোনান রবীন্দ্রনাথের ‘বরিষ ধরা-মাঝে শান্তির বাণী’।
অনুষ্ঠানে সৈয়দ হককে শুভেচ্ছা জানান অধ্যাপক মুনতাসীর মামুন, কবি কামাল চৌধুরী, জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজুর রহমান, কবি কাজী রোজী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কবি নূহ-উল-আলম লেনিনসহ অনেকে। সাংগঠনিকভাবে শুভেচ্ছা জানায় জাতীয় জাদুঘর, জাতীয় কবিতা পরিষদ, রাইটার্স ক্লাবসহ বিভিন্ন সাহিত্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন।