এগিয়ে আনুশকা শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসময় নিজেকে ঐশ্বরিয়া রাই ভাবতাম। মনে হতো, আমার চেয়ে সুন্দরী মেয়ে এই বিশ্বব্রহ্মাণ্ডে একটিও নেই। অথচ প্রথম ছবির অডিশন দিতে গিয়ে পরিচালক আদিত্য চোপড়া বলেছিলেন, ‘আনুশকা, তুমি মেধাবী। তবে সুন্দরী নও। তাই তোমাকে কঠোর পরিশ্রম করে বলিউডে জায়গা করে নিতে হবে।’কথাগুলো শুনে আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়েছিলেন আনুশকা। তখন থেকেই তিনি বিশ্বাস করতেন, বলিউডের নায়িকা হওয়ার জন্য ধরা-বাঁধা যেসব গুণাবলি দরকার, এর অধিকাংশই তাঁর মধ্যে নেই। সুতরাং, অভিনয় দিয়ে খাদগুলো দর্শকদের ভুলিয়ে দিতে হবে। আনুশকা পেরেছেন। অভিনয় জীবনের চার বছরে মাত্র পাঁচটি ছবি মুক্তি পেয়েছে; যার মধ্যে চারটিই হিট। তার চেয়েও বড় কথা সমালোচকেরা এখন আনুশকাকে শুধু নায়িকা নন, অভিনেত্রী হিসেবেও গণনায় ধরছেন। আনুশকা বলেন, ‘আমি সব সময় তাই চেয়েছি। রাব নে বানা দি জোড়ি ব্লকবাস্টার হিট হওয়ার পরও যখন পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিলাম না, তখন অনেকেই বলেছিলেন, চোখের আড়াল হলে নাকি মনের আড়াল! সুতরাং হাতের লক্ষ্মী কোনো প্রস্তাবই ফিরিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমার দর্শন ছিল ভিন্ন। প্রয়োজনে ঘরে বসে সবজি কাটব, তবুও দর্শকদের বিরক্ত করব না। আমার ধৈর্যের ফল আমি পেয়েছি। এটা ঠিক, ব্যন্ড বাজা বারাত হিট না হলে আমার টিকে থাকা কঠিন হয়ে যেত।’আনুশকা এখন শুধু টিকেই যাননি, তাঁর হাতে আছে লোভনীয় সব প্রস্তাব। কারিনা-ক্যাটরিনার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন আনুশকা শর্মা। আনুশকার পক্ষে আছে তাঁর বয়স। হাতে আছে চার খানের সঙ্গে ছবি, যশ চোপড়া পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া ছবি (শাহরুখ খান), রাজকুমার হিরানি পরিচালিত পিকে (আমির খান), শিরিশ কুন্দরের কিক (সালমান খান) ও বিশাল ভরদ্বাজের মন্ত্র কি বিজলী কা মানডোলা (ইমরান খান)। সেই সঙ্গে হাতে আছে অনুরাগ কশ্যাপের বোম্বে ভেলভেট (রণবীর কাপুর), মনীষ শর্মা-যশ রাজ ফিল্মসের ছবি (শহীদ কাপুর)। যদিও যশ চোপড়ার ছবিতে প্রধান নায়িকা ক্যাটরিনা কাইফ। এ ব্যাপারে আনুশকা কি একটুও ঈর্ষান্বিত নন? মৃদু হেসে আনুশকা বলেন, ‘ভুলে যাবেন না, যশ চোপড়া পরিচালিত শেষ দুটি ছবির একটি দিল তো পাগল হ্যায়-এর জন্য কারিশমা কাপুরই কিন্তু পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। মাধুরী দীক্ষিত জাতীয় পুরস্কার পাননি। তেমনি বীর-জারাতে রানী মুখার্জি পার্শ্ব অভিনেত্রী বিভাগে সব কটি বেসরকারি পুরস্কার পেয়েছিলেন। প্রধান নায়িকা প্রীতি জিনতা পাননি। আমার প্লাস-মাইনাস সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। অন্য নায়িকাদের ওয়ারড্রবে উঁকি মারার বদ অভ্যাস আমার নেই।’