এগিয়ে যাওয়ার প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
জাহিদ হাসান, শাকিব খান ও বাপ্পা মজুমদার। নিজেদের কাজের জগতে তাঁরা আজ সফল। তাঁদের সাফল্যের পেছনে রয়েছে কিছু অনুপ্রেরণা। সেই গল্প নিয়ে এই প্রতিবেদন।

শাকিব খান

মা-ই আমার অনুপ্রেরণা
আমার কাজের অনুপ্রেরণা মা। বাবা কোনো দিন চাইতেন না আমি চলচ্চিত্রে অভিনয় করি। বাবার ইচ্ছে ছিল, আমি যেন পড়াশোনা করে চাকরি বা ব্যবসা করি। চলচ্চিত্রে কাজ করার আগ্রহ দেখে মা-ই আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন। অনেক কষ্টও স্বীকার করেছেন। অনেক চোখের জল ফেলতে হয়েছে তাঁকে।
আমার সিনেমায় অভিনয়ের ব্যাপারে মা অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছিলেন। শুরুতে বাবাকে জানিয়েছিলেন, আমি তিন মাস কাজ করব। এরপর আর ছবির কাজ করব না। আব্বা তাতেও রাজি ছিলেন না। ছবিতে কাজ শুরু করার কিছুদিন আগে সালমান ভাই (সালমান শাহ্) মারা গেলেন। এই ঘটনা বাবাকে খুব শঙ্কিত করেছিল। আমি তাঁদের একমাত্র ছেলে। শেষ পর্যন্ত মা অনেক করে বাবাকে বোঝানোয় বাবা রাজি হলেন। এরপর আমি ঢাকায় এসে মগবাজারের একটি বাসা ভাড়া করি। এর আগে আমি মাকে ছাড়া বাসার বাইরে থাকিনি কখনো।
ঢাকায় আসার পর অনেক দিন মাকে দেখতে যেতে পারছি না, খুব কান্না পাচ্ছে। তখন মোবাইল ফোনও নেই। যোগাযোগও সহজ ছিল না। এর মধ্যে একদিন অনন্ত ভালোবাসা সিনেমার শুটিংয়ে কক্সবাজার যাওয়ার ডাক পড়ল। মাকে জানালাম, দুই সপ্তাহের মতো কক্সবাজার থাকতে হবে। কিন্তু কক্সবাজারে অবিরাম বৃষ্টির কারণে শুটিংয়ের সময়টাও বেড়ে গেল। আমার কোনো খবর না পেয়ে মায়ের অবস্থা খুব খারাপ। তিনি বাবাকে ঢাকায় পাঠালেন আমার খবর জানতে। ঢাকায় এসে বাবা মগবাজারের বাসা ও আশপাশের লোকজনকে আমার ছবি দেখিয়ে জানতে চাইলেন, আমি আছি কি না? আমার বাসার তালাও বন্ধ। প্রতিদিন এফডিসিতে আসতেন বাবা, নিরাপত্তারক্ষীর কাছে আমার খবর জানতে চাইতেন। কেউ আমার ব্যাপারে তাঁকে কোনো তথ্য দিতে পারলেন না। আমার কথা চিন্তা করে মায়ের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তত দিনে মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। এর মধ্যে শুটিং শেষে একদিন রাতে আমি ঢাকায় ফিরলাম। পরদিন দুপুরের দিকে এফডিসিতে যাচ্ছিলাম। প্রধান ফটকের নিরাপত্তাকর্মী আমাকে ডেকে বললেন, দিন দশেক ধরে একজন ভদ্রলোক আমার খোঁজ করছেন। কথাবার্তা বলার একপর্যায়ে দেখলাম, বাবা হেঁটে এফডিসির গেটের দিকে আসছেন। আমি তো বাবাকে দেখে অবাক! আমার হাত ধরে বাবা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। জানালেন, তোমার মা অসুস্থ। তোমাকে এখনই বাড়ি যেতে হবে। আমিও আর দেরি করলাম না। মায়ের কাছে ছুটলাম। কটা দিন মায়ের বুকে থেকে তারপর আবার ঢাকায় ফিরলাম।
