এখনো মৌসুমী
ভাবা যায় কি, টানা ২০ বছর অভিনয় করছেন তিনি! কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই তাঁর। এখনো তিনি মিষ্টি করে হাসেন। পরিচালক শহিদুল ইসলাম খোকনের মতে, ‘মেয়েটির এই হাসিই শত্রুকে মিত্র করেছে। আর দর্শক তো তাঁকে হিরক মর্যাদা দিয়েছে।’আরও অনেক কথাই বলা যায়। মৌসুমীর নামে গান হয়েছে। তাঁর নামে সিনেমা হয়েছে। এমনকি একটি শুটিং স্পট হয়েছে। মৌসুমীর গুরু সোহানুর রহমান সোহানের মতে, আজ থেকে ২১ বছর আগে মৌসুমীকে তিনি যেমনটি দেখেছিলেন, সৌন্দর্যের যে রং দেখেছিলেন, সেখান থেকে তিনি নাকি এতটুকু বদলাননি। চাষী নজরুল ইসলাম বলেন, সম্ভবত ববিতার পর চলচ্চিত্রশিল্পে মৌসুমীর প্রেমিকের সংখ্যাই সবচেয়ে বেশি। মানুষের নানা বিশেষণ নিয়ে দীর্ঘ একটা সময় পার করলেন মৌসুমী। এখনো কাজ করছেন। আরও কত দিন তিনি এভাবে কাজ করবেন?মৌসুমী দীর্ঘশ্বাস ছাড়েন। এতক্ষণ যেন তিনি কথাগুলো শুনছিলেন না। আঙুলের কড়া গুনে ফেলে আসা ২০ বছরের হিসাব-নিকাশ করছেন আপন মনে। ‘২০ বছর। কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো ঘণ্টা, অনেক অনেক সময়। তার পরও মনে হয় এই তো সেদিন কাজ শুরু করলাম। ২০ বছর বন্ধুর পথ হেঁটেছি। হোঁচট খেয়ে থেমেছি, তারপর একটু বিশ্রাম নিয়ে আবার এগিয়েছি। কিন্তু পেছনদিকে আর ফিরে দেখিনি। দেখতে চাইও না।’ বলছিলেন তিনি।২০ বছর কাজ করার আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কী?—এমন প্রশ্ন শুনে মৌসুমী যেন একটু ধাঁধায় পড়ে গেলেন। কোনটা রেখে কোনটা বলবেন, সেই হিসাব মেলাতেই অনেক সময় নিলেন। বললেন, ‘আমি মৌসুমী হয়েছি এটাই বড় প্রাপ্তি। ৫-১০ বছর পরেই এখানে অনেকে হারিয়ে যায়। কিন্তু আমি মৌসুমী হয়েই আছি। দর্শকেরা এখনো আমার কাজ নিয়ে আলোচনা করে। আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মৌসুমীর এই কাজটা ভালো হয়নি বা কাজটা করা ঠিক হয়নি। এগুলোই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’২০ বছরের অভিনয়জীবনে দুই শতাধিক ছবিতে তিনি কাজ করেছেন। সংখ্যাটা আরও বাড়তে পারত। কিন্তু ১০০ ছবি মুক্তির পরেই মৌসুমী ধীরলয়ে ছবিতে কাজ করতে শুরু করলেন। চরিত্র ভালো না হলে তিনি কাজ করেননি। খুব কাছের মানুষজনের ছবিও তিনি ফিরিয়ে দিয়েছেন। একটা সময় তিনি চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কিন্তু সিনেমাপ্রেমিকদের অনুরোধেই আবার সিদ্ধান্ত বদল করেছেন। জানতে চাইলাম, ২০ বছর টিকে থাকার কোনো রহস্য আছে কি না।প্রশ্নের সমাধান দিলেন তিনি। ‘আমি নিজেকে যেমন ভালোবাসি, আমার সন্তানদের যতটা ভালোবাসি, ঠিক তেমনি ভালোবাসি সিনেমা। আমার কাছে এটা একধরনের সাধনা। অনেক কিছুর সঙ্গেই আমি আপস করি, কিন্তু সিনেমায় অভিনয়ের সময় আমি কোনো আপস করি না। এ জন্য কাছের মানুষ ভুল বুঝেছে। অনেক পরে আবার তারাই বলেছে যে আমিই ঠিক করেছি। অভিনয় ছেড়ে দিয়েছিলাম, কারণ দেখছিলাম যে ভালো গল্প পাচ্ছি না। ভালো চরিত্র নেই। তখন মনে হয়েছিল আমার এখন থামা দরকার। তাই কাজ বন্ধ করেছি। এরপর যখন আবার ভালো কাজ নিয়ে অনেকেই এলেন, তাঁদের কাজ করলাম। এভাবেই কেটে গেছে ২০ বছর।’