এগিয়ে যেতে হবে সামনে, সূর্যোদয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাতাদের কলাম এটি। প্রতি আনন্দে একজন নির্মাতা বলবেন এই জগৎ নিয়ে তাঁর ভাবনার কথা
মাসুদ সেজান
মাসুদ সেজান

টিভি নাটকের আজ বড় দুঃসময়। একে বলা হচ্ছে ডিরেক্টরস মিডিয়া, কিন্তু অনেক পরিচালক আছেন, যাঁরা দৃশ্যমান সুতায় পুতুল খেলার নাচুনে পুতুল হয়ে যাচ্ছেন। চ্যানেলের কর্তৃত্ব গ্রহণ করে নিচ্ছে বিজ্ঞাপন এজেন্সি। শিল্প নয়, নাটক হয়ে যাচ্ছে চাল-ডাল-তেল-নুনের মতো যেকোনো পণ্য। পণ্যের তবু মান থাকে, মান অনুযায়ী দাম থাকে; এখানে ভালো বা মন্দের কোনো পার্থক্য নেই, খারাপকে তিরস্কার, ভালোকে অভিনন্দন জানানোর মতো কোনো বিচারক নেই।
এবার ঈদে আমার ওয়াও সুপারহিট নাটকের জন্য একটি গান লিখেছিলাম, ‘...প্রেম-প্রীতি ভালোবাসা হয়ে গেছে সেকেলে, জাদুঘরে ফিট, মেধাহীন বালকটি, ছলনার বালিকাটি ফেসবুকে হিট’। আমরা ফেসবুকের, ইউটিউবের কিছু স্টুপিড সস্তা জনপ্রিয়তার জ্বরে আক্রান্ত হয়ে নিরন্ত সংস্কৃতিচর্চার বিষয়টি ভুলতে বসেছি। ভালো গল্প নয়, যথাযথ নির্মাণ নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা নয়, কে কতটা চমক দেখাতে পারছি, কে কাকে কতভাবে দখলে নিতে পারছি, সেই নির্লজ্জ কিচিরমিচির বানরখেলায় আমরা মুখরিত।
ভাবছি, এই অবস্থায় নাটককে গুডবাই জানিয়ে আমি কোথায় যাব? আমার স্বপ্নের আরও এক ধাপ সামনে দাঁড়িয়ে আছে আমার চলচ্চিত্র। চলচ্চিত্র বিষয়ে আমার যেটুকু জ্ঞান, তাতে সেখানেও খুব একটা আশার আলো দেখতে পাচ্ছি না। চলচ্চিত্র আজ নানা ভাগে বিভক্ত—বাণিজ্যিক ছবি, বিকল্প ছবি, এফডিসির ছবি, শাকিব খানের ছবি, জাজের ছবি ইত্যাদি। এত বিভাজন দূর করে বিষয়টিকে ‘গুড ফিল্ম’ আর ‘ব্যাড ফিল্ম’-এর মধ্যে আনা গেলে, একটা ইতিবাচক সংগ্রামের ইচ্ছা আছে। দর্শক নির্ধারণ করবেন কোনটা তাঁদের ছবি।

এফডিসি ঘরানার যেকোনো একটি সিনেমা, সেটা যদি ‘কপি সিনেমা’ও হয়, কমপক্ষে ১০০টি হলের বুকিং নিয়ে তাদের যাত্রা শুরু করতে পারে। সেখানে আমাদের মৌলিক গল্পের মাটির ময়না, মনপুরা, জালালের গল্প, অজ্ঞাতনামা কিংবা আয়নাবাজিকে মাত্র দুই-তিনটি বড়জোর সাত বা দশটি হলের মধ্যে আটকে রাখা হচ্ছে কেন? ব্যবসা হবে না বলে? ওই সব সিনেমার ব্যবসা কি খুব জমজমাট? যদি তা-ই হয়, তাহলে সিনেমা হল কমতে কমতে আজ এত দৈন্যদশার মধ্যে এসে পড়ল কেন?

এসব হতাশা ব্যক্ত করার মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। বরং দুঃসময়কে জয় করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে; সূর্যোদয়ে। আত্মসমালোচনা করে আমাদের পরিশুদ্ধি আনতে হবে। আমাদের একমাত্র শক্তি আমাদের দর্শক। দর্শকের ভালোবাসা পাই বলেই এখনো নাটক নির্মাণ করছি। ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করতে চাই।