এখনো সুচিত্রা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন। বাংলা ছায়াছবির কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন জন্মেছিলেন ১৯৩১ (মতান্তরে ১৯২৯) সালের এই দিনে। বর্তমান বাংলাদেশের পাবনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। শ্রী করুণাময় দাশগুপ্তের মেয়ে রমা দাশগুপ্তই একসময় সুচিত্রা সেন নামে পরিচিত হন।দেশ-বিভাগের আগে তাঁর বাবা সপরিবারে কলকাতা চলে যান। সালটি ছিল ১৯৪৬। ১৯৪৭ সালে কলকাতার বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দেবনাথ সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পরের বছর তাঁদের একমাত্র মেয়ে মুনমুন সেনের জন্ম হয়।দেবনাথ সেনের দাদা দীননাথ সেন একসময় ঢাকার গেন্ডারিয়ায় বসবাস করতেন। গেন্ডারিয়ার দীননাথ সেন রোডটি তারই নামানুসারে করা হয়েছে। রমা সেন ১৯৫২ সালে সুচিত্রা সেন নামে ছায়াছবির জগতে প্রবেশ করেন। শেষ কোথায় তাঁর অভিনীত প্রথম ছবি। ছবিটি মুক্তি পায়নি। ১৯৫৩ সালে উত্তমকুমারের বিপরীতে সাড়ে চুয়াত্তর ছবিতে অভিনয় করে তিনি খ্যাতি লাভ করেন। অনিন্দ্যসুন্দর মুখশ্রী, আকর্ষণীয় দেহসৌষ্ঠব এবং অসাধারণ অভিনয়ের কারণে গত শতাব্দীর পঞ্চাশের দশকেই তিনি খ্যাতির শিখরে আরোহণ করেন। সুচিত্রা সেন তাঁর ২৫ বছরের (১৯৫৩-১৯৭৮) অভিনয়-জীবনে প্রায় ৬১টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ৫৪টি বাংলা আর সাতটি হিন্দি ছবি।উত্তমকুমারের সঙ্গে সুচিত্রা সেন প্রায় ৩০টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে অগ্নিপরীক্ষা, সবার উপরে, শাপমোচন, সাগরিকা, শিল্পী, পথে হলো দেরী, হারানো সুর, গৃহদাহ, প্রিয় বান্ধবী বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা ছায়াছবির ইতিহাসে সুচিত্রা-উত্তম জুটিই সবচেয়ে রোমান্টিক জুটি হিসেবে আখ্যা পেয়ে আসছে। তাঁদের প্রায় সবগুলো ছবিই বক্স অফিস মাতিয়ে দেয়। উত্তমকুমার ছাড়া আর যেসব নায়কের সঙ্গে তিনি অভিনয় করেছেন তাঁরা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (সাত পাকে বাঁধা, দত্তা, প্রণয় পাশা), বিকাশ রায় (সাজঘর, মেজ বৌ, ভালবাসা, সন্ধ্যাদীপের শিখা, উত্তর ফাল্গুনী), বসন্ত চৌধুরী (শুভরাত্রি, দীপ জ্বেলে যাই, মেঘ কালো), অশোক কুমার (হসপিটাল)।হিন্দি ছবিতে তিনি দিলীপ কুমারের সঙ্গে দেবদাস ও মুসাফির ছবিতে অভিনয় করেছেন। দেবানন্দের সঙ্গে মুম্বাই কা বাবু ও সারহাদ, অশোক কুমার ও ধর্মেন্দ্রর সঙ্গে উত্তর ফাল্গুনীর হিন্দি রূপান্তর মমতা ছবিতে এবং সঞ্জীব কুমারের সঙ্গে আঁধি ছবিতে অভিনয় করেছেন।এ কথা শুনতে অবাক লাগলেও সত্যি যে সুচিত্রা সেনের মতো প্রতিভাধর শিল্পী সত্যজিৎ রায় বা মৃণাল সেনের কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। সত্যজিৎ রায় তাঁকে দিয়ে দেবী চৌধুরাণী ছবিটি করতে চেয়েছিলেন। কিন্তু অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় সুচিত্রা সেন সময় বের করতে পারেননি। বাধ্য হয়ে সত্যজিৎ রায় তাঁকে দিয়ে এ ছবি তৈরির আশা ত্যাগ করেন। এর কয়েক বছর পর দীনেশ গুপ্ত তাঁকে দিয়ে দেবী চৌধুরাণী ছবিটি চিত্রায়িত করেন। সুচিত্রা সেন অভিনীত ছায়াছবির অধিকাংশ গানই দারুণ জনপ্রিয়তা লাভ করে। কয়েকটি গানের উল্লেখ না করে পারছি না। কালজয়ী এসব গানের মধ্যে আছে গীতা দত্তের গাওয়া ‘তুমি যে আমার’ (হারানো সুর), ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ (হসপিটাল), সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘এ শুধু গানের দিন’ (পথে হলো দেরী), ‘কে তুমি আমারে ডাক’(অগ্নিপরীক্ষা) ইত্যাদি উল্লেখযোগ্য।সুচিত্রা অভিনীত শেষ ছবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। পরিচালক ছিলেন মঙ্গল চক্রবর্তী। ছবিটির নাম প্রণয় পাশা।বিগত ৩৩ বছর ধরে সুচিত্রা সেন মিডিয়া-জগতের বাইরে রয়েছেন। জনগণের দৃষ্টির আড়ালে রয়েছেন এই পুরোটা সময়। তাঁর একান্ত নিকটাত্মীয়রা ছাড়া আর কারও সঙ্গে তিনি দেখা করেন না। বালিগঞ্জের ফ্ল্যাটে একাকী বসবাস করেন। মুনমুন সেন, রিয়া সেন, রাইমা সেন, তাঁর ভাইবোন ছাড়া আর কারও বাড়িতে প্রবেশের অনুমতি নেই।তাঁর জন্মদিনে তিনি জনসমক্ষে না এলেও মানুষ তাঁকে মনে রেখেছে। এখনো তিনি চির রোমান্টিক সুচিত্রা সেন।