এখনো ফিল কলিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরতরুণ শিল্পী ফিল কলিন্স সম্প্রতি নিজের নতুন প্রকাশিত অ্যালবাম গোয়িং ব্যাক-এর মাধ্যমে আবারও দেখালেন নিজের শ্রেষ্ঠত্ব। টারজান ছবির ‘ইউ উইল বি ইন মাই হার্ট’ শিরোনামের গানের জন্য অস্কারজয়ী এ শিল্পীর অ্যালবামটি প্রকাশের পর ১৯টি দেশের টপ চার্টে প্রথম ১০-এর তালিকায় জায়গা করে নিয়েছে। ১৮ গানের এ অ্যালবাম বিক্রির দিক দিয়েও ছাড়িয়েছে পুরোনো অনেক রেকর্ড।ফিল কলিন্সের জন্ম ১৯৫১ সালে লন্ডনে। পুরো নাম ফিলিপ ডেভিড চার্লস ফিল কলিন্স। শুধু গায়ক নন, গীতিকার, কি-বোর্ডিস্ট, ড্রামবাদক, অভিনেতা—এমন সব নানা পরিচয়ে পরিচিত তিনি। নানা সংগীতযন্ত্র বাজানোয় পারদর্শী ৫৯ বছর বয়সী এ গায়ক গানের পাশাপাশি এখন বিভিন্ন দেশে স্টেজ শো চালিয়ে যাচ্ছেন। মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনির মতো শিল্পীদের পাশে রয়েছে কলিন্সের নাম, যিনি বিশ্বব্যাপী একক এবং ব্যান্ডে ১০ কোটি অ্যালবাম বিক্রির রেকর্ডে তালিকাভুক্ত! নিজের ব্যান্ড জেনেসিস থেকে প্রকাশিত অ্যালবামগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। ১৯৬৭ সালে পপ এ ব্যান্ডের যাত্রা শুরুর মধ্য দিয়েই সংগীতজগতে উত্থান কলিন্সের। ১৯৬৯ সালে জেনেসিস টু রিভিলেশন অ্যালবামটির মধ্য দিয়ে ব্যান্ডটির শুরু। শুরু থেকে মূল গায়ক ও ড্রামার হিসেবে থাকা কলিন্স এখনো আছেন এ ব্যান্ড নিয়েই। দীর্ঘ এ সময়ে দলের সদস্যদের মধ্যে হয়েছে পরিবর্তন। ব্যান্ড থেকে ১৫টি স্টুডিও অ্যালবাম, ছয়টি লাইভ অ্যালবাম, ১২টি ভিডিও অ্যালবাম বের করার মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দেয় রক, প্রগ্রেসিভ রক, পপ রক গানে পারদর্শী দলটি। ফক্সটরোট, সেলিং ইংল্যান্ড বাই দ্য পাউন্ড, দ্য লাম্ব লাইনস ডাউন অন ব্রডওয়ে, ডিউক, জেনেসিস, ইনভিজিবল টাচ, থ্রি সাইডস লাইভ অ্যালবামগুলো ছিল বিভিন্ন দেশের টপ চার্টের প্রথম স্থানে আর বিশ্বব্যাপী বিক্রিও হয়েছে বেশ।ছেলেবেলা থেকেই বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণ ছিল কলিন্সের। আর তাই বিভিন্ন ধরনের সংগীতযন্ত্র উপহার হিসেবে পেতেন তিনি। তবে তাঁর শুরুটা হয়েছিল ১৪ বছর বয়সে ছোটদের অনুষ্ঠানে অভিনয়ের মাধ্যমে। শুরু থেকেই নানা ধরনের জনপ্রিয় অনুষ্ঠানে অভিনয় করা কলিন্স একসময় ফ্রান্সো জেফিরিলি পরিচালিত রোমিও জুলিয়েট ছবিতে রোমিও চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন! তবে অভিনয়ে বেশি দিন থাকেননি গানপাগল এই শিল্পী। অভিনয় ছেড়ে নিজের বিদ্যালয়েই দ্য রিয়েল থিং নামের একটি ব্যান্ড গড়ে তোলেন; আর জীবনে প্রথম গান ‘লাইং ক্রাইং ডাইং’ লেখেন। সে সময় বিভিন্ন স্কুলে এ গানের মাধ্যমে নিজেকে পরিচিত করে তোলেন কলিন্স। এই যাঁর শুরু, তাঁর এগিয়ে চলাটা তাই আর থেমে থাকেনি। জনপ্রয়তার সিঁড়ি বেয়ে দর্শকদের নিজের গানে মাতাতে থাকেন কলিন্স। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া বোথ সাইডস অ্যালবামটি ইউরোপসহ বিভিন্ন দেশে টপ চার্টের শীর্ষে থাকাসহ বিশ্বসেরা বিক্রীত অ্যালবামের মধ্যে জায়গা করে নেয়। ১১টি গানের এ অ্যালবামটির কল্যাণে কলিন্সের পরিচিতির ব্যাপ্তি বেড়ে যায়। এভাবেই এগোতে থাকা কলিন্সের ঝুলিতেও বাড়তে থাকে পুরস্কার। অ্যালবাম অব দ্য ইয়ার, বেস্ট মেইল পপ ভোকাল অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ারসহ বিভিন্ন ক্যাটাগরিতে জিতেছেন একাধিক গ্র্যামি অ্যাওয়ার্ড। পুরস্কারের তালিকায় আরও রয়েছে সেরা অ্যালবাম, সেরা গায়ক হিসেবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব, ডিজটি লিজেন্ডসহ বিভিন্ন পুরস্কারের একাধিক মনোনয়ন। নতুন অ্যালবামটির পাশাপাশি গান নিয়ে আরও কাজ করে যেতে চান কলিন্স। যত দিন পারেন, তত দিন গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে যাবেন—এমনই প্রত্যাশায় এগিয়ে যাচ্ছেন তিনি।নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ওয়েবসাইট