এগিয়ে যাওয়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওয়ার সার্জ
পাওয়ার সার্জ

সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছে মানুষের ভালো লাগা কিংবা ভালোবাসার জায়গাগুলো। আর এই বদলে যাওয়ার হাওয়া কিন্তু বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতেও লেগেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক পরিবর্তন এসেছে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে। এখন শুধু পপ, কিংবা রক মিউজিকেই শ্রোতাদের ভালোবাসা থেমে নেই। হার্ড রক থেকে শুরু করে থ্রাস মেটাল সব ধারার জন্যই তৈরি হয়েছে আলাদা আলাদা শ্রোতা। আর থ্রাস মেটাল শ্রোতা তৈরিতে বাংলাদেশে যাঁদের অবদান অন্যতম, সেই ব্যান্ডটির নাম হচ্ছে পাওয়ার সার্জ। দেশের জনপ্রিয় থ্রাস মেটাল এই ব্যান্ড নিয়েই আমাদের আজকের এই আয়োজন।
পাওয়ার সার্জের জন্ম ২০০৬ সালের জানুয়ারিতে। সাইমুম হাসান নাহিয়ান ও সামিউল ইসলাম নামের দুই বন্ধু সিদ্ধান্ত নিলেন একটি থ্রাস মেটাল ব্যান্ড করবেন। জার্মানি ও আমেরিকান মিউজিক শুনেই মূলত এ রকম ইচ্ছা জাগে এই দুই তরুণের। তারপর আর থেমে থাকা নেই। মার্চেই ইচ্ছার পালে নতুন করে হাওয়া দিতে চলে আসেন আরেক বন্ধু জামশেদ চৌধুরী। আর সেই ২০০৬ সালেই প্রকাশ হয়ে যায় পাওয়ার সার্জের প্রথম গান ‘দুর্বোধ্য মনুষ্যত্ব’। সেই থেকেই পথ চলা শুরু। তখন থেকে এখন পর্যন্ত এই অসাধারণ ব্যান্ডটা এগিয়ে চলেছে নিরলসভাবে। তবে অর্জনের শুরুটা সেই তখন থেকেই।
২০০৬ সালে প্রথম গান মুক্তির পরই পাওয়ার সার্জ নামের এই ব্যান্ডটি পেয়ে যায় ‘গ্রামীণফোন ডি রকস্টার চ্যাম্পিয়ন ২’-এর খেতাব। শুধু বিচারক নয়, বরং সারা দেশের মানুষের কাছেই ব্যান্ডটি হয়ে যায় প্রতিযোগিতার মধ্যমণি। আর শ্রোতাদের এই ভালোবাসাকে আরও বাড়িয়ে দিতেই ২০০৮ সালে প্রকাশ হয় পাওয়ার সার্জের প্রথম অ্যালবাম অপ্রস্তুত যুদ্ধ। তারপর এক এক করে লাইভ পারফরম্যান্স, কনসার্ট, টিভি শো তো চলছেই।
অনেক কথাই তো বলা হলো, এখন বরং একনজরে এই ব্যান্ডের লাইনআপটা দেখে নেওয়া যাক। ভোকাল হিসেবে আছেন জামশেদ চৌধুরী, গিটারে আছেন নাহিয়ান, গিটারে আরও আছেন সামির হাফিজ, বেইজে আছেন কায়সার আহমেদ ও ড্রামসে আছেন আসিফ মাহমুদ। বর্তমান তরুণ প্রজন্মের এই ব্যান্ডের সদস্যরা তরুণদের ভালোবাসা নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চান দূর থেকে বহু দূরে।