এখানেও হোলি আর্টিজানের দায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা নিয়ে সংলাপ উপস্থাপন করছেন লুবনা মারিয়াম । ছবি: রাসেল মাহ্‌মুদ
শিল্পকলা নিয়ে সংলাপ উপস্থাপন করছেন লুবনা মারিয়াম । ছবি: রাসেল মাহ্‌মুদ

এক্ষুনি শুরু হয়ে যাবে, অথচ লোকজন কোথায়! সেমিনার শুনতে সব জায়গাতেই কি শ্রোতার অভাব হয়? না, ঘটনা তা নয়। সেমিনার মঞ্চে অতিথিরা বসামাত্রই নানা দেশের পর্যটকে ভরে গেল। ভিন্ন ভিন্ন দেশে চর্চিত একজাতীয় লোকসংস্কৃতি নিয়ে আলোচনা করবেন সাধনার আর্টিস্টিক ডিরেক্টর লুবনা মারিয়াম। কে জানত, এখানেই এক অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি হতে হবে তাঁকে?
‘খাজুরাহো ড্যান্স ফেস্টিভ্যাল’-এ শুধু নাচ নয়, আছে শিল্পকলা নিয়ে সংলাপ ‘কলাবার্তা’, যার প্রথম উপস্থাপনা ছিল বাংলাদেশের। বাংলাদেশে বিভিন্ন বর্ণ ও ধর্মের মানুষের চমৎকার সহাবস্থান নিয়ে বড় পর্দায় একটি ভিজ্যুয়াল প্রবন্ধ উপস্থাপনা করলেন লুবনা মারিয়াম। তাতে তুলে ধরা হলো রায়বেঁশে লাঠিখেলার ভেতরে কীভাবে পুরান, প্রার্থনা, বন্দনা ও শিল্প মিলেমিশে একাকার। তিনি উল্লেখ করলেন বেহুলার লাচারির কথা, যেখানে সনাতন ও মুসলমান ধর্মের মানুষেরা একীভূত হয়ে একটি রীতি পালন করে আসছে বহু বছর।

ভারতীয় এক শিল্পীর চিত্রকর্ম। ছবি: রাসেল মাহ্‌মুদ
ভারতীয় এক শিল্পীর চিত্রকর্ম। ছবি: রাসেল মাহ্‌মুদ

এসবের শেষে ছিল প্রশ্নোত্তরের পালা। প্রশ্ন করতে গিয়ে কেউ কেউ জানালেন বিষয় ও উপস্থাপনার সৌন্দর্যের কথা, কেউ জানালেন সংলাপের বিষয় নিয়ে নিজেদের মতো। ভারতের বাইরের এক পর্যটক প্রশ্ন করে বসলেন, ‘সহাবস্থানের কথা যে বললেন, তাহলে আপনাদের ওখানে হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটল কীভাবে?’ ঢাকা থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দূরের এক রাজ্যে এসেও নিতে হলো হলি আর্টিজানের দায়।
বেশ ঠান্ডা মাথায় জবাব দিলেন লুবনা মারিয়াম। বললেন, ‘এমন ঘটনা সারা পৃথিবীতেই ঘটে। ভূরি ভূরি উদাহরণ দেওয়া যাবে। আমাদের দেশে ঘটেছে মাত্র একটি এবং সেটি অপ্রত্যাশিত দুর্ঘটনামাত্র। বাংলাদেশে ধর্মীয় সহাবস্থানের উদাহরণ এত বেশি যে সেসব বলে শেষ করা যাবে না।’ একজন শ্রোতা মাইক্রোফোন টেনে নিয়ে বললেন, ‘আমি একটু একটু বাংলা বলতে পারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে আপনার মাধ্যমে বাঙালিদের শুভেচ্ছা জানাতে ইচ্ছে হলো।’ সংলাপের শুরুতেই উপস্থাপক বলে নিয়েছিলেন, ১৯৫২ সালে ভাষার জন্য প্রাণ দেওয়ার উদাহরণ পৃথিবীতে আর নেই। পর্যটকদের কেউ কেউ জানতেন সে কথা।
ফেস্টিভ্যালের যে জায়গাটিতে সেমিনার, সেখানে সাজিয়ে রাখা হয়েছে নানা দেশের শিল্পীদের আঁকা ছবি ও শিল্পকর্ম। বয়স্ক এক নারীকে পাওয়া গেল বাংলাদেশ প্যাভিলিয়নে। জানালেন, তিনি একজন চিত্রকর, উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। বাউল শফি মণ্ডলের সঙ্গে ছবি তুললেন। দোতারার দিকে আঙুল তুলে বললেন, ‘দারুণ বাজনা!’

আরও একটি চিত্রকর্ম। ছবি: রাসেল মাহ্‌মুদ
আরও একটি চিত্রকর্ম। ছবি: রাসেল মাহ্‌মুদ

আজ বিকেলে সেই বাজনা শোনাবেন শফি মণ্ডল। বাউলগানের সঙ্গে নাচ করবেন বাংলাদেশের নৃত্যশিল্পীরা। বেশ কয়বার হয়ে গেছে মহড়া। যন্ত্রের মতো যে শুধু মহড়াই করে যাচ্ছেন তাঁরা, তা কিন্তু নয়। প্রজ্ঞা, আনিকা ও লাবণ্য বেশ কয়েকটি বাটিকের শাড়ি কিনেছেন। বাড়ি ফিরে কাউকে না কাউকে উপহার দেবেন। যদি কেউ পছন্দ না করে, কেটে জামা বানাবেন! আর ছেলেরা? পর্যটক দেখছেন, ছবি তুলছেন। পরিবেশনা নিয়ে তাঁদের ভেতর খানিকটা দুশ্চিন্তা লক্ষণীয়।

আরও পড়ুন: