এখানেই তো সবকিছু শুরু হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের এই প্রজন্মের গুণী সেতারশিল্পী নীলাদ্রি কুমার। সম্প্রতি (২১ জুলাই) ঢাকায় এসেছিলেন একটি অনুষ্ঠানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ভয়েজ অব স্ট্রিংস বাই নীলাদ্রি কুমার’ আয়োজনটি হয়েছিল ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনায়। পরদিন শনিবার সকালে মুখোমুখি হন প্রথম আলোর। ফেরার তাড়া ছিল, তবু অনেক প্রশ্নের উত্তর দিলেন বাঙালি এই সেতারশিল্পী। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রণব ভৌমিক।
‘ঢাকা সম্বন্ধে প্রচুর কথা শুনেছি, কি কলকাতায়, কি বোম্বেতে’—বললেন নীলাদ্রি কুমার। ছবি: কবির হোসেন
‘ঢাকা সম্বন্ধে প্রচুর কথা শুনেছি, কি কলকাতায়, কি বোম্বেতে’—বললেন নীলাদ্রি কুমার। ছবি: কবির হোসেন

গতকালের অনুষ্ঠানে আপনি বলেছিলেন, আপনাদের সেতারের যাত্রা শুরু হয়েছিল এখান থেকে।

আমি আমার পরিবারের পঞ্চম প্রজন্ম যে সেতার বাজাই। আগের চার পুরুষ এখানে জন্মেছেন, বড় হয়েছেন—পুরান ঢাকায়। আমার মা-ও নারায়ণগঞ্জের মেয়ে। দেশভাগের পর ভারতে চলে যান তাঁরা। বাবা বোম্বেতে ছিলেন। দাদু কলকাতায় থাকতেন। আমি ঢাকা সম্বন্ধে প্রচুর কথা শুনেছি, কি কলকাতায়, কি বোম্বেতে। আমি খুব ভাগ্যবান, সেতার বাজাতেই আমি প্রথম ঢাকায় এলাম। এখানেই তো সবকিছু শুরু হয়েছিল।

আগের চার প্রজন্ম সম্পর্কে বলুন?

আমার দাদুর দাদু ছিলেন ইন্দ্রমোহন সেতারী। পদবি ছিল দাশ। কিন্তু সবাই তাঁকে সেতারী বলে ডাকতেন। তাঁর ছেলে মিহিরলাল সেতারী। তাঁর ছেলে মঙ্গলচন্দ্র। তাঁর ছেলে কার্তিক কুমার, আমার বাবা ও গুরু। ইন্দ্রমোহন সেতারীর একটি ছবি আছে সেতারের সঙ্গে। মিহিরলালের কোনো ছবি আমি সেতারের সঙ্গে দেখিনি। আর আমার দাদু মঙ্গলচন্দ্রের তো অনেক ছবি দেখেছি।

ছয় বছর থেকেই আপনি নিয়মিত মঞ্চে পারফর্ম করেন। এখনো নার্ভাস হন পারফরম্যান্সের শুরুতে?

হান্ড্রেড পার্সেন্ট! আমাদের গানবাজনাটা এমন, আমরা ফিক্সড কিছু করি না। যারা বলিউডে গান গায়, তাদের কথাগুলো ফিক্সড। শ্রোতাদেরও জানা। তাই একটা পরিচিতি থাকে। কিন্তু আমাদের মিউজিক পুরোটাই ইম্প্রোভাইজড। শ্রোতারা জানেন না কী হবে। শিল্পীও জানেন না, ওই দিন ঠিক কী হবে। এ জন্য বড় ওস্তাদেরা সব সময় বলেন, আজ দেখি আমার ইনস্ট্রুমেন্ট আমাকে কী বলে। এটা শুনলে দর্শন মনে হয়, কিন্তু এটা বিজ্ঞানও। একটা পারফরম্যান্সের সঙ্গে অনেক কিছু জড়িত থাকে! লোক, শব্দ, বাতাবরণ, ওই দিন শিল্পী কী অনুভব করছেন, তিনি ক্লান্ত নাকি স্বচ্ছন্দ, উৎফুল্ল আছেন না অসুখী—এই সবকিছু মিলেই পারফরম্যান্সটা হয়।

একটা সেতার তো আপনার ছিল, তাহলে আরেকটা ইলেকট্রিক সেতার ‘জিতার’-এর প্রয়োজন হলো কেন?

