আরও একবার নিজের জনপ্রিয়তা প্রমাণ করলেন অস্কারজয়ী অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার সর্বোপরি অভিনেতা হিসেবে যিনি সর্বাধিক পরিচিত। তাঁর সর্বশেষ অভিনীত ছবি আনস্টপেবল-এ অভিনয়ের মাধ্যমে আবার নিজের সেরাটুকু দেখালেন। ১০ কোটি ডলার বাজেটের ছবিটি মুক্তির পরই জায়গা করে নিয়েছে টপ চার্টে। এখন পর্যন্ত ছবিটির আয়ের পরিমাণও চমকে যাওয়ার মতোই। টনি স্কট পরিচালিত ছবিটির প্রধান দুই চরিত্রের একটিতে অভিনয় করেছেন ডেনজেল। নিউইয়র্ক শহরে ১৯৫৪ সালে জন্ম ডেনজেলের। খ্রিষ্টান ধর্মযাজকদের অন্যতম একজন বাবা রেভারেন্ড ডেনজেল এইচ ওয়াশিংটন জুনিয়র এবং রূপচর্চা বিশেষজ্ঞ মা লেনিস লাইনির তৃতীয় সন্তান ডেনজেলের পুরো নাম ডেনজেল হায়েস ওয়াশিংটন জুনিয়র। সংক্ষেপে তিনি ডেনজেল ওয়াশিংটন হিসেবেই পরিচিত। কলেজে পড়ার সময় একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অভিনয়ে তাঁর হাতেখড়ি। নিজের কলেজে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন ডেনজেল। পরবর্তী সময়ে অভিনয়ে আগ্রহী হয়ে বৃত্তি নিয়ে ভর্তি হন একটি অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠানে। ১৯৭৭ সালে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার চিন্তা থেকেই উইলমা নামের একটি টেলিভিশন ছবিতে অভিনয় করেন। তবে ১৯৮১ সালে কার্বন কপি ছবির মাধ্যমে হলিউডে যাত্রা শুরু। ১৯৮৭ সালে ক্রাই ফ্রিডম ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে প্রথমবারের মতো অস্কার মনোনয়ন পান এবং পরবর্তী দুই বছর পরই গ্লোরি ছবিতে সেরা পার্শ্ব চরিত্রের জন্য অস্কার জেতেন। ছবিটির ব্যাপক সাফল্যে ডেনজেলের পুরস্কারের ঝুলিতে যুক্ত হয় গোল্ডেন গ্লোব একাধিক পুরস্কার।২০০১ সালে ট্রেইনি ডে ছবিতে অভিনয়ের মাধ্যমে সেরা অভিনেতা হিসেবে আবারও অস্কার জেতেন। আলোড়ন সৃষ্টিকারী ছবিটিতে সেরা অভিনেতা হিসেবে অস্কারের পাশাপাশি আটটি পুরস্কার আর পাঁচটি নমিনেশন জিতে নেন ডেনজেল।ডেনজেল অভিনীত নানা ছবির মধ্যে রয়েছে জন কিউ, আউট অব টাইম, ইনসাইড মেন, ডেজা ভু, আমেরিকান গ্যাংস্টার ইত্যাদি। প্রায় প্রতিটি ছবির জন্যই ডেনজেল পেয়েছেন একাধিক পুরস্কার আর নমিনেশন। অস্কার ছাড়াও তাঁর পুরস্কারের তালিকায় রয়েছে এমটিভি মুভি অ্যাওয়ার্ড, বেস্নক রিয়েল অ্যাওয়ার্ড, বিইটি অ্যাওয়ার্ড, সিলভার বিয়ার অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার। ১৯৮৩ সালে নিজের প্রথম টিভি ছবি উইলমায় তাঁর সহঅভিনেত্রী পাউলেটা পিয়ারসনকে বিয়ে করেন। অভিনয়ে নিজের সেরা পারফরম্যান্সের জন্য ১৯৯১ সালে ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ডেনজেল। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ের শুরু। তাই সুযোগ পেলে এখনো থিয়েটারে অভিনয় করেন এ অভিনেতা। এ সম্পর্কে নিজের অভিমত, জীবনটা বেশি বড় নয়। ছোট্ট এ জীবনে শুরু থেকে যে কাজের মাধ্যমে এগিয়ে চলা, সে কাজটিকে ভুলে যাওয়া ঠিক নয়। শুধু অভিনয়ই নয়, মানবকল্যাণেও নিবেদিতপ্রাণ ডেনজেল বিভিন্ন চ্যারিটি সংস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দেন সুযোগ পেলেই। ২০১২ সালে ডেনজেলের দ্য ম্যাটারিস সার্কেল ছবিটি মুক্তি পাবে। সব মিলিয়ে নিজের সেরাটা প্রতি ছবির মাধ্যমেই দর্শকদের দিতে চান এ অভিনেতা। সে লক্ষ্যেই এগিয়ে চলছেন তিনি। নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ওয়েবসাইট