এখনো মনে হয় চাষী মারা যাননি: কবরী

দেবদাস সিনেমা কিংবা বন্ধু শুভাকাঙ্ক্ষী, দেবদাসকে আমার জীবন থেকে বিচ্ছিন্ন কিছু মনে হয় না। ঘটনা-পরম্পরায় মানুষের জীবনে যেমন অনেক কিছুই হয়, দেবদাসও আমার জীবনে তেমন একটি ঘটনা। আমার পেশা হচ্ছে অভিনয়, তাই দেবদাস ছবিতে অভিনয় করেছি। কাজ করার সময় কাজ করেছি, চাষী নামের লোকটার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। তাঁর সঙ্গে আমার যে মনের মিল একটা মান-অভিমান, তৃতীয় কোনো ব্যক্তির কাছে আমাদের এ ধরনের কথায় হয়তো অনেকেই ভাববেন এটা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক। আসলে চাষীর সঙ্গে সম্পর্কটা তেমন ছিল না। সব সম্পর্কের ঊর্ধ্বে ছিল আমাদের সম্পর্ক। দেখা যায়, কারও সঙ্গে কাজের সম্পর্ক, কারও সঙ্গে শুধু পারিবারিক সম্পর্ক, আবার কারও সঙ্গে শুধুই বন্ধুত্ব; কিন্তু আমাদের সম্পর্কটা এমন ছিল যে যা সবকিছুকেই ছাড়িয়ে গেছে। হয়তো মাঝেমধ্যে বলতাম চাষী, আপনি কি ফ্রি আছেন? কাজের ব্যস্ততায় চাষী হয়তো বলতেন ফ্রি নেই, তখন খুব অভিমান হতো। ভাবতাম, এরপর আর কোনো দিন চাষীর সঙ্গে কথা বলব না। কিন্তু দেখা হলেই সবকিছু ভুলে যেতাম। চাষীকে যখন আমার মান-অভিমানের কথা বলতাম, তখন তিনি হো হো করে হেসে উঠতেন।
আমরা হয়তো অনেকেই বলব, চাষীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আরেকজন বলবেন, আমার সঙ্গে ভালো সম্পর্ক। আসলে চাষী এমন প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন। যাঁদের যাঁদের সঙ্গে চাষীর পরিচয় হয়েছে সবার কাছেই এমন প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন তিনি। কেউ বলতে পারবেন না যে চাষীর সঙ্গে তাঁদের কী ধরনের গভীর সম্পর্ক ছিল। সব মানুষকে তো জীবনে যেতে হবে, কিছু কিছু মানুষের যাওয়াটা বড়ই নিদারুণ। চাষীর ব্যাপারটি আমার কাছে তেমনই নিদারুণ।
শুক্রবার চাষীকে দেখতে হাসপাতালে গেলাম। সিসিইউতে ছিলেন। মাস্ক পরা। কোনো কথা বলার সুযোগ ছিল না। ইশারায় কথা বললাম। জানতে চাইলাম চিনতে পেরেছেন কি না? মাথা নেড়ে জানালেন তিনি চিনতে পেরেছেন। চাষীকে কোনো দিন আমি অতটা সম্মান দিয়ে কথা বলতাম না, দেখা হলেই জোর গলায় বলতাম, ‘এই চাষী, কেমন আছেন? ভালো আছেন?’ সেদিন কেন জানি, ইশারায় সালাম করলাম। তিনিও হাত তুলে সালাম নিলেন। চাষীর শারীরিক অবস্থা বলে দিচ্ছিল তিনি চলে যাবেন, কিন্তু আমার কেন জানি বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। একটা পর্যায়ে চাষী ঘুমিয়ে পড়লেন। তারপর বেরিয়ে এসে তাঁর বউ-বাচ্চাদের সঙ্গে কথা বলে চলে এলাম। আমার এখনো মনে হয়, চাষী মারা যাননি।