ধারণা করা হচ্ছে, যশ চোপড়ার ছবির জন্য আনুশকাও পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হবেন। কিন্তু অভিনয় জীবনের প্রথম ছবিতে আনুশকা সেরা নতুন মুখের কোনো পুরস্কার পাননি। তখন মন খারাপ হয়নি? ‘হয়নি আবার! ফেরার পথে গাড়িতে বাচ্চাদের মতো কেঁদেছিলাম। ফিল্মফেয়ার পুরস্কারে অংশ নেওয়ার সময় স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোর মতো ভেবেছিলাম, সবাই পুরস্কার পাচ্ছে। আমি পাব না কেন? না পাওয়াতে মন ভেঙে গিয়েছিল। পরবর্তীকালে আরেকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চের পেছনে বসে পুরস্কার ঘোষণার অপেক্ষা করছিলাম। কিন্তু সেবারও অসিন পুরস্কার জিতে নিয়েছিল। সে সময় কান্নার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ শুনি অমিতাভ বচ্চন আমার নাম ধরে ডাকছেন, আনুশকা! এদিকে এসো! কাছে যেতেই তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোমার ছবি দেখেছি। অনেক দিন পর এমন মেধাবী কোনো মেয়েকে আমরা পেলাম। বিশ্বাস করুন, অমিতজির কথা শুনে চোখে জল চলে এসেছিল। পাশ দিয়েই তখন অসিন যাচ্ছিল। আর আমি মনকে বলেছিলাম, আমার পুরস্কার দরকার নেই। অমিতজির এই কথাটিই আমার জন্য পুরস্কার। এরপর আমি ব্যান্ড বাজা বারাত-এর জন্য বেশ কটি পুরস্কার পেয়েছি। বিশাল ভরদ্বাজ, যশ চোপড়া, রাজকুমার হিরানিরা আমাকে তাঁদের ছবির জন্য কল্পনা করছেন! এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে?’ থ্রি ইডিয়টস-এর পর হিরানি-আমির খান জুটির পরবর্তী ছবির নায়িকা আনুশকা। এ নিয়ে জানতে চাইলে উচ্ছ্বসিত আনুশকা বলেন, ‘তখন গাড়িতে ছিলাম। হিরানি যখন বললেন তিনি আমিরের বিপরীতে তাঁর ছবিতে আমাকে চান, বিশ্বাস করুন ফোন রেখে একটা চিৎকার করে ড্রাইভারের সঙ্গে হাই-ফাইভ করেছি। মনে হয়েছে জীবনে প্রথম বড় পর্দায় কাজ করার সুযোগ পেলাম।’অভিনয় ক্যারিয়ারের চেয়েও আনুশকার প্রেম নিয়ে পত্রিকার পাতা বরাবরই মুখর থাকে। রণবীর সিং থেকে রণবীর কাপুর, শহীদ কাপুর, অর্জুন কাপুর—আনুশকার প্রেমিকের তালিকা বেশ লম্বা। এ নিয়ে আনুশকা বলেন, ‘একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে যে সাধারণ বন্ধুত্ব থাকতে পারে, তা অনেকেই ভুলে যান। রণবীর আমার বিশেষ বন্ধু। কিন্তু প্রেম? অবশ্যই না। আর শহীদ-অর্জুনের সঙ্গে প্রায়ই সিনেমা দেখতে যাই, রেস্টুরেন্টে খেতে যাই, তার মানেই কি প্রেম? একটা মেয়ে একই সঙ্গে কটা প্রেম করতে পারে? আমার জীবন কি ডেইলি সোপ নাকি ফ্লপ ফিল্মের পাণ্ডুলিপি? আশা করি, সবাই এসব কল্পকাহিনি ভুলে আমার অভিনয় নিয়ে কথা বলবেন। কারণ, আমি পত্রিকায় পাতায় নিয়মিত হওয়ার চেয়ে দর্শকদের মণিকোঠায় থাকতেই বেশি পছন্দ করব।’ রুম্মান রশীদ খানফিল্মফেয়ার, আইএমডিবি, হিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামা, টাইমস অব ইন্ডিয়া ডট কম অবলম্বনে