এই ধরনের আরও অনেক গল্প আমার জীবনে আছে। মা এভাবেই আমার জন্য এখনো কষ্ট করে যাচ্ছেন। আমার জীবনে এতদূর আসার পেছনে তিনি একমাত্র অনুপ্রেরণা।

জাহিদ হাসান
আমি তাঁদের শুধু নারী হিসেবে দেখি না
মায়ের কথা বলে শেষ করা যাবে না। তখন কেবল নাটকে অভিনয় করব করব ভাবছি। বাবা-বড় ভাই কেউ চাইছিলেন না আমি অভিনয় করি। পকেটেও টাকাপয়সা নেই। কী করব কিছুই বুঝতে পারছি না। মায়ের কাছ থেকে টাকা নিয়ে সিরাজগঞ্জ শহরে নাটকের মহড়া দিতে যেতাম। এদিকে বাড়ি ফিরতেও অনেক রাত হয়ে যেত। সবাই ঘুমিয়ে পড়ত। শুধু জেগে থাকতেন মা। কত দিন যে তাঁকে এভাবে থাকতে হয়েছে তাঁর হিসাব নেই। অনেক রাতে বাসায় ফেরার পর লুকিয়ে আমাকে খাওয়াতেন মা।
এরপর মৌ। একটা ঘটনার কথা বলি। ১৯৯৮ সালে আমি শ্রাবণ মেঘের দিন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আমাদের শুটিং ছিল নুহাশপল্লীতে। সেখানে যাওয়ার জন্য তখন যোগাযোগব্যবস্থা এত সহজ ছিল না। নৌকায় করে যেতে হতো। যেতে-আসতেই সময় লেগে যেত চার-পাঁচ ঘণ্টা। আমি তখন পরিবার নিয়ে লালমাটিয়াতে থাকি। আমি তো ছবির শুটিংয়ে আছি, এদিকে লালমাটিয়ায় আমাদের বাড়িতে চুরি-ডাকাতি হয়েছে। অথচ এসবের কিছুই আমি জানি না। শুটিং শেষে বাসায় ফিরে পুরো ব্যাপারটি জানতে পারি। শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে ইচ্ছে করেই নাকি মৌ আমাকে ঘটনাটা জানায়নি।
বন্ধন ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময়কার একটা ঘটনার কথা মনে আছে। আমার মেয়ে পুষ্পি (পুষ্পিতা) তখন খুব ছোট। আমার এই ছোট্ট মেয়েটি তখন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে। মৌ নিজেই তাকে হাসপাতালে ভর্তি করায়। সামলে নেয় পুরো পরিস্থিতি। আমার শুটিংয়ে যাতে কোনো সমস্যা না হয়, তাই পরে পুষ্পির অসুস্থতার কথা আমাকে জানানো হয়।
মৌ আর আমি ভালোবেসে বিয়ে করি। সংসারজীবনের শুরুতে টাকাপয়সার ঝামেলায় পড়ে যাই। কী খাব, কীভাবে আমার জীবন চলবে—এসব নিয়ে খুব চিন্তা হতো। সে সময়টাতে মৌ আমাকে যদি মানসিক ও অর্থনৈতিক সহযোগিতা না করত, তাহলে হয়তো আমার এতদূর আসা সম্ভব হতো না।
আমার বোন-ভাবিরাও আমার চলার পথটা মসৃণ করেছেন। সব সময় তাঁরা আমাকে আগলে রেখেছেন।
মা, স্ত্রী, বোন, ভাবি—এঁদের কখনো আমি নারী হিসেবে দেখিনি। তাঁরা আমার কাছে শুধু মানুষ নন, তাঁর চেয়েও অনেক বেশি। এটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। একজন নারী বহুমাত্রিক। তাঁরা যেমন ঘর সুন্দরভাবে আগলে রাখেন, বাইরের ব্যাপারগুলো সামলে নেন চমৎকারভাবে। আমার আজকের এই অবস্থানের পেছনে নারীরূপী এসব মানুষের অবদান বলে শেষ করা যাবে না।

