এগিয়ে অ্যাঞ্জেলিনা জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তবে এখন তাঁর গায়ে বেশ জুতসইভাবে লেগে গেছে অভিনেত্রীর তকমাটা। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি সল্ট তাঁকে আবারও প্রশংসা এনে দিয়েছে। ১১০ মিলিয়ন ডলার বাজেটের এ ছবি মুক্তির পরই উঠে গেছে বক্স অফিসের দ্বিতীয় স্থানে। প্রথম সপ্তাহে আয় করেছে ৩৬ মিলিয়ন ডলার! ছটিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একজন দক্ষ এজেন্টের চরিত্রে অভিনয় করেন জোলি। যেখানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হন তিনি। গোয়েন্দা চরিত্রে জোলির অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা কুড়িয়েছে। সাইবার্গ-টুতে অভিনয়ের মাধ্যমে হলিউডের যাত্রা শুরু। অস্কারজয়ী এ অভিনেত্রী ১৯৯৯ সালে গার্ল ইন্টেরাপটেড ছবিতে সেরা অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করে নেন। এ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জিতে নেন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। ২০০১ সালে লারা ক্রফট: টুম্ব রাইডার ছবিতে লারা ক্রফট চরিত্রে অভিনয়ের মাধ্যমে হয়ে ওঠেন হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে একজন। ছবিটি সারা বিশ্বে ২৭৫ মিলিয়ন ডলার আয় করে! এ ছবি থেকেই পরবর্তী সময় চালু হয় জনপ্রিয় ভিডিও গেম ‘টুম্ব রাইডার’-এর। পরে ২০০৩ সালে জোলি লারা ক্রফট: টুম্ব রাইডার ছবির সিক্যুয়াল লারা ক্রফট: টম্ব রাইডার-দ্য ক্রেডল অব লাইফ ছবিতে অভিনয় করেন, যা সারা বিশ্বে ১৫৬ মিলিয়ন ডলার আয় করে! আয়ের এমন রেকর্ডের ফলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। ২০০৫ সালে মুক্তি পায় ব্যবসাসফল ছবি মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ, যার মাধ্যমে আবারও আলোচনায় চলে আসেন জোলি।অভিনয় ছাড়াও অ্যানিমেশন ছবি কুংফু পান্ডা ছবিতে নিজে কণ্ঠও দিয়েছেন।ইতিমধ্যে টাইম ম্যাগাজিনের ১০০ সেরা প্রভাবশালী তারকা, পিপলস ম্যাগাজিনের ১০০ সেরা সুন্দরী, ফোর্বস ম্যাগাজিনের সেরা ১০০ তারকার তালিকায় উঠে গেছে জোলির নাম। বিপন্ন মানবতার জন্য নানা ধরনের চ্যারিটি শো করা ছাড়াও নানা কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। সমসাময়িক অন্যান্য তারকার চেয়ে কিছুটা আলাদা জোলি জাতিসংঘের শরণার্থী কমিশনের দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।আগামী বছর আসছে জোলি অভিনীত দ্য ট্যুরিস্ট ছবি। এ ছাড়া অ্যানিমেশন ছবি কুংফু পান্ডা-২-এ আবারও কণ্ঠ দেবেন তিনি। নিজের সেরা কাজের শীর্ষস্থান ধরে রাখার চেষ্টায় সদা সচেষ্ট জোলি। নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ওয়েবসাইট