মৌসুমী অভিনীত অনেকগুলো ছবিই এখন মুক্তির মিছিলে। এর মধ্যে আছে চাষী নজরুল ইসলামের দেবদাস, এফ আই মানিকের সৌভাগ্য, নিয়ামুলের এক কাপ চা। হাতে নিয়েছেন শাহজাহান চৌধুরীর একটি সিনেমা। আগামী কয়েক দিনের মধ্যে আরও দুটি ছবি হাতে নেওয়ার কথা রয়েছে।২০১১ মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মৌসুমী পেয়েছেন সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার। জনমত জরিপে পাওয়া এই পুরস্কারের প্রতিক্রিয়ায় মৌসুমী বললেন, কিছু কাজ থাকে, যা নিয়ে প্রত্যাশা করা যায়। প্রজাপতি ছিল তেমনি একটি কাজ। পরিচালক মুস্তফা কামাল রাজ যখন আমাকে সিনেমার গল্প শুনিয়েছেন, তখন মনে হয়েছে যে পরিচালক যদি কাজটা ঠিকমতো করতে পারেন, তবে এটি প্রশংসনীয় কাজ হবে। ছবিটি যখন চূড়ান্ত পর্বে মনোনয়ন পেল, তখন পুরস্কার পাওয়ার একধরনের প্রত্যাশা তো ছিলই। এ তো গেল মৌসুমীর অভিনয়জীবনের কথা। আমরা যখন ড্রইংরুমে বসে কথা বলছি সে সময়ই ঘরে এলেন ওমর সানী। মৌসুমীর স্বামী। দীর্ঘ ১৫ বছরের সংসার তাঁদের। এক ছেলে এক মেয়ে নিয়ে মৌসুমীর সংসার। সানী এসে কুশল বিনিময় করে মৌসুমীর কাছে এক কাপ চা খেতে চাইলেন। মৌসুমী নিজ হাতে চা বানিয়ে আনলেন। চা খেয়ে সানী আবার কোথায় যেন চলে গেলেন। জানতে চাইলাম দাম্পত্য জীবনের কথা।আর দশটা পরিবারের মতোই তাঁর সংসারজীবন। যখন মৌসুমীর মেজাজ খুব খারাপ থাকে, সানীর ওপর রাগ ওঠে, তখন তিনি আস্তে করে বলেন, ‘আমার চোখের সামনে থেকে যাও। কথা বলবা না।’ সানী অনেকবার চেষ্টা করেন মান ভাঙাতে। মৌসুমী কথা বলেন না। তখন সানী ছেলেমেয়েদের সাহায্যপ্রার্থী হন। ছেলে এসে মাকে বলে, ‘মা, প্লিজ, বাবা সরি বলেছে তো। তুমি কথা বলো।’ ছেলের কথায় মায়ের কঠিন মনে চিড় ধরে। না হেসে উপায় থাকে না। ‘সানী অনেকটাই উদ্বেলিত হয়ে পড়ে। আমি কথা বললে শান্ত হয়। আসলে সানীকে আমি খুব একটা সময় দিতে পারি না। কিন্তু সানী যখন বাসায় থাকে, তখন ওর প্রতিটি বিষয় খেয়াল রাখার চেষ্টা করি। সানী খুশি হয়।’ বলছিলেন মৌসুমী।একটি অপ্রিয় কথা জানতে চাইলাম মৌসুমীর কাছে। সিনেমায় অভিনয় করেন এমন অনেককে নিয়েই অনেক সময় নানা কথা শোনা যায়। অনেকেই স্বঘোষিত মৌসুমীর প্রেমিক বনে যায়। একসঙ্গে কাজ করতে গিয়ে তো কারও প্রতি কেউ দুর্বল হয়ে পড়ে। মৌসুমী এই দিকগুলো কীভাবে সামাল দেন? মৌসুমী খুবই সিরিয়াস। ‘সানীকে বিয়ে করার আগে দু বছর প্রেম করেছি। এরপর সত্যি বলতে কি, আমার জীবনে এমন কেউ আসেনি যে তাকে আমার ভালো লেগেছে। ফেরদৌসের সঙ্গে যখন অনেকগুলো কাজ করেছি তখন অনেকেই আমাকে নিয়ে অনেক কথা বলেছে। আমি জানতাম এসব গুজব একদিন থেমে যাবে। হয়েছেও তাই। যখন আমি আর মান্না ভাই অনেকগুলো ছবিতে একসঙ্গে কাজ করছিলাম, তখন নাকি এমন আলোচনাও হতো যে আমার আর সানীর সংসারজীবনটা ভালো কাটছে না। এগুলো যে বানোয়াট তথ্য, তাও কিন্তু প্রমাণিত হয়েছে। আসলে আমি কখনোই এসব বিষয়কে পাত্তা দিইনি। ’ বলছিলেন মৌসুমী।মৌসুমীর জীবনে সানী ছাড়া আর কেউ আসেনি। এ কথা যেমন সত্য তেমনি এ কথাও সত্য যে চলচ্চিত্রশিল্পে মৌসুমীর শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও প্রেমিকের কোনো অভাব নেই। মৌসুমী তাদের প্রেমে সাড়া দিন বা না দিন, তারা মৌসুমী নামেই যেন মশগুল।