বাপ্পা মজুমদার
আমি মায়ের কালো মানিক
ছোটবেলা থেকে আমার ভেতরে একধরনের হীনম্মন্যতা কাজ করত। আমি কালো, আর দাদা পার্থ মজুমদার ফরসা। সে কারণে মায়ের কাছে ঝামা ইট নিয়ে যেতাম আর বলতাম, ‘মা, তুমি আমাকে ঝামা ইট দিয়ে ঘষে দাও, তাহলে আমিও দাদার মতো ফরসা হয়ে যাব।’ তখন মা আমাকে জড়িয়ে ধরে বলতেন, ‘তুই আমার কালো মানিক। তুই কালোই ভালো।’ আমার মনে হয়, একজন শিশুর মনের ভেতরে অদৃশ্যভাবে উৎসাহ-অনুপ্রেরণা জোগাতে এর চেয়ে চমৎকার কথা হয় না। ভালোবেসে বললেও ছোটবেলায় তা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। আমি মায়ের কালো মানিক হিসেবেই ভালো আছি।
স্কুলজীবনের শেষ দিকে গানের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। উচ্চাঙ্গসংগীত পরিবারে বেড়ে উঠলেও বাসায় গিটার বাজছে, এটাকে নেতিবাচকভাবে দেখা হয়নি। তাতে মায়ের প্রচ্ছন্ন উৎসাহ ছিল। মা অগোচরে বাবাকে বোঝাতেন, ও চাইছে, করুক না। মায়ের এই কথাগুলো বাবাও ইতিবাচকভাবেই দেখতেন। এসব ভাবলেই বোঝা যায়, সংগীতশিল্পী হিসেবে আমার বেড়ে ওঠার ব্যাপারে মায়ের কত বড় ভূমিকা ছিল। হয়তো সরাসরি কিছু বলতেন না মা, কিন্তু তাঁর অনুপ্রেরণা বরাবরই ছিল।
আমরা যে পেশায় আছি, এ পেশায় কোনো কিছুরই টাইম টেবিল নেই। গানের পাশাপাশি নব্বই দশকের শুরুতে আমি চাকরিও করতাম। সকালে অফিস করতাম। অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফিরে কিছু একটা মুখে দিয়ে গিটার নিয়ে শো করতে আবার বের হয়ে যেতাম। শো শেষে ফিরতে কখনো মধ্যরাত, কখনো ভোর। বাসায় ফিরেই দেখতাম, মা আমার জন্য বসে আছেন। ঘুমাতেন না তিনি। তাঁর চিন্তা, কখন আমি বাসায় ফিরব, কখন খাব। ঠান্ডা খাবার গরম করে খাইয়ে দিয়ে তারপর মা ঘুমাতে যেতেন। এটা নিয়ে একপর্যায়ে বাবা কিন্তু আমার ওপর খুব খেপে গিয়েছিলেন। বাবা বলেছিলেন, ‘তোমার কোনো অধিকার নেই তোমার মাকে এভাবে দিনের পর দিন রাত জেগে বসিয়ে রাখার। তুমি কখন আসো তার কোনো ঠিক নেই। যে পেশায় কোনো টাইম টেবিল নেই, সে পেশায় তোমার থাকার দরকার নেই।’ এত কিছুর পরও মায়ের উৎসাহ-অনুপ্রেরণার কমতি ছিল না। মা উল্টো বাবাকে বোঝাতেন।
আমি পারিবারিকভাবে দেখেছি, আমার মা বাবাকে ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা যে করতেন, এটা এখন মানুষের মধ্যে খুব একটা দেখতে পাই না। সেটাও কিন্তু আমার অনুপ্রেরণার জায়গা। ভালোবাসা মিশ্রিত শ্রদ্ধা আর শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা যেভাবেই বলি না কেন—এটা এখন সত্যিই বিরল। চারপাশে শুধু সবাইকে অসম্মান করতে দেখি। এটা সত্যিই বেমানান।
অনুলিখন: মনজুর কাদের