এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক এ পাশে বন্ধ জানালা। নাটকটি লিখেছেন রাশেদ শাওন এবং পরিচালনা করেছেন রাশেদ রাহা। এতে অভিনয় করেছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।ঈদের পর আবার ব্যস্ততা শুরু হয়ে গেছে?না, এখনো বিশ্রাম নিচ্ছি। ঈদের আগে অনেক কাজ করতে হয়েছে। ঈদের সময় আবার ছেলেটা অসুস্থ ছিল। সব মিলিয়ে বেশ চাপের মধ্যে ছিলাম। এখন ছেলেটা সুস্থ হয়েছে। কাল (সোমবার) থেকে কাজ শুরু করব। এবার তা হলে কতগুলো নাটক করবেন?তা বলতে পারছি না। অনেকগুলো স্ত্রিপ্ট হাতে পেয়েছি। বিশ্রাম নেওয়ার ফাঁকে স্ক্রিপ্ট পড়ছি। সাত-আটটি স্ক্রিপ্ট পড়লে একটি অথবা দুটি ভালো লাগে। অনেক সময় একটিও ভালো লাগে না। খুব হতাশ হতে হয়। তবে মাঝেমধ্যে খুব ভালো কিছু কাজ পাই। চমৎকার ভাবনা।‘এ পাশে বন্ধ জানালা’তে কবে কাজ করেছিলেন?কয়েক মাস আগে। আমি, ইন্তেখাব দিনার আর ইশানা কাজ করেছিলাম। তখন শিডিউল নিয়ে খুব ঝামেলা হয়েছিল। সাভারে অন্য একটি নাটকের কাজ ছিল। সেটি শেষ করে ছুটতে ছুটতে আধা বেলা পর এসে যোগ দিই এই নাটকে। নতুন কোনো ধারাবাহিকে কাজ করার খবর আছে?এ মাসেই চ্যানেল টোয়েন্টিফোরে আসিন নামে একটি ধারাবাহিকের প্রচার শুরু হবে। তাতে নাম-ভূমিকায় আমি অভিনয় করেছি। বিদেশে মেয়েটির বিয়ে হয়। মেয়েটি যখন অন্তঃসত্ত্বা, তখন স্বামী হঠাৎ নিখোঁজ হয়। শেষে মেয়েটি স্বামীর খোঁজে দেশে ফিরে আসে। মুখোমুখি হয় কঠিন বাস্তবতার।ভাবনাটা খুব পরিচিত। ইদানীং মুক্তি পাওয়া একটি হিন্দি ছবির সঙ্গে যথেষ্ট মিল মনে হচ্ছে...মিল থাকতেই পারে। কিন্তু মোটেও এক রকম নয়। মেয়েটির জায়গা থেকে পুরো ব্যাপারটা দেখানো হয়েছে। আর ধারাবাহিকটি হবে ১০৪ পর্বের। সামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে নানা দিক এখানে তুলে ধরা হবে।