একটা কারণ বলতে পারব না। এটা মিউজিকে আমার যে জার্নি, তার পরিণামে এসেছে। বাড়িতে রাগরাগিণী, শাস্ত্রীয় ঘরানাব্যবস্থা, গুরু-শিষ্যপরম্পরা—এর মধ্যেই বড় হয়েছি। বন্ধুরা রক, পপ, ফিল্ম মিউজিক, মাইকেল জ্যাকসন থেকে সবকিছু শুনত। একসময় দেখলাম, আমার মানুষেরা সেতার বা শাস্ত্রীয় সংগীতের তেমন কিছু জানে না। গিটার বা পশ্চিমা সংগীত নিয়ে অনেক কিছু জানে। তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখলাম একটা যন্ত্র কীভাবে আরও এক শটার সঙ্গে মিলে সুর তৈরি করছে। সেটা এক আলাদা অভিজ্ঞতা। আমাদের মিউজিক হলো মনোফোনিক, একটা সুর। হারমনি কী, আমরা জানি না। আর পশ্চিমা সংগীত হলো হারমনিনির্ভর। এটা আমার কাছে নতুন ভাষা। পরে যখন তবলা ছাড়া অন্য যন্ত্রের সঙ্গে বাজাতাম, সেতার প্রায় শোনাই যেত না। সেতার থেকে সবচেয়ে নরম সুর বের হয়, সবচেয়ে সূক্ষ্ম। সেটাকে শোনানোর জন্য অনেক কিছু করতে হতো।

কী রকম?

১৯৯৯ সালে আমি বিলেতে একটা ট্যুর করেছিলাম, ওদের ক্লাবগুলোতে শাস্ত্রীয় সংগীতকে তুলে ধরার জন্য। তো ডিজেরা যে লেভেলে বাজাই, তারপরে একটা সেতার-তবলা তো লোকে শুনতেই পায় না। সেখান থেকে আমি খুঁজতে লাগলাম উপযুক্ত মাইক। মাইকটা আমি পেলাম, কিন্তু সেই একেজি মাইক কেনার টাকা আমার কাছে ছিল না। এক বন্ধু সেটা আমাকে উপহার দিয়েছিল। আর এখন আমি ভারতে একেজির পণ্যদূত। তখন অনেক সিনিয়র কলাকারেরা বলেছিলেন, ও তো সব গড়বড় করে দিচ্ছে। মাইক লাগিয়ে বাজাচ্ছে, হাতে জোর নেই। তাঁরাই ১০-১৫ বছরের মধ্যে একই কাজ করেছেন। এত কথা বললাম এটা বলতে যে, জিতারের উৎপত্তি যেকোনো সংগীতশিল্পীর মৌলিক চাহিদা থেকে—লোকে যেন তাঁকে শোনে। এক লাইনে এটাই বলতে হয়।

ঢাকার মঞ্চে। ছবি: সুমন ইউসুফ
ঢাকার মঞ্চে। ছবি: সুমন ইউসুফ

শাস্ত্রীয় সংগীতে স্থিরতা লাগে। আর এখনকার জীবন অস্থির। এই দুইয়ের দ্বন্দ্ব কীভাবে সামলান?

আমি আজ অবধি (মঞ্চে) ওই মিউজিকটা বাজাইনি যেটা আমি চাই। ওই মিউজিকটা বাজাইনি যেটা আমি বাড়িতে বাজাই কিংবা যেটা আমি আসলে শিখেছিলাম। যখন পারফর্ম করি, তখন আমরা পারফরমার, এন্টারটেইনার কাম মিউজিশিয়ান। বাজানোর সময় অন্তর্মুখী হতে হবে, আবার কথাও বলতে হবে। এখন যদি কেউ বলেন আপনি আমাকে ভগবান দেখান—আপনি এই জার্নিটা দেখান যে, মিউজিকের সঙ্গে আল্লাহর একটা সংযোগ আছে—এটা হতে পারে না। এটা একার জার্নি। মিউজিকের সিরিয়াসনেস কেবল শান্তির সঙ্গে হয় না, কোয়ালিটিটা দেখতে হবে আগে। যত তরুণ হবে, ততই গতি, কুশলতা, শোম্যানশিপ নিয়ে মেতে থাকবে। সেটাই স্বাভাবিক। যতই আপনার বয়স হবে, ততই সংগীতের এসথেটিকসের দিকে মনোযোগ বাড়বে। একবার আকবর বাদশাহ তানসেনকে বললেন, ‘তুমি তো সবচেয়ে বড় গায়ক।’ তানসেন বলেন, ‘না বাদশাহ, আমার চেয়েও বড় গায়ক আমার গুরু হরিদাসজী।’ আকবর বলেন, ‘তাঁকে ডাকো।’ তানসেন বলেন, ‘উনি আসবেন না। আপনাকে যেতে হবে।’ তো আকবর ছদ্মবেশে হরিদাসজীর কুটিরে গেলেন। এসে বললেন, ‘এবার গান শুরু হোক।’ তানসেন বললেন, ‘না! ওনার যখন ইচ্ছে হবে, তখন তিনি গাইবেন। আপনাকে অপেক্ষা করতে হবে।’ তো সেটা কি আমরা করছি? সবই বদলে গেছে। সেটা স্বাভাবিকও।

বলিউড আপনার সংগীতে কোনো প্রভাব ফেলেছে?

অবশ্যই পড়েছে। আমাকে এই কফিটা প্রভাবিত করছে, এই কথা বলাটা প্রভাবিত করছে। সবকিছুরই প্রভাব আছে, থাকা উচিত। যদি কোনো প্রভাব না পড়ে, হয় তার চামড়া পুরু, নয় সে যোগসাধনা করছে। বলিউডে অনেক ভালো মিউজিশিয়ান আছেন, তাঁদের কাছে অনেক কিছু শিখেছি। সেখানকার স্কিল, টুলস সম্পূর্ণ আলাদা। আমার হিসাবে একজন মিউজিশিয়ান যত রকম টুলস সম্পর্কে জানবেন, মিউজিক করার ক্ষেত্রে তাঁর চয়েস তত বেশি।

আপনি ওস্তাদ জাকির হোসেন, জ্যাজশিল্পী জন ম্যাকলাফলিনের সঙ্গে কাজ করেছেন। সে অভিজ্ঞতা কেমন ছিল?

তাঁদের মতো সিদ্ধপুরুষের সঙ্গে আমরা কাজ করি না। তাঁরা কখনো কখনো তাঁদের জার্নিতে আমাদের ডেকে নেন। প্রতিটা সময় তখন শেখার অভিজ্ঞতা হয়। জাকিরজীর সম্পর্কে বলতে গেলে ফ্লাইটটা মিস করব। জনজী সম্পর্কে বলি। আমি তাঁর একটা অ্যালবামে (ফ্লোটিং পয়েন্ট) বাজাতে গিয়েছিলাম। আমি যা বাজাব একবারে বাজাব। তো প্রথমবার বাজাতে গিয়ে কোনো একটি কারণে মাঝখানে ‘কাট’ হয়েছিল। জনজী আমাকে দেখিয়ে বলে উঠলেন, ‘আহ্, আমি যদি ওর মতো বাজাতে পারতাম!’ সারা বিশ্ব জন ম্যাকলাফলিনের মতো বাজাতে চায়। আর তিনি এই কথা বললেন! তিনি কোথায় আর আমরা কোথায়!